বাংলাদেশকে স্তব্ধ করার কথা ভেবে এখনো শিউরে ওঠেন বিনি

দিনটি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভুলবেন না কখনো। ২০১৪ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। তবু ১৭ জুন বাংলাদেশের সবাই টিভি পর্দায় প্রবল আগ্রহে ক্রিকেট দেখায় মন দিয়েছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। অভিষিক্ত তাসকিন আহমেদের ৫ উইকেটে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরেকটি জয়ের আশায় তখন সবাই। সে ম্যাচ বাংলাদেশ হেরে বসেছিল!
১০৬ রানের লক্ষ্যে নেমে যে একটুর জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল তাও নয়। রীতিমতো ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি-মাহমুদউল্লাহ সমৃদ্ধ পূর্ণ শক্তির বাংলাদেশ সামান্য ১০৬ রানের লক্ষ্যটা ছুঁতে পারেনি ভারতের ‘বি’ দলের বিপক্ষে। এক সুরেশ রায়না ছাড়া ভারতের নিয়মিত একাদশের কেউই যে সেবার বাংলাদেশ সফরে আসেননি। তবু বাংলাদেশ এক ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট বিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনো উইকেট না পাওয়া বিনি সেদিন ৪.৪ ওভারে ৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন বাংলাদেশের ৬ উইকেট। ভারতের ওয়ানডে ইতিহাসেরই সেরা বোলিং এটি। ওয়ানডেতে সবচেয়ে কম রান ও সবচেয়ে কম বলে অলআউট হওয়ার রেকর্ডটি বাংলাদেশ সেদিন নতুন করে বুঝে নিয়েছিল। এ ম্যাচ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা ভোলেন কীভাবে? বিনিও ভুলতে পারেন না। মাত্র ২৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা অর্জন তো তাঁর এটাই!
সেদিন বাংলাদেশ ম্যাচ জয়ের পথেই ছিল। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম দলকে ৪৪ রান পর্যন্ত টেনে নিয়েছিলেন। এরপরই বোলিংয়ে আসেন বিনি। প্রথমে মুশফিক, এরপর মিঠুনকে তুলে নেন। মাহমুদউল্লাহও বিনির প্রথম বলেই বিদায় নেন। অন্য প্রান্তে সাকিবও বিদায় নেন মোহিত শর্মার বলে। এর পর যা হলো তা বর্ণনা করা বেশ কঠিন। ৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট ৫৮ রানে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনাই সে যাত্রা ম্যাচটির ক্ষত কিছুটা ভুলিয়ে দিয়েছিল।
এখনো সে দিনের কথা ভেবে রোমাঞ্চ বোধ করেন। স্বপ্নের মতো সে বোলিংয়ের কথা ভেবে এখনো তাঁর শিউরে ওঠেন। স্পোর্টসক্রীড়ার সঙ্গে কথোপকথনে সে দিনের কথা জানালেন স্টুয়ার্ট বিনি, ‘সত্যি বলছি, এখনো সেদিনের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেয়। এর চেয়ে ভালো দিনের আশা করা যায় না। সেদিন আমাদের রান বেশি ছিল না এবং প্রথম বল থেকে চাপে ছিলাম। উইকেট খুব একটা খারাপ ছিল না কিন্তু বৃষ্টির কারণে বারবার খেলা থামাতে হয়েছিল। বারবার মাঠ ঢাকতে হয়েছিল। উইকেট কিছুটা আর্দ্র ছিল এবং সেটা আমার বোলিংয়ের সঙ্গে একদম মানিয়ে যায়। এর চেয়ে ভালো উইকেটের আশা করতেও পারি না আমি।’
বাংলাদেশের বিপক্ষে সেই অবিশ্বাস্য পারফরম্যান্সেও অবশ্য ক্যারিয়ার লম্বা হয়নি বিনির। এরপর আর ১১ ওয়ানডে খেলে পেয়েছিলেন মোটে ১৪ উইকেট।