বাংলাদেশকে হারাতে ভারতের অস্ত্র ছিল ‘সহজ’ পরিকল্পনা আর লক্ষ্মণের পরামর্শ

ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরাছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরটি যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে এখন অবস্থা এমন যে পঞ্চম হতে পারলেই খুশি রকিবুল হাসানের দল। আজ পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই। অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নামার পর কখনোই স্বচ্ছন্দ মনে হয়নি আরিফুল হক, ইফতিখার আহমেদ কিংবা আইচ মোল্লাদের। প্রথম থেকেই ভারতীয় পেসারদের চাপ সামাল দিতে পারেননি বাংলাদেশের যুবারা।

নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ ১৬তম ওভারের মধ্যে ৩৭ রান তুলতেই ৫ উইকেট হারায়, ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই চলে যায় ভারতের হাতে। অথচ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় এই ভারতকে হারিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ যুব দল।

বাংলাদেশকে হারাতে ভারতের পরিকল্পনাটা ছিল একেবারই সোজা—জায়গামতো বোলিং করে যাও, লাইনটা আঁটসাঁট রাখো, বাংলাদেশি ব্যাটসম্যানরা ফাঁদে পা দেবেই। ফাঁদে পা দিয়েই শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের এমন উদ্‌যাপন ছিল নিয়মিত
ছবি: টুইটার

ভারতীয় দলের বাঁহাতি পেসার রবি কুমার সেদিন শুরু থেকেই ভয়ংকর হয়ে উঠেছিলেন। ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলাটা পুরোপুরি ভারতের দিকে টেনে নেন ১৮ বছর বয়সী এই পেসার। শুরুর সেই ধাক্কা বাংলাদেশ সামলে উঠতে পারেনি কখনোই।

ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন রবি। তিনি জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা, ‘আমাদের পরিকল্পনা ছিল খুব সহজ—সঠিক লাইনে বোলিং করে যাও। প্রতিপক্ষ চাপ অনুভব করবেই। আমরা সেটিই করেছি। বাংলাদেশ চাপে পড়েছে।’ বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতে ভারত এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সেমিতে মাঠে নামার অপেক্ষায়।

ভারতীয় দলের অনুশীলনে কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ
ছবি: টুইটার

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলটা তাদের জাতীয় একাডেমিতেই তৈরি। একসময় এই একাডেমির প্রধান ছিলেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি এই ব্যাটসম্যান গত নভেম্বরে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর দ্রাবিড়ের অসমাপ্ত কাজের ভার এখন আরেক ‘গ্রেট’ ভিভিএস লক্ষ্মণের হাতে।

দলের অধিনায়ক যশ ঢুল মনে করেন, তাঁদের সেমিফাইনাল-যাত্রায় একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের পরামর্শ ও উপদেশ খুবই কাজে এসেছে, ‘আমাদের সমন্বয়টা খুব ভালো ছিল। গোটা দলই একসঙ্গে ভালো খেলেছে। কেউ একটু পিছিয়ে পড়লে তাকে সবাই মিলে সাহায্য করেছি। এটি জাতীয় একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ স্যারের পরিকল্পনা। আমরা সবাই কৃতজ্ঞ তাঁর প্রতি। তিনি সব সময়ই আমাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন, মাঠে যেটি আমাদের খুব কাজে আসে।’