বাংলাদেশকে হারানোর বুদ্ধি দিচ্ছেন ম্যাকগ্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লেন ম্যাকগ্রা। ফাইল ছবি
গ্লেন ম্যাকগ্রা। ফাইল ছবি

নাহ্‌, বাংলাদেশ বুঝি সত্যিই আর ছোট্টটি নেই। ‘বাচ্চা আব বাচ্চা নেহি রাহা!’ না হলে বাংলাদেশকে কীভাবে হারাতে হবে, সেই বুদ্ধি কিনা ভারতকে দিচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। শলা-পরামর্শটা যেন বাংলাদেশের চেয়ে যেন ভারতেরই বেশি দরকার!
এভাবে ভাবলে শ্লাঘা বোধ হয় বটে। তবে আসলে ব্যাপারটি অন্য রকম। সর্বকালের অন্যতম সেরা এই পেসারকে এমআরএফ পেস ফাউন্ডেশনের পরি​চালক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় বোর্ড। কাজও শুরু করে দিয়েছেন এই সাবেক অস্ট্রেলীয় পেসার। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তাঁর বাতচিত। ভারতের নুন যখন খাচ্ছেন, তাদের গুণই তো গাইবেন। তা ছাড়া ভারতীয় সাংবাদিকেরা তো আর ‘বাংলাদেশ কীভাবে জিততে পারে’ সেই দাওয়াই নিতে ম্যাকগ্রার কাছে যাবেন না।
তবে যা-ই হোক না কেন, ম্যাকগ্রা কিছু সদুপদেশ দিয়েছেন কোহলির দলকে। অন্যান্য সিরিজের সঙ্গে এই সিরিজের বিশেষ একটা পার্থক্য আছে। সাধারণত এক টেস্টের সিরিজ হয় না। নিকট অতীতে ব্যাপারটি খুবই বিরল। এ কারণে ভারতের মানসিক প্রস্তুতিটা অন্য রকম করতে হবে বলে মনে করেন ম্যাকগ্রা, ‘মাত্র একটাই টেস্ট। আর তাই ওরা আর সব একটা ম্যাচ যেভাবে খেলত, সেভাবেই খেলতে হবে। হয় কি, সিরিজে খেললে সব সময় আপনাকে পরের টেস্টটা নিয়েও মাথা ঘামাতে হয়। কিন্তু এখানে আপনাকে দ্বিতীয় বা ​তৃতীয় টেস্টটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না।’
টেস্টে যেহেতু ড্র করার সুযোগ থাকে, এ কারণে সিরিজগুলোর রণকৌশলে ম্যাচের সম্ভাব্য ফলটা গুরুত্ব পায়। কোন টেস্ট জয়ের জন্য খেলা হবে আর কোন টেস্ট ড্রয়ের জন্য মাটি কামড়ে থাকতে হবে—এসব সাজানো থাকে। কিন্তু এখানে সেই ব্যাপারটি নেই।
ফলে ভারতীয় দলকে সোজাভাবেই হিসেব কষতে বলছেন তিনি, ‘ভারতীয়দের অবশ্য একমাত্র টেস্টের জন্য নিজেদের প্রস্তুত এবং সেভাবেই পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। এটা স্রেফ আর একটা ম্যাচ, এর বেশি কিছু না।’
এক টেস্ট ও তিন ওয়ানডের এই সফরে ভার​তীয় দলে কোনো কোচ নেই। এর বদলে টিম ডিরেক্টর হয়ে এসেছেন রবি শাস্ত্রী। এটাও গোলমেলে লাগছে ম্যাকগ্রার। টিম ডিরেক্টর আবার কী? কোচই বা কী? যাহা বাহান্ন, তাহাই সোয়া বাহান্ন। ম্যাকগ্রা মনে করেন, শাস্ত্রীর পদ ও ভূমিকাটা আরও সুনির্দিষ্টভাবে বলে দেওয়া উচিত। পিটিআই।