বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডে পাকিস্তান

গত ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের। ইনিংস ব্যবধানে হারা সেই টেস্টটি মুমিনুলরা দ্রুত ভুলে যেতেই চাইবেন। সে টেস্ট কী করেনি পাকিস্তান। ওপরের সারির ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন, পেসাররা নিয়েছেন ঝুড়ি ভরে উইকেট। শেষ পর্যন্ত এক দারুণ হ্যাটট্রিকই করে ফেললেন তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ। ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ারই। আর সেই আত্মবিশ্বাসই করোনা বিরতির পর এবার ইংল্যান্ড সফরে কাজে লাগাতে চায় তারা।
আজ ইংল্যান্ডের পথে রওনা হওয়ার আগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং সহজ নয়। তবে সর্বশেষ সফরে আমরা ভালো করেছিলাম। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আমরা সর্বশেষ টেস্ট খেলেছি। ব্যাটসম্যানরা সেখানে সেঞ্চুরিও পেয়েছে। যা তাঁদের আত্মবিশ্বাস দিয়েছে। আমার বিশ্বাস সেই আত্মবিশ্বাস এখনো আছে। তাই ইংল্যান্ডে খালি হাতে যাচ্ছি না।’
ইংল্যান্ডে প্রথম ইনিংস স্কোর হবে যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানি অধিনায়কের বিশ্বাস, প্রথম ইনিংসে বড় রান করতে পারলে নিজেদের বোলিং আক্রমণ দিয়ে ইংল্যান্ডকে আঁটকে ফেলা সম্ভব। বড় দায়িত্বটা তাই ব্যাটসম্যানদের ওপরেই বর্তায়।
আর বাংলাদেশের গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেঞ্চুরি করেছিলেন ওপেনার শান মাসুদ ও বাবর আজম। আসাদ শফিক এবং হারিস সোহেলও রান পেয়েছিলেন।