বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

নকআউট পর্ব হলো চাপ সামলানোর জায়গা। কাল চাপটা বেশ ভালোই সামলেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা করেছে অসহায় আত্মসমর্পণ। কখনোই ভাবিনি বিশ্বের অন্যতম সেরা দুই দলের লড়াই এতটা একতরফা হবে। শ্রীলঙ্কা কি নিজেদের সেরাটা আগেই দিয়ে দিয়েছে? বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের এক দিন আগে আমার কিন্তু সে রকমই মনে হচ্ছে।
তবে একই কথা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মহেন্দ্র সিং ধোনির দল একটা দল হয়ে খেলছে। ওরা শ্রীলঙ্কার মতো এক-দুজনের ওপর নির্ভরশীল নয়। একজন কি দুজন খেলোয়াড়ের পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় জেতা যায় না। আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত অবশ্যই ফেবারিট কিন্তু তাই বলে ম্যাচটাকে হালকাভাবে নেওয়া চলবে না। ভারতকে মনে রাখতে হবে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে তারা হেরেছিল। তবে ওই হারের স্মৃতি নিয়ে পড়ে থাকলে চলবে না।
বাংলাদেশের হারানোর কিছু নেই। আর এটাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এত দূর আসার পর বাংলাদেশকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অবশ্যই অনেক গুণ বেড়ে গেছে। প্রতিপক্ষ দলগুলোও এখন বাংলাদেশকে প্রাপ্য সম্মান দিচ্ছে। তবে বাস্তবতা হলো ভারতকে হারাতে হলে বাংলাদেশকে তাদের সামর্থ্যের সেরা খেলাটাই খেলতে হবে।
ভারত প্রতি ম্যাচেই উন্নতি করেছে। খেলোয়াড়েরা নির্ভার হয়েই যার যার কাজ করে যাচ্ছে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর থেকেই ভারতের পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। ব্যাটসম্যানরা রানে আছে, বোলাররাও আছে ছন্দে। উদ্বেগ কিছু থাকলে সেটা রোহিত শর্মাকে নিয়েই। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে হলে ধাওয়ান, কোহলি, রাহানেদের সঙ্গে রোহিতকেও ভূমিকা রাখতে হবে। মিডল অর্ডারে সুরেশ রায়নাই মূল অস্ত্র। জিম্বাবুয়ে ম্যাচে ধোনিকে নিয়ে সে যেভাবে ম্যাচটা বের করে আনল সেটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বোলাররাও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়ায় টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলাটা কাজে দিয়েছে। দলটি যেভাবে খেলছে তাতে গতবারের সাফল্যের পুনরাবৃত্তি হতেই পারে।
আবার বাংলাদেশ প্রসঙ্গে আসি। দলটিতে এমন একঝাঁক ক্রিকেট-অন্তঃপ্রাণ ক্রিকেটার আছে। নিজেদের প্রতিভার সুবিচারও তারা করেছে। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাটা বাংলাদেশের ক্রিকেটের একটা মাইলফলক। টানা দুই সেঞ্চুরি করে প্রচারের আলোয় আসা মাহমুদউল্লাহও আছে দারুণ ছন্দে। প্রত্যাশার চাপ সামলানোর মতো অভিজ্ঞতা তাঁর আছে। মাঝে মাঝে চাপও সাহায্য করে, কারণ বড় মাপের খেলোয়াড়েরা চ্যালেঞ্জের মুখেই ভালো খেলে।
তামিম ইকবাল ও সৌম্য সরকারের মতো ব্যাটসম্যানরাও ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলতে পারে। চোখ থাকবে মুশফিকুর রহিমের ওপরও, কারণ সে দলের প্রয়োজন অনুযায়ীই ব্যাট করে। আমি অধিনায়ক হলে বাংলাদেশকে পূর্ণ সম্মানই দিতাম। নিজেদের দিনে অন্য যেকোনো দলের মতোই ভয়ংকর তারা।
সবশেষে অভিবাদন জানাই কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে। ওয়ানডেতে আর দেখা যাবে না তাদের। (পিচ সলিউশন)