বাংলাদেশকে হুমকি দিয়ে রাখা ক্রিকেটই খেলল ওমান

ইলিয়াস ও যতীন্দরের ব্যাটে চড়েই জিতে গেল ওমানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমান ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বল। দামিয়েন রভুর ফুলটসে ফাইন লেগে উড়িয়ে মেরেছিলেন ওমানের উদ্বোধনী ব্যাটসম্যান আকিব ইলিয়াস। ফাইন লেগে ফিল্ডার ক্যাচ নিলেন, কিন্তু ইলিয়াস আউট হলেন না। রভুর বলটা যে ছিলই ইলিয়াসের কোমরেরও বেশি উচ্চতায়। আঙুলটা আউটের সংকেতে উঁচু না করে বরং হাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিলেন—ফ্রি হিট পাচ্ছে ওমান!

ইনিংসে উইকেট পাওয়ার এতটুকুই কাছে যেতে পেরেছে পাপুয়া নিউগিনি!

ওই ফুলটসে এক রানও নিয়েছিলেন ইলিয়াস ও আরেক ওপেনার যতীন্দর সিং। ফ্রি-হিটে স্ট্রাইক পেলেন যতীন্দর, তাঁর রান তখন ছিল ৪৯। ফ্রি-হিটে লং অনে উড়িয়ে ছক্কা মেরে দিলেন যতীন্দর, তাঁর অর্ধশতক হলো। পাশাপাশি ইনিংসে শতরান পেরিয়ে গেল ওমানও!

পরে ইলিয়াসও অর্ধশতক পেয়েছেন। দুই ওপেনারের সৌজন্যেই পাপুয়া নিউগিনির ১২৯ রান তাড়া করে ওমান জিতে গেল ১০ উইকেটে। ওমানের দাপট আরও বেশি করে বোঝাবে এই সংখ্যাটা—৩৮ বল হাতে রেখেই জিতেছে ওমান!

৪২ বলে ৭৩ রান করেছেন যতীন্দর
ছবি: এএফপি

জয়ের পাশাপাশি নেট রান রেটে ওমানের বিশাল ব্যবধানে (+৩.১৩৫) এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য দুঃসংবাদই হয়ে আসবে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে জিততে তো হবেই, দ্বিতীয় পর্বে যাওয়া নিয়ে শঙ্কা না বাড়াতে বড় ব্যবধানেই জিততে হবে মাকসুদউল্লাহর দলকে। প্রথম রাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ওমানের বিপক্ষেই, আগামী মঙ্গলবার।

আল আমেরাতে আজ জয়ের বন্দরে স্বাগতিক ওমানের নোঙরটা ফেলেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইলিয়াস ও যতীন্দর, তবে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে গেছেন বোলাররাই, বিশেষ করে ২০ রানে ৪ উইকেট পাওয়া অধিনায়ক জিশান মাকসুদ। ১৫তম ওভারেই ৩ উইকেট নিয়েছেন মাকসুদ। ইনিংসের শুরু আর শেষে পথ হারিয়েছে পাপুয়া নিউগিনি।

প্রথমবার বিশ্বমঞ্চে আসা পাপুয়া নিউগিনিকে টস জিতে ব্যাটিংয়ে কেন পাঠিয়েছেন ওমান অধিনায়ক মাকসুদ, সেটি বুঝতে পাঁচ বলের বেশি লাগেনি। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই পাপুয়া নিউগিনির উদ্বোধনী ব্যাটসম্যান টনি উরা বোল্ড হয়ে গেলেন বিলাল খানের বলে।

পরের ওভারে তৃতীয় বলে আবার বোল্ড, এবারও ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল স্টাম্পে। এবার কলিমউল্লাহর বলে বোল্ড পাপুয়া নিউগিনির আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লেগা সিয়াকা। তখনো স্কোরবোর্ডে কোনো রান নেই!

অর্ধশতক করেছেন ইলিয়াসও
ছবি: এএফপি

কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর শুরু পাপুয়া নিউগিনির। ঘুরে দাঁড়ানোর ঢংটা দারুণই ছিল। তিনে নামা অধিনায়ক আসাদ ভালা শুরুতে একপ্রান্ত আগলে রাখছিলেন, চারে নামা চার্লস আমিনি নেমেই শুরু করলেন পাল্টা আক্রমণ। দেখে কে বলবে, প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দলটার স্কোরবোর্ড একটু আগেই দেখাচ্ছিল - ০ রানে ২ উইকেট!

জুটিতে এল ৮১ রান, তা-ও মাত্র ৬০ বলে! জুটিটার শেষও হলো পাপুয়া নিউগিনির জন্য কী অনাকাঙ্খিত ভাবে! এক রান নেওয়ার জায়গা ছিল না, কিন্তু এক রান হবে ভেবে নন-স্ট্রাইকার প্রান্ত থেকে দৌড় দিয়েছিলেন আমিনি। কিন্তু মোহাম্মদ নাদীমের দারুণ ফিল্ডিংয়ের শিকার হয়ে আমিনি রানআউট! ১২তম ওভারের তৃতীয় বলে আমিনি যখন ফিরছেন, তাঁর নামের পাশে ২৬ বলে ৩৭ রান। চার মেরেছেন ৪টি, ছক্কা ১টি।

এর তিন ওভার যেতে না যেতেই আরও বড় ধাক্কা খেল পাপুয়া নিউগিনি। দলকে ১০২ রানে রেখে আউট অধিনায়ক ভালা! আমিনির সঙ্গে জুটিতে শুরুতে দেখেশুনে খেললেও পরে রানের গতি বাড়িয়েছিলেন ভালা, অর্ধশতকও পেয়েছেন ৪০ বলে। শেষ পর্যন্ত কলিমউল্লাহর বলে যতীন্দর সিংয়ের ক্যাচ হয়ে ফিরেছেন ৪৩ বলে ৫৬ রান করে, চার মেরেছেন ৪টি, ছক্কা ৩টি।

আমিনি-ভালার জুটির প্রভাবটা স্পষ্ট হয়ে উঠবে এই তথ্যে যে, শুরুতে ধাক্কা খাওয়া ওমান পাওয়ার প্লে-র ছয় ওভারে যেখানে ২ উইকেট হারিয়ে করতে পেরেছিল ৪০ রান, তৃতীয় উইকেটে আমিন-ভালার সৌজন্যে ১৫ ওভার শেষে তাদের রান হলো ৪ উইকেটে ১১২! মাঝের ৯ ওভারে এসেছে ৭২ রান!

বাঁহাতি স্পিনে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া ওমান অধিনায়ক মাকসুদই হয়েছেন ম্যাচসেরা
ছবি: এএফপি

কিন্তু ১৬তম ওভারে এক জিশান মাকসুদের বাঁহাতি স্পিনের ধাক্কায় আবার ওলট-পালট পাপুয়া নিউগিনির ইনিংস। প্রথম বলে বোল্ড নরমান ভানুয়া, দুই বল পরে আউট পাঁচে নামা সেসে বাউ-ও। আমিন ও ভালার বাইরে পাপুয়া নিউগিনির ইনিংসে দুই অঙ্ক পেরোনো একমাত্র ব্যাটসম্যান বাউ-ই (১৩ রান)। ওভারের পঞ্চম বলে কিপলিন দরিগাকেও আউট করেন মাকসুদ। ওই এক ওভারেই পাপুয়া নিউগিনির ইনিংস এমন এলোমেলো হয়ে গেল যে, শেষ পর্যন্ত যে অলআউট হয়নি পাপুয়া নিউগিনি, ৯ উইকেটে ১২৯ রান নিয়ে ইনিংস শেষ করেছে, তা-ই বরং ‘অর্জন’ পাপুয়া নিউগিনির জন্য।

১৩০ রানের লক্ষ্য, পিচে তেমন কিছু নেই, খেলা হচ্ছে তাদের মাটিতে, পাপুয়া নিউগিনিরও বিশ্বমঞ্চে এটি প্রথম ম্যাচে ...ওমানের জন্য কাজটা খুব বেশি কঠিন ছিল না। শুধু যদি পাপুয়া নিউগিনি শুরুতে এক-দুটি উইকেট নিতে পারত, রানরেটে চাপ তৈরি করতে পারত, তাহলেই হয়তো ওমানের জয় কিছুটা শঙ্কায় পড়ত। কিন্তু ওমানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইলিয়াস ও যতীন্দর তা হতে দিলেন কই!

দুজন তো দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেনই, রান রেটেও কোনো চাপই তৈরি করতে দেননি পাপুয়া নিউগিনির বোলারদের। রান তাড়া করতে যে ১৩ ওভার ৪ বল লেগেছে ওমানের, তার মধ্যে তৃতীয় ওভারেই কোনো চার বা ছক্কা মারতে পারেননি ইলিয়াস-যতীন্দর। এর বাইরে প্রতি ওভারে অন্তত একটি চার বা ছক্কা এসেছে, তার পাশাপাশি দৌড়ে এক-দুই রান তো নিয়েছেনই! পাপুয়া নিউগিনির বোলারদের মধ্যে সবচেয়ে ‘কিপটে’ বোলিং তৃতীয় ওভারটি করা নোসাইনা পোকানার - ২ ওভারে দিয়েছেন ১৫ রান। পাপুয়া নিউগিনির হয়ে বল হাতে নেওয়া বাকি ছয় বোলারের মধ্যে শুধু লেগা সিয়াকাই ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন ৯-এর কম (ইকোনমি রেট ৮.৫০)।

ওমানের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে যতীন্দরই বেশি আগ্রাসী ছিলেন। প্রথম ৮ বলে ৫ রান করা যতীন্দর ইনিংসের পঞ্চম ওভারে নিজের ইনিংসের নবম বলে প্রথম চার মেরেছেন। তার আগেই তিনটি চার হাঁকিয়েছিলেন ইলিয়াস। কিন্তু ইনিংস শেষে ৪২ বলে ৭৩ রান করা যতীন্দরের নামের পাশে চার ৭টি, ছক্কা ৪টি। আর ইলিয়াস ৪৩ বলে ৫০ রান করার পথে চার মেরেছেন ৫টি, ছক্কা ১টি।