বাংলাদেশকে ৩৫০-এর মধ্যে আটকে দিতে চায় পাকিস্তান

লিটন আর মুশফিকের ব্যাটেই দিন শেষে এগিয়ে বাংলাদেশছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিটন দাস টেস্টে প্রথম সেঞ্চুরি পেয়েছেন, মুশফিকুর রহিম টেস্টে সপ্তম সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে দিন শেষ করেছেন। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৬৮.৪ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে এনে দিয়েছেন ২০৪ রান।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে যে এগিয়ে বাংলাদেশ, আর তার মূলে যে লিটন-মুশফিকের দারুণ ব্যাটিং, তা তো আর আলাদা করে বলতে হয় না। ম্যাচের পর দুই দলের যিনিই সংবাদমাধ্যমে কথা বলুন, এ দুজনের প্রশংসা থাকারই কথা। পাকিস্তানের পেসার হাসান আলীর কথায়ও ব্যতিক্রম হলো না।

আলোকস্বল্পতায় ৫ ওভার আগেই খেলা শেষ হতে দেখা দিন বাংলাদেশ শেষ করেছে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে। অথচ বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছিল প্রথম সেশনে, ৪৯ রানের মধ্যেই।

সেখান থেকে লিটন আর মুশফিকের দারুণ লড়াইয়ের প্রশংসায় হাসান আলী বললেন, তাঁদের কারণেই ম্যাচের নিয়ন্ত্রণটা পাকিস্তানের হাত থেকে ছুটে গেছে। বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যে আটকে দেওয়ার আশার কথাও বলেছেন হাসান আলী।

দিনের শুরুতে পাকিস্তান চার উইকেট তুলে নিলেও লিটন-মুশফিক শুরু করেন পাল্টা লড়াই
ছবি: প্রথম আলো

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর দুই টেস্টের সিরিজের প্রথমটির প্রথম দিনে আজ বাংলাদেশ কতটা কী করতে পারে, সেদিকে চোখ ছিল সবার। প্রথম সেশনে বাংলাদেশের দৈন্যতাই বেশি চোখে পড়েছিল। প্রথম তিন ব্যাটসম্যান—সাদমান, সাঈফ ও নাজমুল আউট হয়েছেন ঠিক ১৪ রান করে। এরপর ৬ রান করা মুমিনুল হকও ফিরে গেলে দলের রান অর্ধশতক পেরোনোর আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে লিটন ও মুশফিকের লড়াই শুরু। ৪ উইকেটে ৬৯ রান নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়া বাংলাদেশ পরের দুই সেশনে আর উইকেটের পতন দেখেনি। দ্বিতীয় সেশনে দুজন মিলে এনে দিয়েছেন আরও ১০২ রান। ততক্ষণে লিটন ও মুশফিক দুজনেরই অর্ধশতক হয়ে গেছে।

আর ৫ ওভার আগে শেষ দেখা তৃতীয় সেশনে এল ৮২ রান। লিটন ততক্ষণে শতকের দেখা পেয়ে গেছেন, তবে তাঁকে দেখে হাতে ও পায়ে টান লেগেছে বলে মনে হচ্ছিল। মুশফিক অন্য প্রান্তে আছেন সেঞ্চুরির অপেক্ষায়।

ঝুঁকিপূর্ণ রানেই সেঞ্চুরি পূর্ণ হয় লিটনের
ছবি: প্রথম আলো

কাল দ্বিতীয় দিনে কী হবে, তা কাল দেখা যাবে। আপাতত আজ প্রথম দিনের বিশ্লেষণে হাসান আলীর কণ্ঠে প্রশংসা থাকল লিটন-মুশফিকের ব্যাটিংয়ের, ‘আমাদের পরিকল্পনাই ছিল যে আগে বোলিং পেলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করব। সে চেষ্টায় আমরা সাফল্যও পেয়েছিলাম। কিন্তু এরপর ওরা দুজন যেভাবে খেলেছে, আমাদের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে গেছে, সেটার প্রশংসা করতেই হবে। দুজন অসাধারণ দুটি ইনিংস খেলেছে।’

পরের দুই সেশনে বাংলাদেশের দাপটের পেছনে অবশ্য উইকেটেরও কৃতিত্ব দেখছেন হাসান আলী, ‘প্রথম সেশনের পর বল আরও ভালোভাবে ব্যাটে আসতে শুরু করে, আমরা এরপর আর জুটি ভাঙতে পারিনি। কিন্তু টেস্ট ক্রিকেট তো এ রকমই! সকালে শুরুতে যে-ই বোলিংয়ে যাই, চেষ্টা করব উইকেট নেওয়ার।’

দিন শেষে পাকিস্তানের ক্রিকেটারদের প্রশংসা পেলেন লিটন
ছবি: প্রথম আলো

তা উইকেটটা কেমন? হাসান আলী অবশ্য সাধারণ্যে জানা ধারণার স্বীকৃতিই দিলেন, ‘উইকেট ধীরগতির। এটা তো আমরা সবাই জানি যে এখানে পিচ ধীরগতির হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করে যেতে হবে, আশায় থাকতে হবে যাতে ব্যাটসম্যান ভুল করে। তাহলে আমাদের সুযোগ বাড়বে উইকেট নেওয়ার।’

উইকেট নেওয়ার পরিকল্পনা থেকেই জানা গেল, পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যে গুটিয়ে দেওয়ার। হাসান আলী তেমনটাই বলেন, ‘ওরা ভালো অবস্থায় আছে, দিন শেষ করেছে ২৫০ পেরিয়ে গিয়ে। ওরা দুজন যেভাবে খেলছে, এরপরও ওদের ৩৫০-এর মধ্যে আটকে দিতে পারলে সেটা অসাধারণ হবে। এখানে উইকেট যেরকম, আমাদের ব্যাটসম্যানদের দক্ষতা যেমন, তারা যেমন ভালো ফর্মে আছে, সব হিসাবে নিলে আশা করি আমরাও ভালো স্কোর করতে পারব।’