বাংলাদেশকে ৩৬০ রানের লক্ষ্য দিল ভারত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৯ রান তুলেছে ভারত। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও এমএস ধোনি। বাংলাদেশ এই ম্যাচ খেলছে তামিমকে ছাড়াই
১২৩-৪। ইনিংসের মাঝপথে এ-ই ছিল ভারত। যেন অঙ্ক শেখার আসর! সেখান থেকেই নামতা পড়ালেন লোকেশ রাহুল। এমএস ধোনিকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ। সাব্বিরের লেগ স্পিনে রাহুল যখন ফিরলেন, ততক্ষণে নামের পাশে ১০৮ রান। ধোনির সঙ্গে হলো ১৬৪ রানের জুটি। অথচ এর আগে ভারতের সর্বোচ্চ জুটিটাই ছিল ৪৫ রানের। রাহুল ফিরে গেলেও ধোনিকে টলানো যায়নি। ৭৮ বলে ১১৩ রান করে শেষে সাকিবের শিকার হয়েছেন। ।
শুধু স্কোর বা শেষের ২৫ ওভার দেখলে অবশ্য এই ম্যাচে বাংলাদেশের বোলারদের বীরত্বের গল্পটা জানা যাবে না। বাংলাদেশের পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায়ত্ব ছিল দেখার মতো। মাশরাফি-মোস্তাফিজের বোলিং জুটি ১০ ওভারে মাত্র ৩৪ রানে থামিয়ে রাখে ভারতকে। পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ ছিল না ভারতের! কোহলি-রোহিতরা তবু অষ্টম থেকে দশম ওভারে ৫ করে রানের গতি কিছুটা বাড়িয়ে নেন। না হলে প্রথম ৭ ওভারে তো রান ছিল মোটে ১৯! বাউন্ডারি মোটে দুটি—ভাবা যায়!
রুবেলের জোড়া আঘাত আর মোস্তাফিজ-সাইফউদ্দিনের একটি করে শিকার। ১০২ রান তুলতে ভারত ততক্ষণে শুধু বড় বড় নামগুলো হারিয়েই ফেলেনি, খরচ করে ফেলেছে ২২ ওভার। সেখান থেকেই লোকেশ রাহুল আর ধোনি ১২৮ বলে ঝড় তোলা এক জুটি গড়লেন। সেটাই ভারততে নিয়ে গেল বিশাল স্কোরের দিকে। শেষ ২৮ ওভারে ভারত তুলেছে ২৫৭ রান!
কার্ডিফের এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। টস পর্যন্ত হতে পারেনি। আজও টস করার পর বৃষ্টির হানা। ভারতের দুই ওপেনার মাত্র দুটি বল খেলার পরই সবাই মিলে সাজঘরে ফেরা। কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। এর পর অবশ্য ম্যাচ নির্বিঘ্নে এগোচ্ছে। অবশ্য ভারতের শুরুটা অন্তত নির্বিঘ্ন হতে দেয়নি বাংলাদেশ।
মেঘলা আকাশের সুবিধা নিতে মাশরাফি বিন মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করছেন অধিনায়ক নিজেই। নিজের প্রথম দুটি ওভারেই টানা মেডেন তুলে নেওয়া মাশরাফি ষষ্ঠ ওভারে ১০ রান দিয়ে ফেলেছিলেন। না হলে তাঁর প্রথম ৫ ওভারে ভারত তুলতে পেরেছিল মোটে ১৩। ৫ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে শিখর ধাওয়ানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন।
১০ ওভারের এই উজ্জ্বল শুরুর পর মোস্তাফিজকে সরিয়ে আক্রমণে সাইফউদ্দিন ও রুবেলকে এনেছেন মাশরাফি। ইনিংসের ১৪তম আর নিজের প্রথম ওভারে রোহিতকে প্লেড অন করেন রুবেল। শঙ্করকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচও বানিয়েছেন তিনি। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১০২। এর আগে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ৪৬ বলে ৪৭ করা কোহলি।
পঞ্চম উইকেটে শুরুর এই ধাক্কার আঁচ লাগতেই দিলেন না রাহুল ও ধোনি। রাহুল বাদে ভারতের প্রথম ৪ ব্যাটসম্যানের সম্মিলিত বাউন্ডারিই ছিল ৬টি। সেখানে রাহুল একা এক ডজন চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। ধোনি তো আরও মারকুটে মেজাজে। আবু জায়েদকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন, শতক ছুঁয়েছেন ৭৪ বলে। সব মিলে ৭ ছক্কা, ৮টি চার ।
আজ বাংলাদেশ নয়জন বোলার ব্যবহার করেছে। মাশরাফি যেমন পরে বোলিংয়েই এলেন না। ইতিহাস গড়া সেই ৫ উইকেটের পর আজ আবার একাদশে ফিরে বেদম মার খেলেন আবু জায়েদ। তবে বাংলাদেশের মূল চার পেসার ভালোই করেছেন। যদিও দুই স্পিনার সাকিব ও মিরাজ ১১ ওভার বোলিং করে ৯৮ রান দিয়েছেন, এটা দুশ্চিন্তার হবে।
দুই দল ১৪ জন খেলোয়াড় ব্যবহার করবে এই ম্যাচে। বাংলাদেশের হয়ে খেলবেন না তামিম ইকবাল। এই ম্যাচের হার-জিত কোনো ব্যাপারও নয়। প্রস্তুতিটাই আসল। তবে ভারতকে বাগে পেয়ে হারাতে পারলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপের মূল লড়াইটা শুরু করতে পারত।