বাংলাদেশকে 'অপমান' করে সমালোচনার মুখে স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

যা মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশ তো বটেই, নিরপেক্ষ ক্রিকেট সমর্থকেরাও ক্ষুব্ধ হবেন। বাংলাদেশ সফরে এসে শরীরের শক্তি অপচয় করতে চান না ডেল স্টেই​ন। এর চেয়ে ১০-২০ হাজার বল করার শক্তি সঞ্চয় করে রাখতে চান বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোর জন্য। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য সমালোচনা উসকে দিয়েছে। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযো​গের মাধ্যমগুলোতে নিন্দা করা হয়েছে স্টেইনের বলার ধরনকে। একপর্যায়ে তাঁকে উদ্দেশ করে​ একের পর এক টুইটের জবাবে স্টেইন গতকাল টুইট করেন, ‘আমার টুইটারের ফিড আজ বেশ মজাদার হয়ে উঠেছে দেখছি।’
উইজডেন ইন্ডিয়াকে একটা দেওয়া সাক্ষাৎ​কারের একটা অংশে দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার মন্তব্য করেন, বাংলাদেশে কোনো ম্যাচ খেলে বল অপচয় করার চেয়ে সেগুলো তিনি বড় সিরিজের জন্য জমিয়ে রাখতে চান। জিম্বাবুয়ের কথাও উল্লেখ করেন তিনি।

প্রথম ব্যাখ্যা দিয়ে করা স্টেইনের টুইট
প্রথম ব্যাখ্যা দিয়ে করা স্টেইনের টুইট

দক্ষিণ আফ্রিকা কখনোই বিশ্বকাপ জেতেনি। এবার বলা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা নিজেদের ইতিহাস সেরা দল নিয়ে এসেছে। এবারই সেরা সুযোগ। কিন্তু আবারও সেমিফাইনালে গিয়ে হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন। বিশ্বকাপ জেতা যেকোনো খেলোয়াড়েরই আজন্মলালিত স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য যেকোনো আত্মত্যাগে সব খেলোয়াড়ই প্রস্তুত থাকে।
আগামী বিশ্বকাপের সময় স্টেইনের বয়স হবে ৩৬। ওই বয়সে একজন ফাস্ট বোলারকে দক্ষিণ আফ্রিকা দলে রাখবে কিনা সেটি একটি প্রশ্ন। স্টেইন তাঁর বাহুর রসদ জমিয়ে রাখতে চাইতেই পারেন। কিন্তু সেই সাক্ষাৎ​কারে ব্যবহার করা ‘ওয়েস্ট’ বা ‘অপচয়’ শব্দটি নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। বাংলাদেশের বিপক্ষে বল করাকে কোন দৃষ্টিতে স্টেইনের কাছে অপচয় মনে হয়—এটি জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। এই প্রশ্নও তুলে দিয়েছেন কেউ কেউ, দেশকে নিয়ে যদি এতই ভাবেন, স্টেইন কেন গেলেন আইপিএলে খেলতে? সেখানে শক্তির​ খরচ বা অপচয় কি হয় না?

ব্যাখ্যা কাজে না দেওয়ায় আরও একটি টুইট করেন স্টেইন
ব্যাখ্যা কাজে না দেওয়ায় আরও একটি টুইট করেন স্টেইন


এ নিয়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম পোর্টাল ‘স্পোর্টস টুয়েন্টি ফোর’ আজ একটি খবর প্রকাশ করেছে। খবরের শিরোনাম: ‘টুইটার বিতর্কে স্টেইন’।
স্টেইন কাল প্রথমে একটি ব্যাখ্যা দিয়ে টুইট করেন, ‘সাম্প্রতিক এক সাক্ষাৎ​কারে আমি যা বলেছি তা কেউ কেউ ভুল বুঝেছেন....আপনারা আহত বোধ করে থাকলে ক্ষমা চাইছি। তবে দয়া করে সাক্ষাৎ​কারটি আবার পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। শান্তি বর্ষিত হোক।’ এই টুইট নিয়েও চলে যুক্তি-পাল্টা যুক্তি। সেখানে রওশন আলম নামের একজন স্টেইনকে উদ্দেশ করে বলেন, “আমি পুরো লেখাটি পড়েছি এবং আপনি যেটা আসলে বোঝাতে চেয়েছেন বুঝতে পেরেছি। কিন্তু ‘অপচয়’ শব্দটা অবশ্যই অপমানজনক।”
পরে স্টেইন বাংলাদেশ দলের সমর্থকদের উদ্দেশ করে আরেকটি টুইট করেন, ‘আপনারা একটা শব্দের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন। পুরো লেখাটি পড়ুন। এটা আপনাদের দল নিয়ে নয়, আমার ক্যারিয়ার নিয়ে।’