বাংলাদেশকে 'পাত্তা' দিচ্ছেন না শাস্ত্রী!

ফাইনাল। সেটিও এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপটিও এবার উপমহাদেশে হচ্ছে বলে এই ট্রফি মনস্তাত্ত্বিক একটি প্রভাব ফেলতে পারে। চেনা কন্ডিশনে ভারতের পাশাপাশি পাকিস্তান-শ্রীলঙ্কাও যদি বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়, বাংলাদেশই বা পিছিয়ে থাকবে কেন? আগামীকালকে জয় তাই শুধু এশিয়া কাপের জয় নয়, বিশ্বকাপের আগে বাকি দলগুলোকে একটি বার্তা পৌঁছে দেওয়ার উপলক্ষও।
খেলা মাঠে গড়ানোর আগে তাই যেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছে ভারত। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারত দলের পরিচালক রবি শাস্ত্রীর প্রায় প্রতিটি কথাতে রইল কথা দিয়ে প্রতিপক্ষকে পাত্তা না-দেওয়ার কৌশল।
টুর্নামেন্টের সেরা দুই দলই ফাইনালে খেলছে এটা মেনে নিয়েছেন শাস্ত্রী। টুর্নামেন্টে ভারতের প্রায় প্রতিটি ম্যাচেই অনায়াস জয় পেয়েছে ভারত। একমাত্র বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে যা একটু চাপে পড়েছিল। টুর্নামেন্টে বাংলাদেশ শুধু পেরেছে ভারতের ব্যাটিংয়ের পরীক্ষা নিতে। কিন্তু শাস্ত্রীর মুখে শোনা গেল অন্য সুর। বাংলাদেশ বাবদে একটি প্রশংসাসূচক শব্দ খরচেও যেন বড় কৃপণ তিনি, ‘ম্যাচটি ভালো ছিল। টুর্নামেন্টের শুরুতেই এ জয় ছিল গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ, আমরা চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমরা শেষদিকে ফিরে এসেছি। প্রতিটি ম্যাচই কঠিন ম্যাচ। আপনি কীভাবে ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য আনবেন সেটির ওপর নির্ভর করে ম্যাচের ফল। আমরা সেদিন দুর্দান্তভাবে সেটি করে দেখিয়েছি।’
এমনকি প্রতি ম্যাচে বাংলাদেশের দর্শকেরা যে গলা ফাটিয়ে দলকে সমর্থন দিচ্ছে, এটিও কাল ভারতের জন্য নাকি একদমই মাথা ব্যথার কারণ নয়। ভারতীয় দলের পরিচালক বললেন, ‘আমরা এ রকম দর্শকদের গর্জনের মধ্যে খেলে অভ্যস্ত। পুরো মাঠ প্রতিপক্ষকে সমর্থন দিলেও কী আসে যায়? এই পর্যায়ের খেলায় এসবে সবাই অভ্যস্ত। একে সুযোগ হিসেবেও নেওয়া যায়। এটি আপনার প্রতিজ্ঞা বাড়িয়ে দেবে, আপনি আরও দেখিয়ে দিতে চাইবেন আমরাও খেলতে পারি।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা এখন ভারত। বাংলাদেশ মাত্রই এগারো থেকে উঠে এসেছে দশে। এটাই ভারতকে এমন আত্মবিশ্বাসী করছে? শাস্ত্রী র্যাঙ্কিংয়ের বিষয়টি যেন এবার গুরুত্ব দিলেন বেশ, ‘আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করার পরেই শীর্ষে উঠে এসেছি। এটা লম্বা একটা প্রক্রিয়া, কিন্তু খুবই আনন্দদায়ী একটি যাত্রা ছিল। আশা করি ফাইনালেও আমরা এভাবেই খেলব।’