বাংলাদেশকেই কৃতিত্ব দিলেন টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যখন ড্রেসিং রুমে উৎসব করছে, জিম্বাবুয়ে দল তখন বাসে। পুরস্কার বিতরণ শেষ হওয়ার পর আর ওই ‘বধ্যভূমিতে’ বেশিক্ষণ থাকতে হয়তো মন চায়নি তাদের। গোটা দলের সঙ্গে সেই বাসে চেপে বসে আছেন ব্রেন্ডন টেলরও, ম্যাচ শেষে অধিনায়কের সংবাদ সম্মেলনে আসার বাধ্যবাধকতাও মনে নেই!
মনে নেই কিংবা ইচ্ছে করেই মুখোমুখি হতে চাননি সংবাদ সম্মেলনে। প্রশ্নগুলো তো জানাই। এমন হারের পর সেটা নিয়ে কথা বলতে কি আর ভালো লাগে! নিয়মের বাধ্যবাধকতায় তবু টেলরকে নেমে আসতে হলো বাস থেকে। মুখে রাজ্যের হতাশা নিয়ে জয়ের পুরো কৃতিত্ব দিলেন বাংলাদেশকে, ‘এই হার ব্যক্তিগতভাবেই যন্ত্রণাদায়ক, দল হিসেবেও হজম করা কঠিন। এমন হার মেনে নেওয়া কঠিন। তবে বাংলাদেশ ভালো খেলেই জিতেছে, তাদের পুরো কৃতিত্ব দিতেই হবে। আমাদের কাজ কঠিন করে তুলেছিল ওরাই। গত দুই টেস্টে ওরা প্রথমে ব্যাট করে ৪৫০, ৫০০ তুলে ফেলেছে। ওখান থেকে খেলায় ফেরা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু দিনের শেষে সেরা দলটিই জিতেছে।’
জয়ের আশা শেষ আগেই, শেষ দিনটি কোনো রকমে কাটিয়ে দিতে পারলে ধবলধোলাইয়ের বিব্রতকর অবস্থা এড়ানো যেত। সেই সম্ভাবনাও শেষ সাতসকালেই। সিরিজের সেরা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ‘আত্মহত্যা’ করলেন রিভার্স সুইপে, ফুলটসে উইকেট বিলিয়ে এলেন হাফ সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা। এরপর পরাজয় ছিল কেবল সময়ের অপেক্ষা। টেলর অবশ্য ওই দুজনকে কাঠগড়ায় দাঁড় করালেন না, ‘এর পরও তো আরও অনেকেই ছিল, কিন্তু কেউ পারেনি। আমি নিজেও না। গোটা সিরিজেই আমিসহ অনেকে পারফর্ম করতে পারিনি।’
একটা সময় যাদের হেসেখেলে হারিয়েছে জিম্বাবুয়ে, সেই দলের কাছেই এবার ধবলধোলাই হতে হলো। র্যাঙ্কিংয়েও নেমে যেতে হয়েছে তলানিতে, পয়েন্টের ব্যবধানও বেড়েছে অনেক। তবে ৩-০ বা র্যাঙ্কিং পয়েন্ট, দুই দলের মাঝে এতটা ব্যবধান মানতে নারাজ টেলর, ‘আমার মনে হয় নিজেদের কন্ডিশনে বাংলাদেশ আমাদের চেয়ে একটু ভালো দল। এই সিরিজে পার্থক্যটা গড়ে দিয়েছে আসলে স্পিন। ওদের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। আমরা ভালো খেলতে পারিনি, আমাদের স্পিনাররাও ভালো করতে পারেনি। প্রথম টেস্ট মাচটিই সিরিজের সুর বেঁধে দিয়েছে। তখন যদি আমরা ২০-৩০ রান বেশি করতে পারতাম, তাহলে হয়তো জিততাম। গোটা সিরিজই তখন অন্যরকম হতো।’