বাংলাদেশকেও গোলাপি হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া আজ মুখোমুখি হচ্ছে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে। খেলা হবে গোলাপি বলে। আগামী বছর বাংলাদেশ দলের ওপরও পড়তে পারে গোলাপি আভা। নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অব ক্রিকেট লিন্ডসে ক্রোকার আভাস দিয়েছেন আগামী বছর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের একটি টেস্ট হতে পারে দিবারাত্রির।
২০১৬ সালের ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সিরিজের একটা টেস্ট দিবারাত্রিতে আয়োজনের পরিকল্পনা আছে নিউজিল্যান্ডের। ক্রোকার মনে করছেন, নিউজিল্যান্ডের মাটিতে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার ওটাই উপযুক্ত সময়, ‘ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলাটাই (গোলাপি বলে টেস্ট) সবচেয়ে ভালো বলে মনে করছি আমরা। তবে এটা নিয়ে তাদের (বিসিবি) সঙ্গে এখনো আলোচনা হয়নি।’ তার আগে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্লাঙ্কেট শিল্ডটা পরীক্ষামূলকভাবে গোলাপি বলে খেলানোর পরিকল্পনা তাদের। প্লাঙ্কেট শিল্ডের খেলাগুলো হবে অকল্যান্ড, হ্যামিল্টন ও নেপিয়ারে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেও জানা গেল, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলার চিন্তাটা এখনো শুধুই নিউজিল্যান্ডের, ‘আমরা এ ধরনের কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে সেটা প্রথমে যাবে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে। যেহেতু এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, কোচ এবং ক্রিকেট পরিচালনা বিভাগ মিলে একটা সিদ্ধান্ত নেবে। পরে তা বোর্ডেও আলোচনা করতে হবে।’