বাংলাদেশি ব্যাটসম্যানদের কীভাবে বধ করছেন, ফাঁস করলেন

>নিল ওয়াগনারের তিন ইনিংসে ১১ উইকেট হয়ে গেছে। তাঁর বাউন্সারের কোনো জবাব পাচ্ছেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা। কেবল বাউন্সার দিয়েই কাঁপিয়ে দিচ্ছেন কীভাবে? ওয়াগনারের জবাব, ‘ওদের পায়ের কাজ নিয়ে সন্দেহ জাগাতে হবে, ওদের ভাবাতে হবে।’
নিল ওয়াগনারকে নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন দেখার কথা। ২০১৭ সালে এই পেসারের বাউন্সার ও শর্ট বলের সামনে কাবু হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ দল। শরীর তাক করে ফণা তোলা বাউন্সারগুলো সামলাতে না পেরেই প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে টেস্ট হারার বিশ্ব রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে এসেও ওয়াগনার বদলাননি। বাংলাদেশের ব্যাটসম্যানদের সামলাতে শর্ট বলই বেছে নিয়েছেন। কারণ, নিউজিল্যান্ড দল যে তাঁকে এ দায়িত্বটাই দিয়েছে।
ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ২১১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহটা আরও অনেক বড় হতে পারত। ১ উইকেটে ১১৯ রান তুলেছিল দল। কিন্তু ৯২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। কৃতিত্ব ওয়াগনারই পাচ্ছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে বহু পরীক্ষিত শর্ট বল ব্যবহার করে ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। ওয়াগনার জানাচ্ছেন এটা না করে উপায় ছিল না, ‘প্রথম ওভারে বল সামনে ফেলেছি, ১০ রান এসেছে। উইকেটে খুব একটা সুইং ছিল না, বল খুব যে বাতাসে সরছিল, তা-ও না। এর চেয়ে উইকেটে যে বাউন্স আছে তার সদ্ব্যবহার করাই ভালো। অনেক বাউন্স ছিল। আমার জন্য ওটাই ছিল একমাত্র উপায়, বাউন্সকে কাজে লাগাও আর একটা খোঁচা আদায় করা বা গ্লাভসে লাগানো।’
সেটা ভালোভাবেই করেছেন। প্রথম সেশনটা বাংলাদেশের হয়ে যাচ্ছিল পুরোপুরি। যখন বোলিংয়ে এসেছেন, তখন বাংলাদেশের রান ১ উইকেটে ১০৪। এরপর তাঁর আঘাত। মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন শর্ট বল ও বাউন্সারে। তবে বাংলাদেশের মূল সর্বনাশ হয়েছে মধ্যাহ্নবিরতির পর। তাঁর শর্ট বলে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তামিম ইকবাল (৭৪)। একটু পরই মাহমুদউল্লাহও (১৩) বিদায় নিয়েছেন স্টিয়ার করতে গিয়ে। ৪৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পথ হারাল বাংলাদেশ। টানা শর্ট বলের ১৩ ওভারের স্পেলে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ওয়াগনার।
এমন স্পেল করেও সমালোচনা শুনতে হয় ওয়াগনারকে। কারণ এভাবে শরীর তাক করে করা বলে আহত হতে পারেন ব্যাটসম্যান। গত সফরেই ওয়েলিংটনে মাথা ও গ্লাভসে বল লেগে আহত হয়েছিলেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। এবার এখনো তেমন কিছু হয়নি। হলেও অবশ্য ওয়াগনারের তা নিয়ে মাথাব্যথা নেই, ‘সত্যি বলতে সমালোচনাকে পাত্তা দিই না। এ নিয়ে বেশি ভাবি না। এ দলে আমার একটা ভূমিকা আছে আর দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ। আমাকে যা করতে বলা হবে, সামর্থ্যের সেরা দিয়ে সেটা করার চেষ্টা করি।’
তাঁর বলে ব্যাটসম্যানের রক্ত ঝরার আশঙ্কা থাকে। তবে আজ বোলিংয়ের আগেই রক্ত ঝরেছে ওয়াগনারের। ফিল্ডিং করার সময় ডাইভ দেওয়ায় ডান হাতের মধ্যমা ফেটে গিয়ে রক্ত ঝরেছে। সার্জিকাল গ্লু ব্যবহার করে মাঠে নেমেছেন সঙ্গে সঙ্গেই। সেলাইয়ের ঝামেলায় যেতে চাননি, ‘ভালোই ব্যথা ছিল কিন্তু এটা সহ্য করতেই হবে। একটু অস্বস্তি তো আছেই। সেলাই করতে চাইলে আমাকে হাসপাতালে যেতে হতো, ইনজেকশন নিতে হতো। এতে অনেক সময় নষ্ট হতো। আমি যেন দ্রুত নেমে বল করতে পারি, সেটা নিশ্চিত করতেই আমরা গ্লু ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করতে অবশ্য তাঁর বাঁ-হাতই যথেষ্ট, তা প্রমাণ হয়েছে। প্রথম ওভারে একটু বেশি রান দিলেও আশাহত হননি, ‘রান দেওয়া মানে কিন্তু উইকেট পাওয়ারও সুযোগ সৃষ্টি হয়। তবে খুব বেশি রান দেওয়া যায় না। আবার একই সঙ্গে ধৈর্য ধরে নিয়ন্ত্রিত বল করে সুযোগ সৃষ্টি করতে হবে। ওদের পায়ের কাজ নিয়ে সন্দেহ জাগাতে হবে, ওদের ভাবাতে হবে। ওরা যদি বসে যেতে চায় কিংবা মারতে চায়, তখনই বুঝবেন আপনার সুযোগ আছে (উইকেট পাওয়ার)।’
ওয়েলিংটন টেস্টের দুই দিন বৃষ্টির দখলে গেছে। তৃতীয় দিনের বেশ কিছুটাও গেছে। তবে ওয়াগনারের কথা সত্যি হলে এ ম্যাচে ফল দেখার আশা করা যাচ্ছে। কারণ ওয়াগনার বলছেন, এ উইকেট আরও কঠিন হবে ব্যাটিংয়ের জন্য। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় বলের মুভমেন্ট ও বাউন্স দুটোই বাড়তি পাওয়া গেছে। ওয়াগনার বলছেন এমনটা আগামীকালও দেখা যাবে, ‘পিচ যখন শুকাতে শুরু করে এটা আরও দ্রুত হয়। ব্যাটের কানায় লেগে বলও উইকেটের পেছনে বেশি যেতে শুরু করে। এ উইকেটে ব্যাপারটা দীর্ঘস্থায়ী হতে পারে। পুরো ব্যাপারই অবশ্য আবহাওয়া ও বাতাসের ওপর নির্ভর করছে।’