
অ্যান্ড্রু ফেকেটে, ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ ও’কিফ, জো বার্নস। চেনা যাচ্ছে নামগুলো? না-ই চিনতে পারেন। বিশ্ব ক্রিকেটে এখনো নিজেদের চেনানোর মতো কিছু করতে পারেননি তাঁরা। প্রথম দুজনের তো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। বয়স যতই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার বিচারে অস্ট্রেলিয়ান এই খেলোয়াড়েরা একেবারেই তরুণ। বাংলাদেশ সফরে যাঁদের ওপর আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সেই আস্থা রাখাটা আসলে যত না খুশিমনে, তার চেয়ে বেশি বাধ্য হয়ে। অ্যাশেজে ব্যর্থতার পর বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের অবসর এমনিতেই বিকল্প কমিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান নির্বাচকদের। এর সঙ্গে যোগ হয়েছে চোটের সমস্যা। বাংলাদেশ সফরে একেবারে নতুন চেহারার এক অস্ট্রেলিয়াকে দেখা যেতে পারে—এটা অনুমিতই ছিল। কাল ঘোষিত ১৫ জনের দলটা নতুন চেহারার বৈকি!
মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ক্রিস রজার্সরা অবসর নিয়েছেন। আগের ঘোষণামতো বিশ্রাম পেয়েছেন মিচেল জনসন ও জশ হ্যাজলউড। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে যে দলটা, তাদের মিলিত অভিজ্ঞতা তাই ২০৭ টেস্টের! সেটাও পেসার পিটার সিডলকে দলে রাখায়। ৩০ বছর বয়সী সিডল এ বছর একটাই টেস্ট খেলেছেন, ওভালে অ্যাশেজের শেষ টেস্ট। ওভালের আগে সর্বশেষ টেস্টটা খেলেছেন গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে। ওয়ার্নার না থাকায় ৩৬ ছুঁই-ছুঁই ভোজেসকে দেওয়া হয়েছে বাংলাদেশ সফরে সহ-অধিনায়কের দায়িত্ব।
চেনা মুখের মধ্যে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও উসমান খাজা। প্রত্যাবর্তন হচ্ছে আগে দুটি টেস্ট খেলা জো বার্নস ও একটি করে টেস্ট খেলা প্যাট কামিন্স ও স্টিভ ও’কিফেরও।
ম্যাক্সওয়েল-খাজাদের ফেরাটা অনুমিতই ছিল। সেই অর্থে বড় চমক বলা যায় অ্যান্ড্রু ফেকেটের ডাক পাওয়াটাকে। অভিষেকের অপেক্ষায় আছেন ডাক পাওয়া নতুন মুখ ক্যামেরন ব্যানক্রফটও। তাসমানিয়ার ৩০ বছর বয়সী ফাস্ট বোলার ফেকেটে গত মৌসুমে শেফিল্ড শিল্ডে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ উইকেট নিয়েছেন। সম্প্রতি ‘এ’ দলের হয়ে খেলে গেছেন ভারতেও। মাত্র দুই বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ফেকেটের কাছে সবকিছুই লাগছে স্বপ্নের মতো, ‘সবকিছুই ঝড়ের বেগে হচ্ছে। সুযোগ পেয়ে দারুণ লাগছে।’ ফেকেটেকে ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ বলেছেন, ‘ও হচ্ছে প্রথাগত ফাস্ট বোলারদের মতো, খুব সোজা বল করে। দেখার জন্য এত ভালো নয় ওর বোলিং, কিন্তু সে স্টাম্প সোজা বল করতে পারে।’
অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে কিছুদিন আগে ভারত সফর করে গেছেন ব্যানক্রফটও। ওই সফরেই ভারত ‘এ’ দলের বিপক্ষে তাঁর ১৫০ রানের ইনিংসটা নজর কেড়েছে নির্বাচকদের। সব মিলিয়ে গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৬ রান করেছেন ব্যানক্রফট।
১৫ জনের দলে ৭ জনেরই বয়স ২৬ বছরের নিচে। তবে তরুণদের জন্য এটাকে বড় সুযোগই মনে করছেন রডনি মার্শ, ‘পালাবদলটা এসব তরুণের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। ফেকেটে কিংবা ব্যানক্রফটের মতো খেলোয়াড়েরা এ সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করে নিতে পারে।’ তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল
টেস্ট অভিজ্ঞতার ক্রমানুসারে
পিটার সিডল (৫৭), নাথান লায়ন (৪৬), স্টিভেন স্মিথ (অধিনায়ক, ৩৩), মিচেল স্টার্ক (২২), শন মার্শ (১৫), উসমান খাজা (৯), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক, ৭), মিচেল মার্শ (৭), পিটার নেভিল (৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩), জো বার্নস (২), প্যাট কামিন্স (১), স্টিভেন ও’কিফি (১), ক্যামেরন ব্যানক্রফট (০), অ্যান্ড্রু ফেকেটে (০)।