বাংলাদেশে আসছেন 'নতুন' বয়কট

‘ঝনাৎ ঝন!’
বসার ঘর থেকে এমন শব্দ ভেসে আসতেই একটু ভ্রু কুঁচকালেন মিসেস হামিদ। তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ছোট্ট বসার ঘরে তখন চলছে মহাযজ্ঞ। সোফায় বসে আছেন ইসমাইল হামিদ। উল্টো দিকে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেকে একের পর এক বল করে যাচ্ছেন। ছেলের বাঁ দিকে টেলিভিশন, রুমের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভঙ্গুর জিনিসপত্র। কিন্তু বাবা-ছেলের সেদিকে খেয়ালই নেই। ছেলেকে একদিন যে টেস্ট খেলতে হবে!
ইসমাইল হামিদের সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন তাঁর ছোট ছেলে হাসিব হামিদ। আগামী মাসের শেষ দিকে চট্টগ্রাম কিংবা ঢাকা টেস্টের মূল একাদশে জায়গা পেলেই ষষ্ঠ ইংলিশ কিশোর হিসেবে টেস্ট অভিষেক হবে তাঁর।
প্রকৃতি রহস্য ভালোবাসে, না হলে টেস্ট অভিষেকের মুহূর্তে বাংলাদেশের নামটি জড়িয়ে যাবে কেন হাসিবের সঙ্গে! এই বাংলাদেশই তো বিরাট এক দুঃখ হয়ে এসেছিল তাঁর জন্য। এই বছরের শুরুতেই বাংলাদেশে আসার কথা ছিল হাসিবের। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইংল্যান্ড দলে তাঁর সুযোগ হয়নি। এটি ছিল তাঁর কাছে বড় একটা ধাক্কা, ‘ওটাই আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। ইংল্যান্ডের সব বয়সভিত্তিক দলে খেলার পর শুধু ওটাই তো বাকি ছিল। তাই শেষ ধাপটি পেরোতে না পেরে কষ্ট লেগেছে খুব। তবে এটাই আমাকে আরও পরিশ্রম করতে অনুপ্রেরণা জুগিয়েছে।’
হাসিব পরিশ্রম করেছেনও। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে চারটি সেঞ্চুরিসহ ৫২.৪৫ গড়ে ১ হাজার ১৫৪ রান করেছেন। ধুম-ধাড়াক্কা ক্রিকেটের যুগেও ব্যাকরণ মেনে ব্যাটিং করেন। তাঁর ব্যাটিংয়ের ধরনের সঙ্গে অনেকেই খুঁজে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি জিওফ বয়কটের মিল। এর পেছনে বাবারই বড় অবদান দেখেন হাসিব, ‘এটা আসলেই মজার, কারণ বয়কট ছিলেন বাবার রোল মডেলদের একজন। এ কারণেই হয়তো আমি এ রকম হয়েছি। আমার শারীরিক গঠনটাও এমন, বাকিদের মতো অত শক্তপোক্ত নই। আর তাই টাইমিং আর ধৈর্য নিয়ে ক্রিজে পড়ে থাকার দিকে মনোযোগ দিতে হয়েছে। তা ছাড়া ইংল্যান্ডের উত্তরে বেড়ে ওঠায়, সব সময়ই ভেজা আর ধীর উইকেটে খেলায় আমাকে বল ব্যাটে আসার জন্য অপেক্ষা করতে হয়েছে। এভাবে বেড়ে উঠেছি বলেই আমার ব্যাটিংয়ের ধরনটা ওই রকম।’
বাবা ইসমাইল নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন, পারেননি। পরে ভারতের গুজরাট থেকে বোল্টনে এসে থিতু হয়েছেন। তবে নিজের স্বপ্নটা ছেলেদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। সে স্বপ্নটা সবচেয়ে বেশি রং ছড়িয়েছে ছোট ছেলে হাসিবের মধ্যে, ‘আমাকে এমন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তখন বাবা বলতেন আমাকে অনূর্ধ্ব-১৯ বা প্রথম শ্রেণির জন্য নয় বরং টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করছেন তিনি।’
চার বছর বয়স থেকেই তো তৈরি হচ্ছেন হাসিব। বাসার সামনের বাগানে রাবারের বলে খেলে স্পিনে খেলা আয়ত্ত করেছেন। আর বসার ঘরে খেলে শিখেছেন বল কীভাবে মাটিতে রাখতে হয়, ‘আমাকে বল মাটিতে রেখে কেউ খেলতে বলেছে এমন নয়, আপনি যখন ঘরে খেলবেন আর দেয়ালে বিভিন্ন জিনিস থাকবে তখন ওভাবে খেলাটাই তো স্বাভাবিক!’ টেলিগ্রাফ, এএফপি।