বাংলাদেশে আসছেন 'বোল্টনের বয়কট'

দল ঘোষণার আগে থেকেই তিনি আলোচনায়। একে তো ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম, তার ওপরে বয়স। এর পাশাপাশি আছে হাসিব হামিদের ব্যাটিংয়ের ধরন। এই টি-টোয়েন্টির জমানায় জন্মেও ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান যেন বড্ড সেকেলে। এই ‘সেকেলে’ কিন্তু নেতিবাচক অর্থে নয় মোটেও। হাসিব যে ব্যাকরণ মেনে ব্যাটিং করেই এসেছেন আলোচনায়।
টেস্ট ক্রিকেটের ধরনটাই বদলে গেছে। বেশির ভাগ ম্যাচের ফল আসছে। এমনকি টেস্ট শেষ হয়ে যাচ্ছে চার দিনেও। ওভারে চার করে রান তোলা এখন খুবই স্বাভাবিক ঘটনা, অথচ স্টিভ ওয়াহ যেটিকে একসময় সাফল্য-সূত্র বানিয়েছিলেন। এমন এক যুগে জন্মেও ‘টিনএজ’ ব্যাটসম্যান হাসিব পেয়েছেন ‘বোল্টনের বয়কট’ নাম। ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি জিওফ বয়কটের সঙ্গে যে অনেকটাই মেলে তাঁর ব্যাটিংয়ের ধরন।
কিন্তু রান করতে হলে ধুম-ধাড়াক্কা খেলতেই হবে, কে বলেছে এমন কথা? এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫২.৪৫ গড়ে ১ হাজার ১৫৪ রান করেছেন। চারটি সেঞ্চুরিও আছে। ব্যাটিংয়ের এই ধারাবাহিকতার কারণেই ল্যাঙ্কাশায়ারের এই ব্যাটসম্যান জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরে। বয়স ১৯-এর মধ্যে থাকার সময়ই ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা ষষ্ঠ খেলোয়াড় হতে চলেছেন। আর হবেন সর্বকনিষ্ঠ ইংলিশ ওপেনার!
ভারতীয় বংশোদ্ভূত বাবা ইসমাইল নিজে ক্রিকেটার হতে চেয়েছিলেন। পারেননি। শেষে বোল্টনে এসে থিতু হয়েছেন। এখানেই জন্ম হাসিবের। বয়কটের সঙ্গে তুলনা প্রসঙ্গে বললেন, ‘এটা আসলেই মজার, কারণ বয়কট ছিলেন বাবার রোল মডেলদের একজন। এ কারণেই হয়তো আমিও ও রকম হয়েছি। তবে আমার শারীরিক গঠনটাই এমন, বাকিদের মতো অত শক্তপোক্ত নই। এ কারণেই আমাকে অনেক বেশি টাইমিং আর ধৈর্য নিয়ে ক্রিজে পড়ে থাকার দিকে মনোযোগ দিতে হয়েছে। তা ছাড়া ইংল্যান্ডের উত্তরে যদি আপনি বেড়ে ওঠেন, সব সময়ই ভেজা আর ধীর উইকেট, আমাকে বল ব্যাটে আসার জন্য অপেক্ষা করতে হয়েছে। এভাবে খেলে বেড়ে উঠেছি জন্যই আমার ব্যাটিংয়ের ধরনটা ওই রকম।’
শুধু তো ব্যাটিং টেকনিকের জন্য নয়; হাসিবের ওপর এই সফরে প্রত্যাশার চাপ এমনিতেও থাকবে। তাঁর জন্যও সফরটা বাড়তি চ্যালেঞ্জের হবে বাংলাদেশের বোলারদের জন্য। হাসিব নিজেও তা জানেন, ‘আমি নিশ্চিত টেস্ট বোলাররা আমাকে লক্ষ্যবস্তু বানাতে চাইবে। কিন্তু আমি একই নীতি নিয়েই ব্যাটিং করব। আমার হাতে যা আছে, আমি সেটাই করতে পারি। তা হলো মাঠে নেমে নিজের সেরাটা খেলা। এর মানে হলো আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’
বাংলাদেশে অবশ্য আরও আগেই আসার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে জায়গা পাননি। এ নিয়ে হতাশা ছিল। সেই হতাশা দারুণভাবে কাজে লাগিয়েছেন নিজেকে আরও শানিয়ে নিতে। এরই ফলাফল সবচেয়ে কম বয়সে ল্যাঙ্কাশায়ারের হয়ে এক হাজার রান করা মাইক আথারটনের রেকর্ডটা ভেঙে দেওয়া।
বাংলাদেশ সফরে আলাদা করে তাঁর দিকে চোখ রাখতেই হবে। সূত্র: এএফপি।