বাংলাদেশে আসতে চান জর্ডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস জর্ডান
ক্রিস জর্ডান

সফর শুরু হতে এখনো তিন সপ্তাহ বাকি আছে। কিন্তু বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বেশ আগেই। ক্রিকেটের চেয়েও যে এ সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে গেছে নিরাপত্তার বিষয়টি। তবে ক্রিস জর্ডান এসব নিয়ে একদমই ভাবছেন না। বাংলাদেশ সফর প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা অবস্থান, ‘যদি দলে থাকি, তবে অবশ্যই যাব আমি।’
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফর নিশ্চিত করেছে আগেই। তবে একই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে, কোনো ক্রিকেটারকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে চাপাচাপি করা হবে না। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও অলরাউন্ডার মঈন আলী জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সফরে তাঁরা থাকবেন। উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও সহকারী কোচ পল ফারব্রেস বলেছেন, বাংলাদেশে আসতে তাঁদের কোনো সমস্যা নেই। আবার ওয়ানডে অধিনায়ক এউইন মরগানসহ কেউ কেউ ভুগছেন সিদ্ধান্তহীনতায়।
তবে রেগ ডিকাসনের নেতৃত্বাধীন পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তাতেই জর্ডান সন্তুষ্ট। ইংলিশ এই অলরাউন্ডার যথেষ্ট মনে করছেন এটাকেই, ‘প্রয়োজনের তুলনায় বাড়তি নিরাপত্তা দেওয়ার কথাই বলেছে ওরা (বাংলাদেশ)। নিশ্চয় ওরা সর্বোচ্চ নিরাপত্তাটাই নিশ্চিত করবে।’
নিজে বাংলাদেশে আসতে আগ্রহী হলেও সতীর্থদের সিদ্ধান্তহীনতার বিষয়টি কিন্তু বোঝেন জর্ডান। সবকিছুকেই দেখছেন ইতিবাচকভাবে, ‘এটাই স্বাভাবিক (অন্যদের সিদ্ধান্ত নিতে না পারা প্রসঙ্গে)। এটা আদর্শ পরিবেশ না (সফরের জন্য)। কিন্তু আমার অতীতে যা হয়েছিল, সেটি তো আর বদলাতে পারি না।’ এএফপি।