বাংলাদেশে আসতে না পেরে হতাশ স্মিথও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকায় থাকার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কাল বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রস্তুতি উপলক্ষে মিরপুরে অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল স্টিভ স্মিথ, অ্যাডাম ভোজেসদের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পূর্বনির্ধারিত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া দল। গতকাল বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে দুই মাস অপেক্ষায় থাকার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজ দেখার আনন্দ থেকে বঞ্চিত হলো দর্শকেরা। সিরিজ স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ সফরই ছিল স্মিথের প্রথম পরীক্ষা। অজি অধিনায়ক নিজেও তাই উদ্গ্রীব ছিলেন বাংলাদেশ সফরের জন্য। কিন্তু অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তরের (ডিএফএটি) এক প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে যাওয়ার পরও বাংলাদেশে আপাতত সফর না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। এতে টেস্ট অধিনায়ক হিসেবে স্মিথের শুরুটাও পিছিয়ে গেছে। এ জন্য কিছুটা হতাশ হলেও বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ' এই সফরটা খুব ভালো একটি সুযোগ ছিল আমাদের জন্য। নতুন সব খেলোয়াড় নিয়ে প্রায় নতুন এক দল নিয়ে সফরটি করার কথা ছিল আমাদের। আমরা সবাই খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু বর্তমানে আমাদের জন্য বাংলাদেশ সফর নিরাপদ নয়। খেলোয়াড়দের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'

বাংলাদেশ সফর স্থগিতে হতাশ অস্ট্রেলিয়ান অধিনায়ক। ছবি: এএফপি
বাংলাদেশ সফর স্থগিতে হতাশ অস্ট্রেলিয়ান অধিনায়ক। ছবি: এএফপি



সফরটি বাতিল হওয়ায় বাংলাদেশের হতাশাও বুঝতে পারছেন স্মিথ। তাই খুব দ্রুতই এই সিরিজটি মাঠে গড়ানোর আশা করছেন তিনি।' বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তদের জন্য ব্যাপারটি (সিরিজ পেছানো) হতাশাজনক। আমি নিজেও তাঁদের সমব্যথী। তাঁরা সবাই বাংলাদেশে আমাদের খেলতে দেখতে চেয়েছিল। আশা করছি খুব শিগগিরই আমরা সেখানে গিয়ে খেলতে পারব।'

বাংলাদেশ সফর স্থগিত ঘোষণার পর এখন পরবর্তী সিরিজ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। নিজেদের মাটিতে আগামী মাসেই প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন তাঁরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সূত্র: এএফপি