বাংলাদেশে আসতে না-পেরে 'আক্ষেপ' হচ্ছে ম্যাক্সওয়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসতে না পারায় টেস্ট ক্যারিয়ার আবারও ঝুঁকির মধ্যে পড়ে গেছে ম্যাক্সওয়েলের। ফাইল ছবি
বাংলাদেশে আসতে না পারায় টেস্ট ক্যারিয়ার আবারও ঝুঁকির মধ্যে পড়ে গেছে ম্যাক্সওয়েলের। ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেই ৪ ইনিংসে তাঁর ৪১.৫০ গড়ে ১৬৬ রান। স্ট্রাইক রেট ১২৮.৬৮। অথচ সেই গ্লেন ম্যাক্সওয়েলই চলমান ঘরোয়া এক দিনের টুর্নামেন্টে ভিক্টোরিয়ার হয়ে রান পাচ্ছেন না! ৬ ম্যাচে ১৫.৬০ গড়ে মাত্র ৭৮ রান। একটি ইনিংসই আবার ৫১ রানের। মাঝে কী এমন হলো যে রান করাটা এমন কঠিন হয়ে গেল ম্যাক্সওয়েলের জন্য? 

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মনে করছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা স্থগিত হয়ে যাওয়াতেই সমস্যাটা হয়েছে। সেটা কীভাবে? সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স এবং প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসর ম্যাক্সওয়েলকে জায়গা এনে দিয়েছিল বাংলাদেশ সফরের ঘোষিত টেস্ট দলে। ওয়ানডে দলের অনিবার্য পছন্দ হলেও টেস্ট দলে একেবারেই অনিয়মিত ম্যাক্সওয়েল। সর্বশেষ খেলেছেন ২০১৩ সালের মার্চে ভারতের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়াটা তাই দারুণ এক আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল ম্যাক্সওয়েলের জন্য। যে রকম ছন্দে ছিলেন, আশা ছিল, রঙিন ফর্মটা সাদা পোশাকে টেনে এনে টেস্ট ক্যারিয়ার বাঁচিয়ে দেবেন। কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের জন্য নতুন করে দল দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের।
মানসিকভাবে যেটা বড় ধাক্কা হয়েই এসেছে ম্যাক্সওয়েলের জন্য, ‘দেশের হয়ে খেলার এবং এক ধাপ এগিয়ে যাওয়ায় একটা সুযোগ হাতছাড়া হওয়ায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরটি সম্ভবত অন্য কিছুর চেয়ে আমাকে মানসিকভাবেই বেশি প্রভাবিত করেছে।’
সেই প্রভাবটা যে নেতিবাচক ফল বয়ে এনেছে সেটিও জানালেন ম্যাক্সওয়েল, ‘ওই সিদ্ধান্তটা আমার জন্য খুব ভালো হয়ে আসেনি। আর সেটার ফল তো দেখাই যাচ্ছে।’
এখন সেই মানসিক ধাক্কা থেকে বেরিয়ে আসতে ম্যাক্সওয়েলের কত দিন লাগে, কে জানে! ক্রিকেট অস্ট্রেলিয়া।