বাংলাদেশে আসতে রাজি হতেন না পিটারসেন

ইংল্যান্ড দলে অনেক দিন ধরেই ব্রাত্য তিনি। আর কোনো দিন সুযোগ পাবেন, সেই সম্ভাবনাও নেই বললেই চলে। কেভিন পিটারসেনের মতামতেরও তাই দলে কোনো প্রভাব নেই। তারপরও বাংলাদেশ সফর নিয়ে পিটারসেন নিজের মতটা দিলেন। কী সেটা? এখন দলে থাকলে নাকি বাংলাদেশে সফরে আসতে রাজি হতেন না ‘সাবেক’ হয়ে যাওয়া এই ইংলিশ ব্যাটসম্যান।
কাল ওয়েলিংটন কলেজে নিজের দাতব্য সংস্থা আয়োজিত একটি আবাসিক ক্রিকেট ক্যাম্প পরিদর্শনে গিয়ে পিটারসেন বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ছয় সপ্তাহের সফরের জন্য বেছে নেওয়ার মতো দারুণ জায়গা নয়। তরুণ ওয়ানডে দলের খেলোয়াড়দের হয়তো বেশি সমস্যা নেই, কিন্তু টেস্ট দলের অপেক্ষাকৃত বয়স্ক সদস্যদের এ ব্যাপারে সমস্যা থাকতে পারে।’
সিনিয়র খেলোয়াড়দের ভাবনাটা কী রকম হতে পারে, সেটিও আন্দাজ করেছেন পিটারসেন, ‘টেস্ট দলের অনেক সদস্যদের বাচ্চাকাচ্চা আছে, আছে অন্যান্য পারিবারিক দায়িত্ব। তারা এখন হয়তো ভাবছে, কীভাবে আমি বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করব! পারিবারিক দায়িত্ববোধটাকেই তারা বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। আমি জানি অনেক সাংবাদিকও বাংলাদেশে যেতে চায় না।’
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের জায়গায় তিনি থাকলে এ সফরে আসতে রাজি হতেন না বলেও দাবি করলেন পিটারসেন, ‘অ্যালিস্টার কুকের জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত এটি। আমি হলে কি যেতে রাজি হতাম? না। কিন্তু আমি মনে করি, এই সফর থেকে একা কেউ নাম প্রত্যাহার করে নিতে পারবে না। একজন গেলে সবাইকেই যেতে হবে।’
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় ভারত সফর করছিল ইংল্যান্ড ক্রিকেট দল। পিটারসেন ছিলেন সে দলের অধিনায়ক। ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলসহ বেশ কয়েকটি স্থানে বন্দুকধারী সন্ত্রাসীরা হামলা চালালে বহু মানুষ হতাহত হয়। সে সময় ইংল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজ চলছিল। হামলার ঠিক পরপরই ওয়ানডে সিরিজ স্থগিত করে দেশে ফিরে যায় ইংল্যান্ড দল। পরে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল আবার ভারত ফিরবে কি না, এ নিয়ে শুরু হয় বিতর্ক। পিটারসেন সে সময় ভারতে ফিরে টেস্ট খেলার ব্যাপারেই নিজের মতামত দিয়েছিলেন। পরে অবশ্য স্টিভ হার্মিসন ও অ্যান্ড্রু ফ্লিনটফ ছাড়া প্রায় পরো শক্তির ইংল্যান্ড দলই টেস্ট সিরিজ খেলতে ভারতে ফিরেছিল।
আট বছর আগে নিজের সেই অবস্থান ভুল ছিল বলেই উপলব্ধি পিটারসেনের, ‘ এ জন্যই আমি বলি ওই সময় ইংল্যান্ডের অধিনায়কত্ব করার উপযুক্ত ব্যক্তি আমি ছিলাম না। আমি সে সময় অনেক খেলোয়াড়, যাদের বাচ্চা আছে, সংসার আছে, তাদের মানসিক অবস্থা বুঝতে পারিনি।’ সূত্র: ইএসপিএনক্রিকইনফো।