বাংলাদেশে আসার আগে আরও জর্জরিত অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথার ওপর একরাশ কালো মেঘ রেখেই বিদায় নিচ্ছেন ক্লার্ক। ছবি: এএফপি।
মাথার ওপর একরাশ কালো মেঘ রেখেই বিদায় নিচ্ছেন ক্লার্ক। ছবি: এএফপি।

একসঙ্গে কাজ করলে মতের অমিল হবে। গলা চড়বে। মুখের ঝগড়াটা শরীর পর্যন্ত গড়াতেও পারে। কিন্তু অস্ট্রেলিয়া দলে সেই মাত্রার কোন্দলের গুঞ্জন আগে সে রকম শোনা যায়নি। শোনা যাচ্ছে এবার। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে লিখেছে, দলের মধ্যে বিভেদের মাত্রা নাকি চরমে।
ব্র্যাড হাডিনকে বাদ দেওয়া, দলের নেতৃত্বের প্রতি নিরঙ্কুশ সমর্থন, দলের সঙ্গে ওয়াগদের (বউ-বান্ধবী) সফর করা, দলের দুই সিনিয়র খেলোয়াড়ের ওয়াগদের মধ্যে দীর্ঘ দিন ধরে চলে আসা বিবাদ—কত কথাই না উঠে আসছে এখন! এমনিতে ক্লার্ককে নিয়ে দলের মধ্যে দীর্ঘ দিন ধরে একটা অসন্তোষ ছিলই। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন না করে প্রেয়সীর কাছে চলে যাওয়া, গুরুত্বপূর্ণ সিরিজের আগে দল থেকে নিজেকে সরিয়ে নিয়ে তখনকার প্রেমিকা লারা বিঙ্গলকে সময় দেওয়া, রিকি পন্টিংয়ের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব, শেন ওয়াটসনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—এই টুকরো দৃশ্যগুলোও এখন জোড়া লেগে বড় একটা ক্যানভাসও তৈরি করছে।
এবারের সফরেও নাকি ক্লার্ক টিম বাসে ওঠেননি, এর বদলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে সময় দেননি, এর বদলে সময় দিয়েছেন স্ত্রী কাইলিকে। যে রাতে ক্লার্ক সরে যাওয়ার সিদ্ধান্ত নেন, সেই রাতে অনেকেই চমকে গিয়ে হোটেলের ‘বার’-এ ক্লার্ককে আবিষ্কার করেন। সতীর্থদের সঙ্গে বিয়ারের গ্লাসে গ্লাস যে ক্লার্ক খুব কমই ঠুকেছেন। অবশ্য সেই রাতেও শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গে তাঁর এই আড্ডাটিও শেষ পর্যন্ত সবচেয়ে কাছের বন্ধু শেন ওয়ার্নের সঙ্গে একান্ত আড্ডায় বদলে যায়।
সংবাদমাধ্যমে এসব খবর ছড়িয়ে পড়ার পর ক্লার্ক অবশ্য খুবই ক্ষুব্ধ। সব ধরনের বিবাদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিদায়ী অধিনায়ক বলেছেন, ‘আপনি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দলের মধ্যে অনুভূতির জায়গাটি সত্যিই অসাধারণ। কোনো ধরনের বিবাদ নেই আমাদের মধ্যে। আমার খেলা আর সব দলের মতোই এই দলটাও এককাট্টা।’
দলের সঙ্গে সেভাবে মেশেননি—এই অভিযোগের ব্যাপারে ক্লার্ক কখনোই সেভাবে কিছু বলেননি। বললেন না এবারও। তবে বুঝিয়ে দিলেন, প্রত্যেকেরই নেতৃত্বের নিজস্ব একটা ধরন থাকে। তিনি তাঁর মতো করে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কাছে কে কীভাবে নেতৃত্ব দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ, নিজেকে সে শতভাগ উজাড় করে দিচ্ছে কিনা। ক্লার্ক বলেছেন, ‘নিজের ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত আমি যেন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমার ভাঁড়ারে আর কিছুই বাকি নেই। নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে সেরাটাই করার চেষ্টা করেছি সব সময়।’
অ্যাশেজে আরও একটি টেস্ট বাকি আছে। ওই টেস্টে ক্লার্ক জয় দিয়েই শেষ করতে চাইবেন। জয় সব ধরনের সমস্যার অমোঘ ওষুধও। কিন্তু কক্ষপথে ফিরতে না পারলে বাংলাদেশ সফরে কঠিন পরীক্ষার সামনে পড়ে যাবে অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক, প্রায় নতুন একটা দল। যে দলে থাকবেন না রায়ান হ্যারিস, হাডিন, ওয়াটসন, ক্রিস রজার্সরা। সহ অধিনায়ক অস্ট্রেলিয়া দলে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেই পদ ডেভিড ওয়ার্নারকে দেওয়া ঠিক হবে কিনা—এ নিয়েও আছে দ্বিমত। এর সঙ্গে সুর কেটে যাওয়া একটা দলকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ।
অক্টোবরের অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা কৌতূহল নিয়ে তাকিয়ে দেখবে অনেকেই। সূত্র: এএফপি, সিডনি টেলিগ্রাফ, কুরিয়ার মেইল।