বাংলাদেশে আসার আগে ফর্মও ফেরালেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের স্মিথ। আত্মবিশ্বাসী, হাতে শাসনের চাবুক। ছবি: এএফপি।
আজকের স্মিথ। আত্মবিশ্বাসী, হাতে শাসনের চাবুক। ছবি: এএফপি।

৫, ৬, ৭, ৮। আগের চারটি ইনিংসের রান সংখ্যা। ব্যাট করছেন নাকি অঙ্ক শেখাচ্ছেন! মাঝখানে একটা প্রস্তুতি ম্যাচে মারলেন ডাকও! নামটা স্টিভেন স্মিথ বলেই চোখ কপালে উঠে যাচ্ছিল। এই স্মিথই তো আগের আট টেস্টে করেছেন ছয় সেঞ্চুরি!
ওভাল টেস্টেই অ্যাশেজ শেষ। এর পর অস্ট্রেলিয়ার টেস্ট বাংলাদেশ সফরে। সেই বাংলাদেশে আসার আগে ব্যাটের ধুলোটাও ঝেড়ে ফেললেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক। তাঁর ১৪৩ রানের ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৮১ রান তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে ২ উইকেট হারিয়ে ৫০ তুলেছে ইংল্যা​ন্ড। অস্ট্রেলিয়া বোধ হয় একটু দেরিতেই জ্বলে উঠল!
বাংলাদেশ সফর অবশ্য এখনো দুই মাসের মতো বাকি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। তবে যেভাবে রানের জন্য হাঁসফাঁস করছিলেন, স্মিথকে এই সেঞ্চুরি বাড়তি স্বস্তি দেবেই। বাংলাদেশ সফরেই পূর্ণ অধিনায়ক হিসেবে অভিষেক হবে এই ২৬ বছর বয়সীর।
৯ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা এই দলের কারও নেই। ২০১৩ সালের ভারত সফরে দুই ম্যাচে উপমহাদেশে টেস্ট খেলার স্বাদ পেয়েছিলেন স্মিথ। চার ইনিংসে ১৬১ রান করেছেন, একটি ফিফটি। চারবারের তিনবারই বাঁ হাতি স্পিনারদের বলে আউট হয়েছিলেন। বাঁ হাতি স্পিনারদের স্বর্গরাজ্য বাংলাদেশের রণকৌশলে বিষয়টি নিশ্চয়ই ভালো গুরুত্ব পাবে। এ ছাড়া গত অক্টোবরে দুবাই আর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে চার ইনিংসে ১৭৪ রান করেন। চারবারই তাঁকে আউট করেছেন ইয়াসির শাহ নয়তো জুলফিকার বাবর। লেগ ​স্টাম্পের বাইরে ফেলা স্পিনে স্মিথের দুর্বলতা বেশ স্পষ্ট।
অবশ্য গত ডিসেম্বর থেকে রানের বন্যা ছুটছে স্মিথের ব্যাটে। ভারতের বিপক্ষে টানা চার টেস্টে সেঞ্চুরি করেন। এর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি না পেলেও পরের টেস্টে ১৯৯ রান করে আউট হন। এক রানের জন্য ডাবল সেঞ্চুরি ছুঁতে না-পারার সেই দুঃখ স্মিথ মুছেছেন অ্যাশেজের দ্বিতীয় টেস্টে। তাঁর ২১৫ রানের ইনিংসটি ছিল প্রায় এক দশক পর বিদেশের মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি। ডিসেম্বর থেকে ১১ টেস্টে সাতটি সেঞ্চুরি করেছেন ৯১.৭৬ গড়ে।
স্মিথের ফর্ম বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হবে, নাকি বাঁ হাতি স্পিনের বিপক্ষে তাঁর দুর্বলতা অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা—সেটা বলে দেবে সময়ই।