বাংলাদেশে খুশি ওয়ালশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টনি ওয়ালশ
কোর্টনি ওয়ালশ

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাংলাদেশ দলের দ্বিতীয় অংশও কাল উড়াল দিয়েছে অস্ট্রেলিয়ায়। তবে এ দলেও ছিলেন না কোর্টনি ওয়ালশ। দলের পেস বোলিং কোচ গত সপ্তাহটা কাটিয়েছেন নিজভূমে। জ্যামাইকার ১২তম কোর্টনি ওয়ালশ পুরস্কারের রাতে অংশ নিয়েছেন গত বুধবার। সেখানেই কথা বলেছেন বাংলাদেশ-চ্যালেঞ্জ নিয়ে, জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।

এই কিংবদন্তির ভবিষ্যৎ নিয়েই কৌতূহল সবার। আপাতত বাংলাদেশের দায়িত্বে থাকলেও ভবিষ্যতে উইন্ডিজ দলের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন তিনি দেখেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার তিন বছরের চুক্তি, জানি না এরপর কী হবে। যেখানে আছি সেখানেই খুশি এবং সব সময় যা করতে পছন্দ করতাম, সেটার (ক্রিকেট) আশপাশে থাকতে পারছি এতে খুশি। যদি কখনো ওয়েস্ট ইন্ডিজ দলে কাজ করার সুযোগ হয়, তাহলে অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবব। তবে বর্তমানে আমি সেখানেই (বাংলাদেশে) থাকছি।’

ওয়ালশ কোচ হয়ে আসার পর এখনো চমক দেখাতে পারেননি বাংলাদেশের পেসাররা। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে স্পিনাররাই দলের মূল অস্ত্র ছিল। নিউজিল্যান্ড সিরিজটাই তাই ওয়ালশের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে। কোচ কিন্তু নিজের ছাত্রদের নিয়ে আশাবাদী, ‘অনেকেই বলে বাংলাদেশ স্পিননির্ভর দল এবং আমার যাওয়া ঠিক হয়নি। কিন্তু আমি এখানে এসেছি এবং কাজ করতে পারছি বলে খুশি। আমার ধারণা ওরা (বাংলাদেশি পেসাররা) সম্ভাবনা অনুযায়ী খেলতে শুরু করলে সাফল্য আসবে।’ জ্যামাইকা গ্লিনার।