বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলা পাকিস্তানি টেস্ট ক্রিকেটারের মৃত্যু

৪৫ বছর বয়সে চলে গেলেন মোহাম্মদ হোসেনছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ১৯৯৮ সালে ইনডিপেনডেনস কাপে পাকিস্তানের হয়ে খেলতে। এরপর খেলে গেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। পাকিস্তানি বাঁহাতি স্পিনার মোহাম্মদ হোসেনের নামটা তাই চেনা লাগতেই পারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সেই মোহাম্মদ হোসেন মাত্র ৪৫ বছর বয়সে আজ মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ নয় মোহাম্মদ হোসেনের। পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন মাত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩১টি ম্যাচ খেলে পেয়েছেন ৪৫৪ উইকেট, ৫৩ রানে ৭ উইকেট তাঁর ক্যারিয়ার–সেরা।

ঢাকার ঘরোয়া ক্রিকেটে এক সময় খেলেছেন মোহাম্মদ হোসেন
ছবি: পিসিবি

১৯৯৬ সালে ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক তাঁর। এরপর আর একটাই টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে। ওয়ানডে অভিষেক ভারতের মাটিতে, মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯৭ সালে। ভারতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্টটি। সে বছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে খেলেছেন জীবনের শেষ ওয়ানডে ম্যাচটি।

দেশের হয়ে বল হাতে খুব বড় কিছু করতে না পারলেও একটা বিতর্কিত ঘটনায় জড়িয়ে আছে মোহাম্মদ হোসেনের নাম। কানাডার টরন্টোতে ১৯৯৭ সাহারা কাপে ভারতের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ঢুকে এক দর্শককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন ইনজামাম-উল-হক। সেদিন ইনজামামকে পেটানোর সেই ব্যাটটি দিয়েছিলেন ওই ম্যাচে পাকিস্তানের দ্বাদশ খেলোয়াড় হোসেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন লাহোর, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, সুই গ্যাস করপোরেশন ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের হয়ে।