বাংলাদেশে চ্যালেঞ্জই দেখছেন স্মিথ

২০০৬ থেকে ২০১১। অস্ট্রেলিয়ার সর্বশেষ সফর আর এবারের সফরের মাঝে কেটে গেছে ১১ বছর। এই সময়ে অস্ট্রেলিয়া বদলেছে, বদলেছে বাংলাদেশও। কাল স্টিভেন স্মিথের সংবাদ সম্মেলনেও তো ধরা পড়ল একটা পরিবর্তন! অস্ট্রেলিয়া অধিনায়ককে জিজ্ঞেস করা হলো, এই সিরিজের ফেবারিট কোন দল? ২০০৬ সালে রিকি পন্টিংকে এমন প্রশ্ন করার কথা ভাবাটাই কঠিন ছিল বৈকি!
আরও বড় পরিবর্তন হচ্ছে, প্রশ্নের উত্তরে স্মিথ অস্ট্রেলিয়াকে ফেবারিট বলতে পারলেন না। বড় দলের অধিনায়ক অনেক সময় বিনয়ী হয়ে নিজেদের ফেবারিট বলেন না। কিন্তু স্মিথ যে একতরফা ফেবারিট হিসেবে অস্ট্রেলিয়ার নামটা বললেন না, সেটির কারণ বিনয় নয়। নিজেই ব্যাখ্যা করলেন, ‘আমি কোনো ফেবারিট বেছে নেব না। কারণ বাংলাদেশ এখানে খুবই ভালো খেলে। আমার মনে হয় দুর্দান্ত একটা সিরিজ হবে।’
অস্ট্রেলিয়ায় থাকতেই বাংলাদেশকে সমীহ করার কথা অনেকবার বলেছেন স্মিথ ও তাঁর সতীর্থরা। ঢাকায় এসে প্রথম সংবাদ সম্মেলনেই বললেন আরেকবার, ‘আমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং সিরিজ হবে। বাংলাদেশ এখানে অসাধারণ ক্রিকেট খেলছে। খুব বেশি দিন হয়নি ওরা ইংল্যান্ডকে একটা টেস্টে হারিয়েছে। আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওই টেস্টটা জিতেছে মিরপুরে। যেখানে ২৭ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটা শুরু হবে। নিজেদের মাঠে বাংলাদেশের ফর্ম তো বটেই, এখানকার কন্ডিশনটাও অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই উপমহাদেশের মাটিতে টেস্টে খুব একটা সুখস্মৃতি নেই অস্ট্রেলিয়ার। গত ১০ বছরে উপমহাদেশে ২২টি টেস্ট খেলে মাত্র দুটি জিতেছে অস্ট্রেলিয়া। সেই দুই জয়ের সর্বশেষটি অবশ্য এ বছরের শুরুতে ভারত সফরে। তবে ভারত সফরের অভিজ্ঞতাটা এবার বাংলাদেশে কাজে লাগাতে চান স্মিথ, ‘উপমহাদেশের কন্ডিশন সব সময়ই আমাদের অচেনা। দেশে আমরা যে রকম উইকেট পাই, এখানে সব সময় তা পাই না। আশা করছি, সর্বশেষ ভারত সফরের শিক্ষাটা কাজে লাগাতে পারব। আমরা আশা করছি কিছুটা ওই রকম উইকেটই হবে, বলও একই রকম ঘুরবে।’
ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়েই উপমহাদেশে নিজেদের টেস্ট রেকর্ড কিছুটা ভালো করতে চান স্মিথ, ‘খারাপ রেকর্ডটা বদলে দেওয়ার এটাই আমাদের কাছে সুযোগ। আমি মনে করি, ভারতে আমরা ভালো করেছি। এখানে আমাদের সেই কাজটা আরেকটু ধারাবাহিকভাবে এবং লম্বা সময় ধরে করতে হবে।’
বাংলাদেশে খেলার জন্য ভারতের অভিজ্ঞতার দিকে ফিরে না তাকিয়ে অবশ্য উপায়ও নেই অস্ট্রেলিয়ার। ২০০৬ সালে দুই দল সর্বশেষ যখন মুখোমুখি হয়েছিল, এখনকার অস্ট্রেলিয়ার দলের কেউই ছিলেন না সেই দলে। স্মিথ নিজেই তো তখন কী করছিলেন মনে করতে পারলেন না, ‘আমার বয়স তখন ১৮। সম্ভবত তখন আমি নিজের পথ খুঁজছিলাম। আমার মনে হয় না, আমি নিউ সাউথ ওয়েলসের হয়ে তখনো খেলেছি। এটা অনেক আগের কথা। তারপর থেকে অনেক কিছুই বদলে গেছে।’
শুধু অস্ট্রেলিয়া নয়, তখনকার বাংলাদেশ দলের কেউ নেই বর্তমান দলেও। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বর্তমান দলের কারোরই একে অন্যের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই দল এত কম মুখোমুখি হয়েছে জেনে স্মিথ নিজেও অবাক, ‘গত ১৭ বছরে দুই দল মাত্র চারটি টেস্ট খেলেছে জেনে আমি একটু বিস্মিত। কিন্তু আমি তো আর সূচি ঠিক করি না। আমাকে যেখানে খেলতে বলা হয়, আমি সেখানে গিয়ে খেলি।’