বাংলাদেশে টেলরের 'স্বস্তি'

বয়স মাত্র ২০ বছর হতে পারে, কিন্তু বোধবুদ্ধিতে দেখা গেল অনেক পরিণত। তিন ভাই একসঙ্গে খেলছেন...কেমন লাগছে...এসব প্রসঙ্গ তুলতেই মুখটা গম্ভীর করে ওয়েলিংটন মাসাকাদজা বললেন, ‘আমার কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই।’
একটু পর ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন করতে যাবে জিম্বাবুয়ে দল। কাল দুপুরে ওয়েলিংটনের মতো দলের অনেকেই তখন হোটেল লবিতে। আশপাশে টিম ম্যানেজমেন্টের লোকজন ছিলেন। হয়তো সে কারণেই চেপে গেলেন জিম্বাবুয়ে দলে নবাগত এই তরুণ। নইলে হ্যামিল্টন-শিঙ্গি মাসাকাদজাদের কনিষ্ঠ ভ্রাতার তো অন্তত ভাইদের সঙ্গে খেলা নিয়ে চুপ থাকার কথা নয়!
ব্যাপারটা মাসাকাদজা পরিবারের জন্য কতটা আনন্দের, তা বোঝা গিয়েছিল গত বছরের এপ্রিলে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরেই। ওয়েলিংটন তখনো দলে আসেননি। কিন্তু সিঙ্গি-হ্যামিল্টন দুজনই আবেগের ঝাঁপি খুলে দিয়ে বলেছিলেন দুই ভাইয়ের একসঙ্গে জাতীয় দলে খেলা তাঁদের জন্য ভীষণ আনন্দের। দুই ভাইয়ের জায়গায় এবার তিন ভাই। আনন্দের মাত্রা তো বেড়ে যাওয়ার কথা কয়েক গুণ! বাঁহাতি স্পিনার ওয়েলিংটন তার পরও চুপ।
টেস্ট দলের অধিনায়ক ব্রেন্ডন টেলর। তার চেয়েও বড় কথা, বাংলাদেশটা তাঁর অনেক ভালো চেনা। চেনা এখানকার সাংবাদিকেরাও। টিম বাসের দিকে এগিয়ে যাওয়ার সময় কথা বলতে চাইলে তাই ‘না’ করলেন না। বাংলাদেশে জিম্বাবুয়ে দল সর্বশেষ টেস্ট খেলে গেছে ২০০৫ সালে এবং সেবারই বাংলাদেশ দল প্রথম টেস্ট সিরিজ জেতে। জিম্বাবুয়ের সেই দলের যে চার ক্রিকেটার এবারও দলে আছেন, টেলর তাঁদেরই একজন। ২০০৫-এর প্রসঙ্গ তুলতেই ফিরে গেলেন অতীতে, ‘মনে আছে চট্টগ্রামে প্রথম টেস্টটাতে আমরা হেরে যাই। এনামুলই হবে সম্ভবত...খুব ভালো বল করেছিল, ১০ উইকেট নিয়েছিল। আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল সে-ই। তবে ঢাকায় আমরা ভালোভাবে ফিরে এসে ড্র করেছিলাম।’
বাংলাদেশের সেই দল আর এই দলে যে অনেক পার্থক্য, সেটা জানেন টেলর। এই দলের তরুণ খেলোয়াড়েরা যেকোনো দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন, অজানা নয় সেটাও। টেলর এসব বলে-টলে জানিয়ে দিলেন নিজেদের শক্তির জায়গাটাও, ‘বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছে, এ রকম বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে। আশা করি, সেটা আমাদের কাজে লাগবে।’
সাম্প্রতিক সময়টা খারাপ যাওয়ায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন টলমল। জিম্বাবুয়ের পক্ষে যেতে পারে সেটাও। তবে টেলরের ভাবনাটা একটু অন্য রকমই, ‘তাদের ফর্ম কেমন যাচ্ছে, সেটা নিয়ে আমরা ভাবিত নই। আমরা জানি নিজেদের মাটিতে, বিশেষ করে ওয়ানডেতে তারা কতটা শক্তিশালী। তবে আশা করছি টেস্ট ম্যাচে আমরা তাদের চাপে ফেলতে পারব।’
গত আগস্টে হারারেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়াতে সেটা বড় সঞ্জীবনী হবে, সন্দেহ নেই। তা ছাড়া জিম্বাবুয়ের লক্ষ্যই হলো, এবার দেশের বাইরে ম্যাচ জেতা। এই লক্ষ্য পূরণে বাংলাদেশই তাঁদের জন্য সবচেয়ে ভালো জায়গা বলে মনে করেন টেলর, ‘আমাদের লক্ষ্য দেশের বাইরে ম্যাচ জেতা। অতীতে সেটা আমরা পারিনি। তবে দেশের বাইরে যেখানে আমরা সবচেয়ে বেশি স্বস্তি বোধ করি, এখন আমরা সেখানে এসেছি।’ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ যেকোনো দলের বিপক্ষেই ভয়ংকর হয়ে উঠতে পারে, সে কথাটা বারবারই বললেন টেলর। সঙ্গে অবশ্য প্রতিবার এটাও মনে করিয়ে দিলেন, ‘কাজটা কঠিন হবে, তবে আমাদের প্রস্তুতিও ভালো।’
সফরে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি টেস্ট ছাড়াও পাঁচটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে দল। এর আগে ফতুল্লা স্টেডিয়ামে আজ থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। কাল দুপুরে দলটা অনুশীলনও করল সে মাঠেই। ফতুল্লা যাওয়ার বাসে ওঠার আগে জিম্বাবুয়ে অধিনায়ক জানিয়ে দিলেন, লক্ষ্যটাকে এখনই খুব বেশি ছড়িয়ে না দিয়ে এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ মানে দুই দলের জন্যই মর্যাদার লড়াই। ‘গরিবের অ্যাশেজ’ও বলতে পারেন একে। ব্রেন্ডন টেলরের কথায়ও এটা পরিষ্কার, ‘দুই দলের জন্যই এটা মহাগুরুত্বপূর্ণ সিরিজ। আমরা এই সিরিজে আমাদের সেরাটাই দিতে চাই।’