বাংলাদেশে না আসা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সব দল প্রস্তুতি নিতে শুরু করেছে। ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় ভারতের মূল দল শ্রীলঙ্কায় যেতে পারছে না। তাই দ্বিতীয় একটি দল শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাবে। ওদিকে শ্রীলঙ্কাও এরই মধ্যে ইংল্যান্ডে এসে টি-টোয়েন্টি খেলছে।
অস্ট্রেলিয়া দলও সে উদ্দেশ্যেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করছে। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে খেলবে তারা। সে সঙ্গে দুই সফরে পাঁচটি করে ১০টি টি-টোয়েন্টি খেলার সূচি আছে অস্ট্রেলিয়ার। কিন্তু সে দল থেকে নাম কাটিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি দলের পরিচিত বেশ কয়েকটি মুখ।
এর আগে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো এই ক্রিকেটারদের পরে আইপিএল খেলতে চাওয়ার ব্যাপারে ইঙ্গিতে সতর্ক করে দিয়েছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর আজ বলেই দিলেন, এভাবে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ায় বিশ্বকাপ খেলার সম্ভাবনাও কমিয়ে ফেলেছেন তাঁরা।
২৮ জুন ক্যারিবীয় অঞ্চলে উড়াল দেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। জুলাইয়ে ক্যারিবীয় অঞ্চল ঘুরে বাংলাদেশে আগস্টের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সে দলে নেই ওয়ার্নার, স্মিথ, কামিন্স, ম্যাক্সওয়েল, স্টয়নিস, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস ও ঝাই রিচার্ডসনের মতো পরিচিত মুখগুলো।
সাবেক অধিনায়ক স্মিথ কনুইয়ে চোট পেয়েছেন। আইপিএল খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া স্যামস আগেই নির্বাচকদের কাছে তাঁকে না রাখার অনুরোধ করেছেন। বিশ্বকাপ ও অ্যাশেজের কথা মাথায় রেখে ওয়ার্নার ও কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রাখা হয়েছিল। কিন্তু বাদবাকি ক্রিকেটারদের সরে যাওয়ার কারণ হিসেবে জৈব সুরক্ষাবলয়ে থাকার ক্লান্তির কথা বলা হয়েছে।
বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করার কারণ হিসেবে বিশ্বকাপের ভেন্যু ভারত বা সম্ভাব্য ভেন্যু আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। আর এই মানিয়ে নেওয়ার দিকে ইঙ্গিত করেই সরে যাওয়া ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন ফিঞ্চ।
আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে অধিনায়ক সে বার্তাই দিয়েছেন। এই দুই সফরে না থাকা ক্রিকেটাররা বিশ্বকাপে ডাক না পাওয়ার শঙ্কার মধ্যে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ফিঞ্চ বলেছে, ‘হ্যাঁ খুবই সম্ভব। আপনাকে তো বর্তমান ফর্ম ধরেই এগোতে হবে। আর যারা ভালো খেলছে তাদেরই নিতে হবে।’
দেশের হয়ে যেকোনো সিরিজেই খেলতে না চাওয়াটা যে দলে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেটা জানিয়ে দিয়েছেন ফিঞ্চ, ‘আমার মতে, অস্ট্রেলিয়ার হয়ে খেলা এবং ভালো করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এ সফরে যারা যাচ্ছে, সুযোগ পেয়ে সেটা গ্রহণ করতে পারাটাই মূল লক্ষ্য তাদের। আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো পারফরম্যান্স করলে আপনি সেটা কখনোই এড়িয়ে যেতে পারবেন না।’
এর আগেও প্রাথমিক দল ঘোষণার সময় ফিঞ্চ নিজের মতামত জানিয়ে দিয়েছিলেন এ ব্যাপারে। দেশের হয়ে খেলাটাই তাঁর কাছে গুরুত্ব পায় সবচেয়ে বেশি। তাই আপাত-‘গুরুত্বহীন’ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে না থেকে পরে কেউ যদি স্থগিত হয়ে যাওয়া আইপিএল খেলতে চান, সেটা ব্যাখ্যাতীত বলেই মনে হয়েছিল ফিঞ্চের।
আজও ফিঞ্চের কথায় সে সুর টের পাওয়া গেছে। আর উপমহাদেশে বিশ্বকাপ হচ্ছে সে চিন্তা করেও এ দুই সফরে থাকাটা কত গুরুত্বপূর্ণ ছিল, সেটা বুঝিয়ে দিয়েছেন ফিঞ্চ, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ধরনের কন্ডিশনে খেলব, প্রায় তেমন কন্ডিশনেই খেলতে যাচ্ছি আমরা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে সেন্ট লুসিয়ার উইকেট অনেক ব্যবহৃত হয়েছে। আর ভারত বা সংযুক্ত আরব আমিরাত—বিশ্বকাপ যেখানেই হোক না কেন, বাংলাদেশের উইকেট তো সেখানকার উইকেটের মতোই।’
বিশ্বকাপের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করতে পারলে যে কেউ বিশ্বকাপের দলে ডাক পাবেন, সেটা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘এর ফলে, সবার সুযোগ থাকছে ভালো পারফরম্যান্স করে নিজেকে জানান দিতে, বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার।’
আইপিএলের পরিচিত বেশ কিছু মুখ ছাড়াও বেশ শক্তিশালী দল নিয়ে সফরে বের হচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের মতো তারকারা আছেন। সে সঙ্গে বিগ ব্যাশে ভালো করা অনেকেই ডাক পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ওয়েস অ্যাগার ডাক পেয়েছেন। তুলনামূলক অনভিজ্ঞ রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল সুইপসন ডাক পেয়েছেন।
তবে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানের ডাক পাওয়া চমক জাগিয়েছে। ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে।
ফিঞ্চের চোখে এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের বৈচিত্র্যের কথাই জানিয়ে দিচ্ছে সবাইকে, ‘আমার মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এটা খুবই ভালো দিক যে বিগ ব্যাশে যারা ভালো করছে এবং ঘরোয়াতে যারা ভালো করছে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। এতে বিশ্বকাপের আগে ১৫-২০ জনের একটা সাজানো স্কোয়াড পাওয়া যাবে। আমাদের যা আছে তাই নিয়ে এটা সামলাতে হবে, এটা বেশ রোমাঞ্চকর।’
সুযোগ পাওয়াদের মধ্যে আলাদা করে ক্রিস্টিয়ানের নামটাই নিয়েছেন ফিঞ্চ। তাঁর চোখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা পরিচিত এই ক্রিকেটার যোগ্যতাবলেই দলে এসেছেন এবং বিশ্বকাপে তাঁর মতো একজনকে পেলে অস্ট্রেলিয়ার জন্য ইতিবাচক খবর বলে মনে করেন ফিঞ্চ, ‘ক্রিস্টিয়ান খুবই বৈচিত্র্যপূর্ণ এক খেলোয়াড়। গত বিগ ব্যাশের শেষ দিকেই তার প্রভাব কেমন, সেটা টের পাওয়া গেছে। সে নেমে প্রথম বল থেকেই দ্রুত রান করেছে। ব্যাট হাতে ঝড় তুলতে পারে, বল হাতে বেশ কৌশলী, অভিজ্ঞ, চাপে ভাঙে না এবং দারুণ ফিল্ডার। ড্যান দুর্দান্ত এক ক্রিকেটার, অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বী এবং দলে থাকার জন্য দারুণ এক মানুষ। আমি তাকে ফিরতে দেখে খুবই খুশি।’