বাংলাদেশে প্রথম ‘পরীক্ষা’র প্রস্তুতি নিচ্ছেন সিলভারউড
শ্রীলঙ্কা ক্রিকেট দলের ‘রোগব্যাধি’ একদম অজানা নয় ক্রিস সিলভারউডের। ইংল্যান্ড দলের কোচ হিসেবে বছরখানেক আগেও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন সিলভারউড। ইংল্যান্ড কোচের চাকরি হারানোর পর গত মাসে শ্রীলঙ্কা কোচের দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। এ মাসে বাংলাদেশ সফর দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে নিজের মেয়াদ শুরু করবেন সিলভারউড। তার আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দল নিয়ে নিজের চিন্তাভাবনা জানালেন সিলভারউড।
বাংলাদেশ সফরের আগে এটাই প্রথম সংবাদ সম্মেলন শ্রীলঙ্কার নতুন এই কোচের। বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে। যেহেতু সামনে টেস্ট সিরিজ তাই সিলভারউডের কথাগুলো এই সংস্করণকে কেন্দ্র করেই হলো, ‘ব্যাটিংয়ে আরও শৃঙ্খলা ও ধৈর্য চাই। এর পাশাপাশি রান করার মানসিকতাও লাগবে। রান করাটাই আসল, ব্যাটিং অর্ডারকে সেটাই করতে হবে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের জোগান দেন, যেন তারা ইনিংস গড়ে বড় রান করতে পারে। অবশ্যই প্রথম ইনিংসে, বোলাররা তাতে লড়াইয়ের পুঁজি পাবে। এটা এমন কোনো জটিল ব্যাপার না।’
তবে পরিসংখ্যান কিন্তু বলছে, শ্রীলঙ্কা দলের সমস্যার সমাধান করা কোচদের জন্য বেশ জটিল কাজ। গত এক দশকে ১১ কোচ পাল্টেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সিলভারউড নিজের ইচ্ছা ও পরিকল্পনা জানালেন এভাবে, ‘গত কয়েক সপ্তাহ আমি পরিসংখ্যান নিয়ে ব্যস্ত ছিলাম। কীভাবে উন্নতি করা যায় এটা ছিল লক্ষ্য। একটা বিষয় হলো, রান করার মানসিকতা—ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস যোগাতে হবে যেন তারা ব্যাটিংয়ে নেমে আউট হওয়ার ভয় না পায়। তার মানে এই নয় যে অপরিণামদর্শী হতে হবে। যেটা বলতে চাচ্ছি, আমাদের বুদ্ধিমান হতে হবে। আমি চাই তারা যেন ইতিবাচক এবং সাহসী হয়। এই মানসিকতায় খেললে ডট বলের সংখ্যাও কমে আসবে।’
সামনে যেহেতু বাংলাদেশ সফর দিমুথ করুণারত্নের দল নিশ্চয়ই এ নিয়েই প্রস্তুতি সারছে। সিলভারউডের কথায়ও সে ইঙ্গিত মিলল, ‘অনুশীলনে আমি খেলোয়াড়দের সুনির্দিষ্ট হতে বলি। প্রতিপক্ষ কে সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। দল ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো অনুশীলন প্রয়োজন। প্রতিবার নেট থেকে আগের চেয়েও ভালো হয়ে বের হতে হবে। এসব করতে হলে মাথায় রাখতে হবে সামনে কী চ্যালেঞ্জ আছে। এরপর সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে পথ বের করতে হবে।’
বাংলাদেশ সফর সামনে রেখে এর আগে ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রাথমিক দলে এর আগে রোশান সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সফরের আসতে না চাওয়ায় তাঁর বদলে নেওয়া হয় কামিন্দু মেন্ডিসকে। ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল।