আইসিসির ওপর এমনিতেই ক্ষোভের অন্ত নেই সহযোগী সদস্যদেশগুলোর। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যে প্রতিনিয়ত তাদের নানাভাবে বঞ্চিত করে যাচ্ছে, এই বিশ্বাস এখন তাদের মধ্যে প্রায় বদ্ধমূল। খেলাটার উদীয়মান শক্তি হয়েও বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে পারে না, এটি তাদের চির-আক্ষেপ। তাদের নতুন দুশ্চিন্তা, ক্রিকেটের বৈশ্বিক আসরগুলোতে ভবিষ্যতে হয়তো খেলাই হবে না।
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপটা যে ১০ দলের হচ্ছে—এটা পুরোনো খবর। কোন ১০টি দল এতে খেলবে, এটা নির্দিষ্ট না হলেও টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে শক্তির ব্যবধান বিচারে হল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মতো দেশগুলো মনে করে বিশ্বকাপ ক্রিকেটে দল কমিয়ে আইসিসি সহযোগী দেশগুলোকে বাদ দেওয়ারই সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। ব্যাপারটা নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের।
ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০১৯ সালের বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের ৯ থেকে ১২ নম্বর দল চারটিকে বাছাইপর্ব খেলতে হবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের শীর্ষ চারটি দলের সঙ্গে। ২০১৮ সালে বাংলাদেশে হওয়ার কথা এই বাছাইপর্ব।
এই বাছাইপর্বের ভেন্যু নিয়েই আপত্তি স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেনের, ‘যেখানে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, সেখানে বাংলাদেশে কীভাবে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়!’ ব্যাপারটি নিয়ে নতুন করে ভাবারও দাবি জানিয়েছেন মমসেন। সূত্র: ক্রিকইনফো।