বাংলাদেশে ভরাডুবির মূল্য দিলেন ম্যাঙ্গোঙ্গো

স্বীকৃত কোনো পর্যায়ে কখনো ক্রিকেট খেলেননি। উদ্ভট কোচিং-পদ্ধতি নিয়ে প্রশ্ন অনেক। অভিযোগেরও অন্ত নেই তাঁর বিরুদ্ধে। তার পরও যে দায়িত্বে ছিলেন, বিস্ময় ছিল সেটিই। শোনা যেত, জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ঘনিষ্ঠ বলেই তিনি সবার ধরাছোঁয়ার বাইরে। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স এতই করুণ যে ওই পরিচয়টাও রক্ষা করতে পারল না এবার। বাংলাদেশ থেকে জয়বিহীন ফেরার খেসারত দিতে হলো জিম্বাবুয়ে কোচকে। বরখাস্ত করা হয়েছে স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে।
বিশ্বকাপের বাকি নেই আর দুই মাসও। জিম্বাবুয়ে তাই নতুন কোচ নিয়োগ দিচ্ছে দ্রুতই। আগামী সপ্তাহে কোচদের সাক্ষাৎকার, বড়দিনের পরই নাম জানানো হবে নতুন কোচের। ম্যাঙ্গোঙ্গো জিম্বাবুয়ের সহকারী কোচ ছিলেন প্রায় ৭ বছর। গত জুলাইয়ে অ্যান্ডি ওয়ালার দায়িত্ব ছাড়ার পর মূল কোচের দায়িত্ব পেয়ে যান। তরুণ একজন ক্রিকেটারের গায়ে হাত তোলা, সব সিনিয়রকে বাদ দেওয়ার হুমকি, ক্রিকেটারদের সঙ্গে অনেক সময় একনায়কের মতো আচরণ করাসহ অনেক বিতর্কের জন্ম দিয়েছেন ম্যাঙ্গোঙ্গো। তবে একেবারেই কিন্তু পরিত্যক্ত হচ্ছেন না। তাঁর হাত যে ভালোই লম্বা, সেটির প্রমাণ মিলেছে আবারও। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাঙ্গোঙ্গোকে। জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান উইলসন মানাসের দাবি, ‘তরুণ প্রতিভা বের করায় স্টিভেনের জুড়ি নেই।’
ম্যাঙ্গোঙ্গো বরখাস্ত হলেও তাঁর অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও প্রবল সমালোচিত আরেকজন টিকে গেছেন। গিভমোর মাকোনি থেকে যাচ্ছেন প্রধান নির্বাচকের দায়িত্বে! ক্রিকইনফো।