বাংলাদেশে ভালো করার আশায় হ্যান্ডসকম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসার আগে অনুশীলনের শেষটা মন্দ হলো না পিটার হ্যান্ডসকম্বের। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি করেছেন ভিক্টোরিয়ার এই ব্যাটসম্যান। তাঁর সেঞ্চুরি আর বাংলাদেশ সফরের দলে থাকা অলরাউন্ডার হিল্টন কার্টরাইটের ১২০ বলে ৮১ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ৩৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ডেভিড ওয়ার্নার একাদশ। জবাবে কাল দিন শেষে স্টিভেন স্মিথ একাদশের রান ২ উইকেটে ৩২।

লক্ষ্য ছিল, ডারউইনের মারারা ওভালে ‘বাংলাদেশি কন্ডিশনে’ এই কয়েক দিনের অনুশীলন কেমন হলো, সেটা বোঝা। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান মনে হয় না অসন্তুষ্ট হবেন প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দেখে। শুরুতে দুর্দান্ত বোলিং করেছেন স্মিথের দলের পেসার জশ হ্যাজলউড। ১৩ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন ৩০ রানে। কিন্তু পরে মিচেল সোয়েপসন, গ্লেন ম্যাক্সওয়েল, টম অ্যান্ড্রুস ও স্টিভেন স্মিথদের স্পিন সামলেই দারুণ খেলেছেন হ্যান্ডসকম্ব-কার্টরাইটরা।

১৩০ বলে ১০৫ রান করা হ্যান্ডসকম্ব দিন শেষে বেশ সন্তুষ্ট তাঁর ব্যাটিং নিয়ে, ‘ডারউইনের এই উইকেটে এতটা সময় কাটানো দারুণ ব্যাপার। আশা করছি, বাংলাদেশেও এ রকম উইকেট পাব।’

ব্যাটিংয়ের পাশাপাশি হ্যান্ডসকম্ব অস্ট্রেলিয়া দলের বিকল্প উইকেটকিপারও। তবে দলের প্রয়োজনে মূল উইকেটকিপার হিসেবে দায়িত্ব নিতেও রাজি হ্যান্ডসকম্ব, ‘এতে যদি দলের ভারসাম্য বাড়ে, আমি খুশিই হব। এতে করে আমরা যদি আরও একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার নিতে পারি, তাহলে তো ভালোই।’ এএফপি।