বাংলাদেশে স্টার্কহীন অস্ট্রেলিয়া
বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ঝামেলাটা শিগগিরই মিটে যাবে ধরে নিয়েই আগামী আগস্টে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সফরটি হওয়ার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু নিরাপত্তাকে কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সেই সফর স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই কারণ দেখিয়ে গত বছরের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। ওদের ছাড়াই সফলভাবে শেষ হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত বছরের শেষদিকে ইংল্যান্ডও বাংলাদেশে এসে সিরিজ খেলে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাপ্রধান শন ক্যারল দ্বিতীয় দফা এসে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন। সবকিছু মিলিয়ে নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এই সূচি অনুযায়ী, ১৮ আগস্টে ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। ২২ আগস্ট ত্থেকে ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ঢাকায় প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে, শুরু হবে ৪ সেপ্টেম্বর।
১৩ জনের দলে কিছুটা চমক রেখেছে অস্ট্রেলিয়া। দলের প্রধান পেসার মিচেল স্টার্ককে রাখা হয়নি দলে। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা এ ফাস্ট বোলারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তাঁর বদলে ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন। আর ভারতের বিপক্ষে পুনে টেস্ট জেতানো স্টিভ ও’কিফকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বদলে দলে ডাকা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারকে।
ওদিকে বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাংলাদেশ সফরসহ অ্যাশেজও বর্জনের হুমকি দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। ৩০ জুনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে বোর্ডের সঙ্গে আর খেলোয়াড়দের চুক্তিও থাকবে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড আশা করছেন, এর আগেই সমস্যার সমাধান হয়ে যাবে। সিএ এক বিবৃতিতে বলেছে, ‘কার সঙ্গে বোর্ডের চুক্তির কী অবস্থা, এসব নিয়ে মাথা না ঘামিয়েই নির্বাচকেরা বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছেন। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।’
২০০৬ সালে রিকি পন্টিংয়ের দল বাংলাদেশে টেস্ট খেলে যাওয়ার পর এই প্রথম টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাট রেনশ, ম্যাথু ওয়েড।
সফরসূচি
প্রস্তুতি ম্যাচ
২২-২৩ আগস্ট, ফতুল্লা
প্রথম টেস্ট
২৭-৩১ আগস্ট, ঢাকা
দ্বিতীয় টেস্ট
৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম