বাংলাদেশে 'অপেশাদারি আচরণ' অবাক করে না ডমিঙ্গোকে

>বাংলাদেশ ক্রিকেটের অপেশাদারি ব্যাপার-স্যাপার অবাক করে না রাসেল ডমিঙ্গোকে। এমন কিছু তিনি নাকি দক্ষিণ আফ্রিকাতেই দেখে এসেছেন
কদিন আগেই বিসিবি প্রধান নাজমুল হাসান সাফ জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে বাংলাদেশ দলের সব ক্রিকেটীয় সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন। দলের একাদশ, ব্যাটিং অর্ডার সব সিদ্ধান্তেই লাগবে বিসিবি প্রধানের সবুজ সংকেত। ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচ ও অধিনায়কের সিদ্ধান্তকে নাকি তিনি তোয়াক্কা করবেন না। তোয়াক্কা করবেন না সংবাদমাধ্যমের সমালোচনাও।
আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে এই প্রসঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সম্মুখীন হতে হলো কঠিন প্রশ্নের। টেস্টের একাদশ কে ঠিক করবে জানতে চাইলে মৃদু হেসে রাসেলের উত্তর, ‘বিসিবি প্রধান দল নিয়ে বেশ আবেগপ্রবণ। দল ভালো করুক, এটাই তিনি চান। আমি এখনো তাঁর সঙ্গে কথা বলিনি। এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে কথা হয়নি। আমার কাউকে এসব নিয়ে বলতেও হয় না। দরকার আছে বলেও মনে করি না, এখন পর্যন্ত। আমাকে পারিশ্রমিক দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ও নিজের কাজ করার জন্য।’
এমন অপেশাদারি আচরণ নাকি রাসেলকে খুব একটা অবাক করে না। দক্ষিণ আফ্রিকান হিসেবে এসবের সঙ্গে অনেকটাই পরিচিত ডমিঙ্গো, ‘দেখুন, আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। সেখানে অনেক সমস্যার মধ্যে কাজ করতে হয়। আমি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে আসিনি, যেখানে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আমি এসেছি দক্ষিণ আফ্রিকা থেকে। কাজটা সেখানেও কঠিন। দল নির্বাচক সহজ না সেখানেও। দক্ষিণ আফ্রিকায় অনেক মতামত ও এজেন্ডা থাকে। এটাই আমার চাকরি, আমাকে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে। দায়িত্বটা বড়, তবে আমি এসব দক্ষিণ আফ্রিকায় করে এসেছি। সেখানে অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা আছে। আমার জন্য কিছুই নতুন না। আমি ঠিক আছি। ‘
বোর্ডের পক্ষ থেকে আসা চাপ থেকে ক্রিকেটারদের কাছে পৌঁছতে দেন না প্রধান কোচ। বোর্ড ও ক্রিকেটারের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন তিনি, ‘আমি অধিনায়ক ও ক্রিকেটারদের এসব থেকে দূরে রাখি। আমাকে হতে হবে মধ্যস্থতাকারী। ‘