বাংলাদেশকে হারাতে সাকিবদের সাবেক গুরুকে এনেছে আফগানরা

স্টুয়ার্ট লছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের সঙ্গে দুই টি-টোয়েন্টির সিরিজ খেলবে আফগানরা।

এ দুটি সিরিজের আগে নিজেদের কোচিং দলে বড় ধরনের রদবদল এনেছে দলটি। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল-কে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আফগানিস্তান। এর মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন স্টুয়ার্ট ল।

আপাতত স্টুয়ার্ট লয়ের কাজ বাংলাদেশের বিপক্ষে আফগানদের সিরিজ জেতানো। আনুষ্ঠানিক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট জানিয়েছে, ‘আমাদের জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট গ্রান্ট ল-কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর মধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন, দেশটার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগেই নিজের দায়িত্ব বুঝে নেবেন ল।’


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

জেমি সিডন্সের পদত্যাগের পর ২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ল। বেশি দিন থাকা হয়নি তাঁর। মাস দশেক পরেই পদত্যাগ করেছিলেন। অল্প এ সময়ের মধ্যেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিতে পেরেছিলেন ল। তাঁর অধীনেই ভারত ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ২০১২ সালের মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে। কিন্তু পাকিস্তানের কাছে ২ রানে হেরে আর শিরোপা জেতা হয়নি সাকিব-মুশফিকদের।


স্টুয়ার্ট ল এরপর আরও দুবার ফিরেছেন বাংলাদেশে। ২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন যুব বিশ্বকাপে। এরপর বিপিএলের চতুর্থ আসরেও খুলনা টাইটানসের কোচ হিসেবে কাজ করেছেন। এখন সেই বাংলাদেশকে হারানোরই ছক কষতে হবে তাঁকে।

ল এর মধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন
ছবি : টুইটার

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র একটি টেস্ট খেলার অভিজ্ঞতা লয়ের। খেলেছেন ৫৪টি ওয়ানডেও। ১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলীয় দলের অন্যতম সদস্য ছিলেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন শ্রীলঙ্কার কোচ। কয়েক বছর আগে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবেও।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে তিনি কুইন্সল্যান্ডের হয়ে সাফল্য পেয়েছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তিনি কোচের দায়িত্ব পালন করেছেন এসেক্স ও ল্যাংকাশায়ারের।