বাংলাদেশের অপেক্ষায় ব্যস্ত সূচি
খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় দিয়ে ২০১৬ সাল শুরু করেছিল বাংলাদেশ। শেষের সঙ্গে শুরুটা মেলেনি। বছরের শেষ দিনে শেষ ম্যাচে হেরে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছেন মাশরাফিরা। পুরো বছরের পরিসংখ্যানও খুব আনন্দদায়ী নয়। তিন সংস্করণে ২৭ ম্যাচের ১৫টিতে হার, জিতেছেন ১১টিতে।
পুরোনো বছরের ব্যর্থতা ভুলে নতুন আশায় নেলসনে কাল নিশ্চয়ই নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। টানা দুই বছর দেশের মাটিতে ধারাবাহিক সাফল্যে ভেসে চলা বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে ভালো খেলতে পারার সামর্থ্যের আসল পরীক্ষাটা হবে এই বছর।
জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ এখনো বাকি। বাংলাদেশের আলোচিত ভারত সফরটা হবে ফেব্রুয়ারিতে। হায়দরাবাদে ৮ ফেব্রুয়ারি শুরু হবে ভারত-বাংলাদেশ একমাত্র টেস্টটি। মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। যদিও সফরের সূচি এখনো জানা যায়নি। ত্রিদেশীয় সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ডে। স্বাগতিক দলের সঙ্গে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ সেখানে নিউজিল্যান্ড।
জুনে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে ইংল্যান্ড। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘এ’ গ্রুপে মাশরাফিদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বছরের প্রথম হোম সিরিজটা বাংলাদেশ খেলতে পারে জুলাইয়ে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওই সময়েই আসার কথা পাকিস্তানের। ২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। স্থগিত সিরিজটা আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে বলে শোনা যাচ্ছে অনেক দিন ধরে। ৯ বছর পর সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি অপেক্ষা করে আছে বাংলাদেশের জন্য।