বাংলাদেশের আগ্রহে চমৎকৃত প্রসাদ

খবরটা বিস্ময় হয়েই এসেছে ভেংকটেশ প্রসাদের জন্য। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই পেসার নিজেও জানতের না ব্যাপারটা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদে সম্ভাব্য প্রার্থী তালিকায় তাঁর নামও আছে—এটা দেখে চমৎকৃত প্রসাদ।
বোলিং কোচ হিথ স্ট্রিকের উত্তরসূরি হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের সহকারীর তালিকায় কে সঙ্গী হবেন—এটা নিয়ে এই মুহূর্তে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন বেশ কয়েকজন সাবেক তারকা বোলার। তাঁরা হচ্ছেন পাকিস্তানের আকিব জাভেদ, শ্রীলঙ্কার চামিন্ডা ভাস, চাম্পাকা রামানায়েকে ও ভারতের ভেংকটেশ প্রসাদ। আগামী কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
নিজের নামটা এই তালিকায় দেখে প্রসাদ দারুণ খুশি। বলেছেন, ‘সংবাদটা দেখে আমি চমৎকৃত। খুব সম্ভবত আমার অর্জন-অভিজ্ঞতাই বিসিবিকে আগ্রহী করে তুলেছে।’
ভেংকটেশ প্রসাদ এই মুহূর্তে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুত্র: পিটিআই।