বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটই ভাবনা ভারতের

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেটটা চমকে দিয়েছিল ভারতীয় দলকে। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মাদের মতো গতি বোলারদের ওপর বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার যেভাবে চড়াও হয়েছিলেন তাতে অনেক পরিকল্পনাই নাকি এদিক-ওদিকে হয়ে গেছে ভারতীয় দলের। দুই উদ্বোধকের পর বাকি ব্যাটসম্যানরাও ছিলেন অসম্ভব আক্রমণাত্মক। প্রথম ম্যাচে বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটই ব্যবধান গড়ে দিয়েছে—এ কথা মানেন ভারতীয় দলের অনেক থিংক ট্যাংকই। আজ বাঁচা-মরার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেন আগ্রাসী হয়ে উঠতে না পারে, পরিকল্পনা হবে তেমনিই।
প্রথম ওয়ানডেতে মোহিত শর্মা, উমেশ কিংবা ভুবনেশ্বর কুমারদের উড়িয়ে উড়িয়ে মারছিলেন তামিম-সৌম্য। কিন্তু পরিবর্তিত বোলার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন কিংবা সুরেশ রায়নার আবির্ভাবেই কিছুটা বদলে যায় দৃশ্যপট। কিছুটা নিয়ন্ত্রণাধীন হন বাংলাদেশি ব্যাটসম্যানরা। সে জন্য দ্বিতীয় ওয়ানডেতে উল্টো বাংলাদেশকে ভড়কে দেওয়ার পরিকল্পনা ভারতের।
মোহিত শর্মা গত ম্যাচে খুব বেশি খরচে ছিলেন। তাই মোহিতের আজ বসে থাকাটা মোটামুটি নিশ্চিতই। ভারতীয় দল ভাবছে অক্ষর প্যাটেলকে খেলাতে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম প্রথম ম্যাচের আগেই উচ্চারণ করেছিল অক্ষরের কথা। প্রথম ওয়ানডেতে খেলানো হয়নি। আজ নাকি তাঁকে ঘিরেই বেশ কিছু পরিকল্পনা এঁটেছেন রবি শাস্ত্রী অ্যান্ড কোং।
অক্ষরের সঙ্গে দুটি নাম উড়ে বেড়াচ্ছে আকাশে-বাতাসে। একটি আম্বাতি রাইডু, অন্যটি স্টুয়ার্ট বিনি। কে শেষ অবধি খেলবেন, সেটা ঠিক হবে পরবর্তীতে। তবে এই তিন খেলোয়াড়ের নাম আসছে উমেশ যাদব ও মোহিত শর্মাকে বসিয়ে দিতেই। মোদ্দাকথা স্পিন-নির্ভর আক্রমণ দিয়ে বাংলাদেশের আগ্রাসনকে রুখে দেওয়ার ভাবনাটা আজ ভারতীয় দলের।
স্পিন-নির্ভর পরিকল্পনায় দলে একজন পেসারেই নাকি বর্তে যায় ভারতীয় দল। কিন্তু এমন পরিকল্পনা দিয়ে বাংলাদেশকে কতটা ভড়কে দেওয়া সম্ভব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।
স্পিন বোলিংটা কী মুশফিক-সাকিবরা খুব খারাপ খেলেন? সূত্র: আনন্দবাজার পত্রিকা।