বাংলাদেশের আমন্ত্রণ সাদরে বুঝে নিচ্ছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছেন দুই ইংলিশ ওপেনার। ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছেন দুই ইংলিশ ওপেনার। ছবি: এএফপি

কার্ডিফে সোফিয়া গার্ডেনসের উইকেট কিছুটা সবুজাভ। বাইশ গজের এ রণক্ষেত্র ঢাকাও ছিল কাভার দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে তাই রুবেল হোসেনকে খেলানো হবে কি না, সেই প্রশ্ন উঠেছিল। টস জয়ের পর তার জবাবটা মাশরাফি বিন মর্তুজাই দিয়েছেন, অতিরিক্ত পেসার খেলালে ‘ইংল্যান্ডেরই সুবিধা হতো।’

ইংলিশ টপ অর্ডার পেস বলে বেশি স্বচ্ছন্দ, বল ব্যাটে আসুক সেটি চায়—ওদিকে মাশরাফি তা চাননি বলেই ফিল্ডিংয়ে নেমে নতুন বল তুলে দিয়েছেন সাকিব আল হাসানের হাতে। তাতে শুরুটাও হলো বেশ। প্রথম চার ওভারের (৯ রান) মধ্যে ১৮টি বল ‘ডট’ খেলেছেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জ্যাসন রয়। কিন্তু তারপর ‘যে লাউ সেই কদু’! আগে ব্যাট করার আমন্ত্রণ তারপর থেকেই সাদরে বুঝে নিচ্ছে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ১০১ রান তুলেছে। অথচ শুরুটা এমন ছিল না। নিজের প্রথম ২ ওভারেই মাত্র ২ রান দিয়েছিলেন সাকিব। অন্য প্রান্তে মাশরাফি দিয়েছিলেন ৭ রান (তাঁর ২ ওভারে)। দেখেশুনে শুরুর পর ষষ্ট ওভার থেকে হাত খুলতে শুরু করেছেন বেয়ারস্টো-রয় জুটি। প্রায় প্রতি ওভারেই একটি-দুটি করে বাউন্ডারি তুলে নিয়েছেন দুজন। সাকিব-মাশরাফির পর দুই প্রান্ত থেকে বোলিংয়ে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

সাইফউদ্দিনের প্রথম ৩ ওভার থেকে ৩৩ রান তুলে নিয়েছেন রয়-বেয়ারস্টো। মোস্তাফিজকে এক প্রান্তে রেখে মাশরাফি তাই বাধ্য হয়েই সাইফউদ্দিনকে সরিয়ে বোলিংয়ে ফিরিয়েছেন সাকিবকে। এই ১৫ ওভারের মধ্যে সাকিব একাই করেছেন ৭ ওভার (৩৪ রান)। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ইনিংসের মাঝপথ থেকে শেষ দিকে তাই বোলিংয়ে সাকিবের অভাব অনুভব করতে পারে বাংলাদেশ। বোলিংয়ে এ পর্যন্ত বাংলাদেশের একটাই সান্ত্বনা অতিরিক্ত খাতে মাত্র ৩ রান দিয়েছে। ৫৯ রানে ব্যাট করছেন রয়। ৩৯ রানে অন্য প্রান্তে অপরাজিত বেয়ারস্টো।

আরও পড়ুন...