বাংলাদেশের উদ্যাপনের সঙ্গী শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা বাংলাদেশের ক্রিকেটের বেশ ভালো বন্ধু, সেটা সবার জানা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা কাল বললেন, কীভাবে তাঁর বোর্ড সেই ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পক্ষে কাজ করেছিল। সে সময় তিনি ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি। শুধু পক্ষে ভোট দিয়েই দায়িত্ব সারেননি। বাংলাদেশকে টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছেন। দেখতে দেখতে সেই শ্রীলঙ্কার সঙ্গে সর্বোচ্চ ১৭টি টেস্ট খেলে ফেলল বাংলাদেশ। সব মিলিয়ে যা তাদের ৯৯তম। আর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ খেলতে নামবে তাদের শততম টেস্ট।
বাংলাদেশের গৌরবময় এই অভিযাত্রায় আনন্দিত এসএলসি-প্রধান। আর তাই বাংলাদেশের শততম টেস্ট উদ্যাপনের জন্য কিছু আয়োজন সাজিয়ে রেখেছেন। কাল বললেন, ‘শততম টেস্ট উপলক্ষে বিসিবি সভাপতি আসছেন। আর আমরা ভেবেছি বাংলাদেশ দলকে বিশেষ স্মারক উপহার দেব। পি সারায় টেস্ট দেখতে ৫০০ স্কুলছাত্রকে আমরা আমন্ত্রণ জানাব। আর বাংলাদেশ দলের সম্মানে আয়োজন করব বিশেষ নৈশভোজ।’
সুমাথিপালার আশা, শততম টেস্টটিকে মাঠের খেলায় স্মরণীয়ই করে রাখবে বাংলাদেশ দল।