বাংলাদেশের এই মাঠ যেখানে সবচেয়ে আলাদা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আগে ক্রিকেটের জন্য আলাদা কোনো মাঠ ছিল না চট্টগ্রামে। ২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। তার আগে চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচগুলো গড়িয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে। ইংল্যান্ডে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের সঙ্গে এ মাঠের বেশ গঠনগত মিল আছে।
তবে ওল্ড ট্রাফোর্ডের মতো কুলীন ইতিহাস নেই এম এ আজিজ স্টেডিয়ামের। আবার একেবারে কম নেই। এই মাঠের নাম নিয়াজ স্টেডিয়াম থাকতে ১৯৫৫সালে খেলে গেছে ভিনু মানকড়ের ভারত। ঘুরে গেছে এমসিসির দলও। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ওয়ানডেও গড়িয়েছে এ স্টেডিয়ামে। শুধু কী তাই, টেস্ট ইতিহাসে এম এ আজিজ স্টেডিয়াম একটি জায়গায় বাকি ভেন্যুগুলো থেকে একেবারেই আলাদা।
এমন কোনো ভেন্যু আছে যেখানে টেস্ট ড্র হয়নি? আরেকটু ভালোভাবে বলা যায়, টেস্ট ইতিহাসে কোনো মাঠে কোনো ড্র ছাড়া সবচেয়ে বেশি ম্যাচ আয়োজিত হয়েছে?
২০০১ থেকে ২০০৫—এর মধ্যে এম এ আজিজ স্টেডিয়ামে ৮টি টেস্ট গড়িয়েছে। কোনো ম্যাচ ড্র হয়নি। এ মাঠে খেলেছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। এই ৮ টেস্টের মধ্যে টানা সাত হারের পর শেষ ম্যাচে এসে ঘরের মাঠের মান রক্ষা করতে পারে বাংলাদেশ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্ট ২২৬ রানে জিতেছিল বাংলাদেশ।
এম এ আজিজ স্টেডিয়ামে এরপর আর কোনো টেস্ট আয়োজিত হয়নি। পরের বছর থেকে ক্রিকেট চলে যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর থেকেই এমএ আজিজ ড্র-বিহীন সবচেয়ে বেশি টেস্ট আয়োজনের তালিকায় সবার ওপরে। এটাই সেই মাঠ যেখানে ড্র ছাড়া সবচেয়ে বেশি টেস্ট গড়িয়েছে।
এরপর থাকবে চেস্টার-লি-স্ট্রিট, যেখানে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। এ মাঠে ৬ টেস্টের সবগুলোই জিতেছে ইংল্যান্ড। ব্লুমফন্টেইনে যে ৫ টেস্ট গড়িয়েছে দক্ষিণ আফ্রিকা জিতেছে সবগুলোই।
ড্রয়ের কথা উঠলে অবশ্য লর্ডসের নামটাই উঠে আসবে সবার আগে। ক্রিকেট ইতিহাসের অন্যতম কুলীন এই মাঠে টেস্ট ড্র হয়েছে সবচেয়ে বেশি। ১৩৯ ম্যাচের মধ্যে ৫০টি টেস্টই ড্র হয়েছে। ইংল্যান্ডেরই ওভালে ৩৭ ড্র এবং ওল্ড ট্রাফোর্ডে ৩৫। উপমহাদেশের মধ্যে করাচি স্টেডিয়ামে যে ৪০ টেস্ট গড়িয়েছে এর মধ্যে ২২টি-ই ড্র।