বাংলাদেশের এক ঐতিহাসিক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার
হাবিবুল বাশার

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়ের কথা মনে আছে। অ্যাডিলেড ওভালে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টিও ভুলিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে এবারের জয়টি অবশ্যই ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা। বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বলেই নয়, যেভাবে আর যে পরিস্থিতিতে এটা এল, সেটাই জয়কে সত্যিকার অর্থে বিশেষ করে তুলেছে।
টুর্নামেন্টে টিকে থাকার জন্য দুই দলকেই জিততে হতো। তাই এখানে শুধু দক্ষতার ব্যাপারই ছিল না, জয় পাওয়ার তীব্র ইচ্ছার বিষয়ও ছিল। তবে আমি বলব, বাংলাদেশের ইচ্ছা আর নিবেদনই ছিল বেশি। বাংলাদেশের জন্য এ এক ঐতিহাসিক জয়। এই ম্যাচের আগে পর্যন্ত বাংলাদেশ সব বিভাগে নিজেদের সেরাটা খেলতে পারেনি। সেই ব্যর্থতা মুছে ফেলতে এর চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না। টস জিতে কেন উইলিয়ামসন ব্যাটিং নিল। কিন্তু আমাদের বোলাররা ছিল নিখুঁত। আর ব্যাটিংয়ে অভিজ্ঞরা হাল ধরেছে। ভালো বোলিং করে বোলাররা যে হাসি এনে দিয়েছিল, শুরুর দিকের ধসে সেটা ম্লান হতে চলেছিল। তবে মাহমুদউল্লাহ আর সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত ব্যাটিং দলকে গন্তব্যে নিয়ে গেছে।
টস হারটা শাপেবরই হয়েছে। কারণ, শুরুর দিকে উইকেটে কিছু থাকলে সেটা নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড ভালো শুরু করেছিল। তবে প্রথম পাওয়ার প্লের পর থেকে বাংলাদেশ সব সময়ই ম্যাচে ছিল। উইলিয়ামসন আর রস টেলর দারুণ একটি জুটি গড়েছে ঠিক, কিন্তু তাদের ওভাবে আউট হয়ে যাওয়াটা দৃষ্টিকটু ছিল। আমি মনে করি, সাকিবের বোলিং এতে বড় ভূমিকা রেখেছে।
এই ম্যাচ খেলতে নামার আগে বল বা ব্যাট হাতে সাকিব তেমন কিছুই করেনি। তবে ও বিশেষ একজন খেলোয়াড়। আর জ্বলে ওঠার জন্য ও বিশেষ উপলক্ষকেই বেছে নেয়। উইকেট না পাওয়াটা ওর দুর্ভাগ্য। কিন্তু ও খুব আঁটসাঁট বোলিং করেছে। স্কোরবোর্ড দেখাবে যে উইলিয়ামসন রানআউট হয়েছে। কিন্তু আমি মনে করি, এই আউটের কৃতিত্ব সাকিবেরই। মাঝের ওভারগুলোয় ওর আঁটসাঁট বোলিং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের যেকোনোভাবে রান নেওয়ার চাপে ফেলেছিল।
তাসকিন আহমেদকে খেলানোটা ছিল সাহসী আর সঠিক এক সিদ্ধান্ত। সিদ্ধান্তটি কাজে লেগে গেছে বলে এটা বলছি না আমি। তাসকিন উইকেট নিতে পারা বোলার। লাইন আর লেংথ বোলারের চেয়ে একজন উইকেট নিতে পারা বোলারের মূল্য যে বেশি, সেটা শেষ দিকে নিউজিল্যান্ডও টের পেয়েছে। সব দিক থেকেই মাশরাফির নেওয়া সব সিদ্ধান্তই ‘মাস্টার-স্ট্রোক’ হয়ে গেছে। ইনিংসের শেষ দিকে সে অফস্পিনার মোসাদ্দেক হোসেনকে আক্রমণে নিয়ে আসে। এটা দারুণ লাভজনক হয়ে ধরা দেয়। নিউজিল্যান্ড ২৯০-এর মতো রান করবে বলে মনে হচ্ছিল। কিন্তু মোসাদ্দেকের ভালো বোলিংয়ে (৩/১৩) ওদের ২৬৫ রানে আটকে রাখা গেছে।
এমন চাপের ম্যাচে এমনকি ২৬৬ রানের লক্ষ্যও সহজ নয়। বাংলাদেশের আশা আবর্তিত হচ্ছিল ফর্মে থাকা তামিম ইকবালকে ঘিরে। কিন্তু এটা সত্য যে একজন ব্যাটসম্যান প্রতি ম্যাচে রান করবে না। তামিমের দ্রুত ফিরে যাওয়াটা তেমন দুশ্চিন্তার ছিল না। তবে টিম সাউদি তার প্রথম স্পেলে তিনটি উইকেট তুলে নেওয়ায় আর বাংলাদেশ দ্রুতই ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলায় অশনিসংকেত পাওয়া যাচ্ছিল যেন। মাহমুদউল্লাহ বা সাকিবের কেউই ফর্মে ছিল না। জয়ের লক্ষ্যটা তখন আরও কঠিন। সবকিছু বিবেচনায় এই দুই সেঞ্চুরিয়ানের প্রচেষ্টাকে অনেক উঁচুতে রাখতে হবে।
ম্যাচের এমন পরিস্থিতিতেও ওরা চাপে ভেঙে পড়েনি। আস্কিং রানরেট কখনোই সাতের ওপরে উঠতে দেয়নি। বিচক্ষণ রানিং বিট্যুইন দ্য উইকেটে ওরা প্রতিপক্ষকে চাপে ফেলেছে। নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগ দিতে চায়নি। আমি মনে করি, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ যেমন মাঝের ওভারগুলোয় আক্রমণাত্মক বোলিংয়ের অভাব টের পেয়েছে, নিউজিল্যান্ডেরও এই ম্যাচে সেই অভিজ্ঞতা হয়েছে। কোরি অ্যান্ডারসন ও জিমি নিশাম ভালো বোলার। কিন্তু কোনো ব্যাটিং লাইনআপে ধস নামানোর মতো তারা নয়। একজন বাংলাদেশি হিসেবে এ নিয়ে আমি নিউজিল্যান্ডকে দোষারোপ করতে পারি না!
সাকিবের সেঞ্চুরিটা দারুণ ছিল। আমি অবশ্য মাহমুদউল্লাহ রানে ফেরাতেই বেশি খুশি। ও বড় টুর্নামেন্টের খেলোয়াড়। আমরা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছি আর সেই টুর্নামেন্টে সে দুটি সেঞ্চুরি করেছিল। ওর ব্যাটিং পজিশন কিছুটা অনিশ্চয়তায় ঘেরা। তবে আমি মনে করি, ওর চার নম্বরেই ব্যাট করা উচিত। ইনিংস নিয়ন্ত্রণ করতে পারে সে। এই ইনিংসটি ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। ও আরও বড় কিছু করবে, এই অপেক্ষায় আছি আমি।
লেখক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এই কলাম লিখেছেন আইসিসির ওয়েবসাইটে।