বাংলাদেশের একটা শিরোপা দরকার

বাংলাদেশ দলের ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছেন এক বছর হতে চলল। কিন্তু করোনার কারণে অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষাটা হয়ে গেছে দীর্ঘ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে হতে যাচ্ছে সে অপেক্ষার অবসান। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপের দিকে বাংলাদেশ দলের যাত্রা। এ বছর তো টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। কাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন তামিম ইকবাল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল

প্রশ্ন :

প্রশ্ন: অধিনায়ক হিসেবে মাঠে নামার লম্বা অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। বাংলাদেশ দলও লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। এই দুই উপলক্ষের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে কীভাবে দেখছেন?

তামিম ইকবাল: তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের। বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব নিয়ে একধরনের রোমাঞ্চ অনুভব করছি। আন্তর্জাতিক ক্রিকেটও অনেক দিন পর খেলা হবে।

প্রশ্ন :

এই সিরিজের ম্যাচগুলোর ওপর বিশ্বকাপের মূল পর্বে খেলা নির্ভর করছে। সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দল দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন...

তামিম: ওরা কেমন দল পাঠাল, এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের জন্য কোয়ালিফায়ারের পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তিনটি ওয়ানডেতে যত বেশি পয়েন্ট অর্জন করতে পারি, ততই ভালো। কোন দল আসছে না আসছে, এটা নিয়ে ভাবা উচিত নয়। শেষ সিরিজেও ওদের প্রায় পূর্ণশক্তির দলই ছিল। আমরা সেই সিরিজ জিতেছি। এখন যেই দল পাঠিয়েছে, সেটা যদি আমরা শুরুতেই বাতিলের খাতায় ফেলে দিই, তাহলে সমস্যাই হতে পারে।

প্রশ্ন :

এই সিরিজ দিয়েই তো ২০২৩ বিশ্বকাপের পথে যাত্রা শুরু হচ্ছে...

তামিম: বিশ্বকাপের আগে আমাদের খুব বেশি ওয়ানডে নেই, যেখানে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে পারব। সব মিলিয়ে ২৫-৩০টা ওয়ানডে। পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ খুব কম। যেই দল ২০২৩-এর বিশ্বকাপ চিন্তায় থাকবে, সেই দলকেই খেলাতে হবে। হ্যাঁ, কিছু পরিবর্তন হতে পারে। নতুন কিছু ক্রিকেটার হয়তো দলে আসবে। কিন্তু মূল দলটা ঠিক থাকবে।

প্রশ্ন :

মাশরাফি বিন মুর্তজা কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভাবনায় থাকবেন?

তামিম: এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি মাত্র অধিনায়কত্ব পেয়েছি। একটা ম্যাচও অধিনায়কত্ব করিনি। এই সিদ্ধান্তটা বাকিরা নেবেন। আমার নিয়ন্ত্রণে থাকলে আমি উত্তর দিতে পারতাম।

প্রশ্ন :

এই সিরিজ দিয়েই সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। তাঁর ফেরাটা কীভাবে দেখছেন?

তামিম: সাকিবের মানের ক্রিকেটার দলে থাকলে সেটা বাড়তি পাওয়া। আমি নিশ্চিত বাংলাদেশকে যখন প্রতিনিধিত্ব করতে নামবে, তখন সে জ্বলে উঠবে। ও যে ধরনের ক্রিকেটার, যেহেতু অনেক দিন পর খেলবে, যদি সে সময় নেয় (পারফর্ম করতে), তাতেও কোনো সমস্যা নেই। আমাদের সবার, পুরো দলের এই বিশ্বাস আছে। সে তার সবটা দিয়েই চেষ্টা করবে। যদি সময় বেশি লাগে, তাহলে লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটে অনেক কিছুই ঠিক হয়ে যায়।

প্রশ্ন :

গত বিশ্বকাপের আগে ওয়ানডেতে বাংলাদেশ দল বড় রান করেছে। ঘরের মাঠে শেষ সিরিজেও তাই হয়েছে। এটার ধারাবাহিকতা কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখা যাবে?

তামিম: পরিস্থিতি যদি সে রকম হয়, কেন নয়! সর্বশেষ সিরিজ কিংবা আগের দুই সিরিজে আমরা বড় রান করেছি। পরিস্থিতি যদি সে রকম হয়, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব। ওয়ানডেতে এখন বড় রানের খেলাই হয়। তবে আপনি কোথায় খেলছেন, কেমন উইকেটে খেলছেন, এটাও মাথায় রাখতে হবে। অনেক উইকেটে ২৫০ রানও অনেক বড় রান।

প্রশ্ন :

টি-টোয়েন্টি ক্রিকেটে আসা যাক। এবার পিএসএলে আপনাকে বেশ নির্ভার ব্যাটিং করতে দেখা গেছে। আবার এই বছরের শুরুতেই জাতীয় দলের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টিতে মন্থর ব্যাটিং করেছেন। পার্থক্যটা কেন? জাতীয় দলে কি নির্ভার হয়ে খেলতে পারছেন না?

তামিম: পাকিস্তানে প্রথম ম্যাচে আমরা ১৩০-১৪০ করেছিলাম। সেটাও কিন্তু চ্যালেঞ্জিং স্কোর ছিল। ওদের ওই রান করতেও কষ্ট হচ্ছিল। সেই উইকেটটা বড় রানের ছিল না। পিএসএলে ফাইনাল বাদে উইকেট ভালো ছিল। আমি পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করতে পছন্দ করি। যদি দল ২০০ করে, তাহলে তো ধরে খেলার প্রশ্ন আসে না। যদি আমার পরে অভিজ্ঞ ব্যাটসম্যান থাকে, তাহলে একটু স্বাধীনতা নিয়ে খেলা, যদি অনভিজ্ঞ কেউ থাকে, তাহলে আরেক রকম খেলা... এই আর কি।

প্রশ্ন :

ক্যারিয়ারের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটিংটাকে কীভাবে দেখতেন?

তামিম: ২০ ওভারের খেলায় টপ অর্ডার ব্যাটসম্যানদের হাতে যথেষ্ট সময় থাকে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ফেলি ২০ ওভারের কথা চিন্তা করে। ২০০৮-০৯-এর দিকে এটা বুঝতাম না। তাড়াহুড়ো করতে গিয়ে অনেকবার ৮০, ৯০, ১০০, ১১০ রানে আউট হয়েছি। এখন সেটা হয় না। এখন আমরা ১৫০-১৬০ রান করছি। আমরা বোলারদের কিছু রান দিচ্ছি লড়াই করার মতো।

প্রশ্ন :

নতুন যারা টি-টোয়েন্টি খেলছে, তাদের কীভাবে দেখছেন?

তামিম: কিছু আছে ভালো। তবে তাদের সময় দিতে হবে। আমরা তখন বুঝতে পারব ওদের কী কী জায়গায় কাজ করার আছে, ওরাও বুঝতে পারবে। ৩-৪টা ম্যাচ দেখেই আমি কাউকে অসম্ভব ভালো বা একদম ভালো নয়, বলে দিতে চাই না। যেকোনো ক্রিকেটারকে ১৪-১৫টা ম্যাচ খেলানো উচিত। আবার বলছি, অনেক প্রতিভা আছে সবার মধ্যে। কিন্তু সময় দিতে হবে।

প্রশ্ন :

পরপর দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

তামিম: সময়মতো এই প্রশ্নের উত্তর জানতে পারবেন। আমার লক্ষ্য কী, কী চিন্তা করছি, সময়ের সঙ্গে অবশ্যই জানতে পারবেন।

প্রশ্ন :

প্রশ্ন: খেলোয়াড় হিসেবে দেশের হয়ে অন্তত একটা টি-টোয়েন্টি শিরোপা তো জিততে চাইবেন…

তামিম: আমাদের এখন একটা শিরোপা দরকার। সেটা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, যেই সংস্করণেই হোক না কেন।