বাংলাদেশের কষ্ট মুছলেন স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ডাবল সেঞ্চুরির পর গিলেস্পি। ফাইল ছবি
সেই ডাবল সেঞ্চুরির পর গিলেস্পি। ফাইল ছবি

টেস্টে ডাবল সেঞ্চুরি করার পরেই ম্যাচেই কি কেউ বাদ পড়ে? বাদ বলে বাদ, একেবারেই জাতীয় দলেই আর জায়গা হলো না, ক্যারিয়ারই শেষ! এমন অভিজ্ঞতা হয়েছিল জেসন গিলেস্পির। ২০০৬ সালে চট্টগ্রাম টেস্টে তিনে নেমে অপরাজিত ২০১ করেছিলেন। সেটাই হয়ে গেল তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাদেশের সমর্থকদের মনে গিলেস্পির ইনিংসটা একটা দুঃখের কাঁটা হয়ে বিঁধে ছিল। গিলেস্পি যে নেমেছিলেন ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে। এর আগে কখনো টেস্ট ক্যারিয়ারে পঞ্চাশের ঘর পেরোতে না পারা সেই গিলেস্পি যদি ডাবল সেঞ্চুরি করে ফেলেন, বাংলাদেশের জন্য তো সেটা লজ্জারই। শুধু তাই নয়, সেই কষ্ট প্রায় দশ বছর ধরে ​বয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশকে। গিলেস্পির সেই ডাবল সেঞ্চুরিটাই যে ছিল এত দিন বিদেশের মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ​ব্যাটসম্যানদের সর্বশেষ দ্বিশতক।

অবশেষে বিদেশের মাটিতে আরও একটি ডাবল সেঞ্চুরি এল কোনো অস্ট্রেলিয়ানের ব্যাটে। ছবি: এএফপি
অবশেষে বিদেশের মাটিতে আরও একটি ডাবল সেঞ্চুরি এল কোনো অস্ট্রেলিয়ানের ব্যাটে। ছবি: এএফপি


অ্যাওয়ে ভেন্যুতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ডাবল সেঞ্চুরি করেছেন কে? প্রশ্নটা করলে উত্তরে আসতে গিলেস্পির নাম। যাঁরা জানতেন না টেস্ট ক্যারিয়ারে নয়-দশে ব্যাটিং করে কাটিয়ে দেওয়া এই পেসারের ডাবল সেঞ্চুরি আছে, তাঁরা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, কার বিপক্ষে? উত্তরে আস​ত বাংলাদেশের নাম!
অবশেষে সেই কষ্টটা দূর হলো। দূর করলেন স্টিভেন স্মিথ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ২১৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। ২০০৬ সালের পর এই প্রথম বিদেশের মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ডাবল সেঞ্চুরি করলেন। ডাবল সেঞ্চুরির তালিকায় থাকতে পারত আরও একজনের নাম। ক্রিস রজার্স শেষ পর্যন্ত ১৭৩ করে আউট হয়েছেন। ৮ উইকেটে ৫৬৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাবে ৩০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল ইংল্যান্ড। ৪ উইকেটে ৮৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।
স্মিথের জন্য এই ডাবল সেঞ্চুরিটা বিশেষ কিছু। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বলে নয়; তাঁর নিজেরও যে একটা কষ্ট মুছল এই ইনিংসে। মাত্রই গত মাসে ১৯৯ রানে গিয়ে এলবিডব্লু হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৯ রানে আউট হওয়া ইতিহাসের মাত্র অষ্টম ব্যাটসম্যান, তৃতীয় অস্ট্রেলিয়ান। গত ডিসেম্বরে আউট হয়েছিলেন ১৯২ রান করে। অবশেষে আরাধ্যের ডাবল সেঞ্চুরিটা ধরা দিল অবশেষে। গত সাত মাসে আট টেস্টে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি!