সাকিব-মোস্তাফিজ এগিয়ে রাখলেন বাংলাদেশকে

দুই উইকেটের অপেক্ষা নিয়ে শেষ হলো কলম্বো টেস্টে বাংলাদেশের চতুর্থ দিন। শ্রীলঙ্কার ৮ উইকেট তুলে নিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তবে লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দিলরুয়ান পেরেরা ১২৬ বলে ২৬ রান করে উইকেটে আছেন। তাঁর সঙ্গী সুরঙ্গা লাকমালের রান ১৬। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৬৮ রান তোলা লঙ্কানদের লিড ১৩৯ রানের। এরপরও বলা যায় সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে দিনটি ছিল বাংলাদেশেরই।
তাইজুল ইসলামের বলে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ এলবিডব্লুর ফাঁদে পড়ার পর নবম উইকেট জুটিতে বাংলাদেশকে বেশ ভোগালেন লাকমাল ও পেরেরা। ৩০ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন এই দুই ব্যাটসম্যান। শেষ দিনে জয়ের পথ সহজ করতে এই দুজনকে যতটা দ্রুত সম্ভব ফেরানোর উপায় খুঁজতে হবে অধিনায়ক মুশফিকুর রহিমকে।
তবে কলম্বো টেস্টের চতুর্থ দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের বোলারদের। সকালের সেশনটা অবশ্য পুরোপুরিই ছিল শ্রীলঙ্কার। এই সেশনে একটি মাত্র উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে তারা। লাঞ্চের পর জ্বলে ওঠেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। দ্বিতীয় সেশনে এই দুজন ৫ উইকেট ভাগাভাগি করে নিলে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা। একে একে ফিরে যান কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুণারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা। চা বিরতির পর সাকিব ফেরান ১৪৪ বলে ১২৬ রান করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে থাকা দিমুথ করুণারত্নেকে। এই সেশনে হেরাথকে ফেরান তাইজুল ইসলাম।
বাংলাদেশ যখন একটি উইকেটের জন্য হাপিত্যেশ করছে, বল হাতে জ্বলে ওঠেন মোস্তাফিজ। দারুণ এক ডেলিভারিতে তিনি কুশল মেন্ডিসকে তুলে নিয়ে এনে দেন ব্রেক থ্রু। ৩৬ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন মেন্ডিস। মুশফিক আর মোস্তাফিজের আবেদনে আম্পায়ার সুন্দরম অবশ্য সাড়া দেননি। মুশফিক রিভিউ নিয়ে ফেরান মেন্ডিসকে।
৫ ওভার পরেই আবার মোস্তাফিজের আঘাত। মেন্ডিসের মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। চান্ডিমাল ফেরার ৩ ওভার পরেই সাকিবের বলে এলবিডব্লু হয়ে যান আসেলা গুণারত্নে। এরপর আবার আঘাত হানেন মোস্তাফিজ। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে কোনো রান করার আগেই মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান কাটার মাস্টার। ৫২ রানে ৩ উইকেট তাঁর। সাকিব ৩ উইকেট নিয়েছেন ৬১ রানের খরচায়।
এরপর মুশফিকের দারুণ এক রিফ্লেক্স ক্যাচের শিকার নিরোশান ডিকভেলা। সাকিবের লেগ স্টাম্পের ওপর পড়া বলটি প্যাডেল সুইপ করেছিলেন তিনি। মুশফিক বুঝতে পেরে আগেই বলের লাইনে চলে যান। ক্যাচটিও নিয়েছেন দারুণভাবে। এরপরও একটা আক্ষেপ থাকতে পারে বাংলাদেশের। সেটা রিভিউ নিয়ে। হেরাথের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সফল হতে পারেনি। দুটি রিভিউই শেষ হয়ে যায় তখন। পেরেরার বিপক্ষে সাকিবের একটি বলে এলবিডব্লুর আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার সেটি নাকচ করে দিলেও রিভিউ নিতে পারেননি মুশফিক। পরে টিভিতে বল ট্র্যাকিংয়ে দেখা যায় সেটি আসলে পরিষ্কার এলবিডব্লু ছিল।
দিনের শেষ বলে মোসাদ্দেকের বলে শর্ট লেগে দাঁড়িয়ে লাকমালের ক্যাচ নিয়েছিলেন ইমরুল কায়েস। আম্পায়ার আলিম দার প্রথমে ইতিবাচক মাথা নেড়েছিলেন। কিন্তু পরক্ষণেই আবার লাকমালকে নট আউট ঘোষণা করেন। রিভিউ নিয়ে অবশ্য সফল হতে পারেনি বাংলাদেশ।
চতুর্থ দিন শেষ ম্যাচটি আসলে ঝুঁকে আছে বাংলাদেশের দিকেই। কাল সকালে শ্রীলঙ্কার শেষ দুই উইকেট দ্রুত ফেলে দিয়ে জয়ের পথে হাঁটতে পারেন মুশফিকরা। পি সারা ওভালের ইতিহাস অবশ্য বলছে ২৪৪ রানের কম লক্ষ্য দিয়ে এই মাঠে কোনো দলই টেস্ট জিততে পারেনি এখনো।