বাংলাদেশের কাছ থেকেই প্রেরণা নিতে বলছেন হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার বাংলাদেশে হোয়াটমোর। ছবি: প্রথম আলো
আবার বাংলাদেশে হোয়াটমোর। ছবি: প্রথম আলো

সে এক অদ্ভুত সময়। একটা জয় চাই, একটা জয়—বাংলাদেশ ক্রিকেটে তখন একটা জয়ের জন্য সে কী হাপিত্যেশ! ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ যে জিততেই ভুলে গেল! ৩১ মে ১৯৯৯ থেকে ৯ মার্চ ২০০৪—এ সময়ে খেলা ৪৭ ম্যাচে জয় নেই একটিতেও। একটা দল যখন এভাবে হারতে থাকে দিনের পর দিন, আত্মবিশ্বাস কোন পর্যায়ে পৌঁছে, নিশ্চয় অনুমেয়।

এমন পরিস্থিতিতেই বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ডেভ হোয়াটমোর। হয়তো এই টোটকাই দিয়েছিলেন, মাঠে নামার আগেই হেরে যাওয়া চলবে না! বেশ কাজে দিল সেটা। হারতে হারতে ক্লান্ত বাংলাদেশ জয়ের দেখা পেল হোয়াটমোর দায়িত্ব নেওয়ার কমাস পরেই। ২০০৪ সালের ১০ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে জিতল হাবিবুলরা। ভারত-অস্ট্রেলিয়াকে হারানোর অভাবনীয় টুকরো সাফল্যও এল। এর পর তো ২০০৭ বিশ্বকাপে চমকে দিয়ে পরের রাউন্ডে।
ওই বিশ্বকাপের পর পরই হোয়াটমোর বাংলাদেশকে ‘গুড বাই’ বলে দেন। এ-দল ও-দল ঘুরে বিশ্বকাপজয়ী এই কোচ এখন জিম্বাবুয়ের দায়িত্ব। জিম্বাবুয়ের কোচ হওয়ার পর দলটাকে টেনে তোলার চেষ্টা করছেন। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটো সিরিজ হারলেও তাতে ছিল লড়া​ইয়ের তেজ। যদিও কদিন আগে আফগানিস্তানের কাছে নিজ দেশে সিরিজ হেরেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের কোচ হিসেবে দ্বিতীয় দফা বাংলাদেশে আসা হোয়াটমোর শিষ্যদের অনুপ্রাণিত করছেন নিজের সাবেক দলটার উত্থান থেকেই। পড়ে পড়ে মার খাওয়া সেই বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে লড়াই করে। টানা তিনটি ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে তিন পরাশক্তির বিপক্ষে। নিজের প্রথম লক্ষ্য হিসেবে তাই বললেন জয়ের কথাই, ‘যদি আমরা জিতি, তবে বুঝতে হবে ভালো কিছু করেছি। আমরা যে ভালো দল, তা প্রমাণ করে বাংলাদেশ থেকে যেতে চাই। আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষের পরীক্ষা নিতে চাই।’
হারতে হারতে ক্লান্ত একটা দলকে টেনে তোলা কতটা কঠিন, হোয়াটমোরের চেয়ে ভালো বুঝবে কে! তবুও হতাশার মধ্যেই ইতিবাচক কিছু দেখতে পান বলেই তিনি ব্যতিক্রম, ‘আফগানিস্তানের বিপক্ষে কিছু ব্যক্তিগত ভালো পারফরম্যান্স ছিল। আমরা যে সব ম্যাচ হেরেছি, তা নয়। ওয়ানডে সিরিজটি শেষ হয়েছে ২-৩ ব্যবধানে। ধবলধোলাই ছিল না। টি-টোয়েন্টি দুটি হারলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশ দলের কাছ থেকেই তো প্রেরণা নিতে পারে জিম্বাবুয়ে। বললেন সে কথাও, ‘আলাদা করে কারও নাম নিতে চাই না। অনেক বছর আগে বাংলাদেশেরও একই রকম অবস্থা ছিল। আমাদের এখন যে অবস্থা তাতে দলীয় প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ। এক সঙ্গে সবার জ্বলে ওঠা জরুরি। মাঠ ও মাঠের বাইরে আমাদের এ বিষয়কে গুরুত্ব দিতে হবে।’
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র জিম্বাবুয়ে এ বছর কোনো টেস্ট খেলেনি। বরং বাংলাদেশের চেয়ে বেশি ওয়ানডে খেলেছে তারা। বাংলাদেশ যেখানে খেলেছে ১৫ ওয়ানডে, সেখানে জিম্বাবুয়ে ২৬টি। যদিও তারা জিতেছে মাত্র ৭টিতে। তবে এ সাত প্রতিপক্ষের মধ্যে পাকিস্তান, নিউজিল্যান্ডও রয়েছে। জুলাইয়ে ভারত হারতে হারতে কোনো মতে জিতেছিল! জিম্বাবুয়ের স্মরণীয় সব জয়ের নেপথ্যের কারিগর হোয়াটমোর। ফলে সাম্প্রতিক পারফরম্যান্স যতই খারাপ হোক, দলটার কোচ হোয়াটমোর—বাংলাদেশের ভাবনার কারণ হতে এ নামটাই যথেষ্ট।