বাংলাদেশের কাছে হারের পর পন্টিংয়ের সমালোচনার মুখে অস্ট্রেলিয়া

বাংলাদেশের স্পিন খেলতে পারেনি অস্ট্রেলিয়াফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার দৈন্যদশা নতুন নয়। বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারের আগেও টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে নিজের ঘরের মাঠে চেনা কন্ডিশনে পূর্ণ শক্তির দল নিয়েও টি-টোয়েন্টি সিরিজ হারার রেকর্ড আছে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর মনে হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস এসে ঠেকেছে তলানিতে।

বাংলাদেশ সিরিজ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। তবু রয়ে গেছে সিরিজ হারের রেশ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা করছেন হারের ব্যবচ্ছেদ। আজ যেমন রিকি পন্টিংও প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেটা নিয়ে নাকি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ধারণাই নেই।

পন্টিং এখনো বিশ্বাস করতে পারছেন না
ফাইল ছবি: এএফপি

এসইএন রেডিওতে টেস্ট দলের অধিনায়ক টিম পেইনের সঙ্গে কথোপকথনে বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বলেছেন, ‘এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং দক্ষতার ঘাটতি আবারও সর্বনাশ ডেকে এনেছে। এটা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই যদিও ভুগতে হয়েছে টেস্টে। শ্রীলঙ্কায় ও ভারতে অবশ্য আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে নিয়েছি কোনোভাবে।’

শুধু মিচেল মার্শ একটু লড়াই করেছেন
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন না মূল দলের ক্রিকেটাররা। চোটের কারণে স্টিভ স্মিথ বিশ্রামে আছেন। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা খেলেননি ‘পর্যায়ক্রমে বিশ্রাম’ নীতির কারণে। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিলেন না হাঁটুর চোটের কারণে। তবে পন্টিং মূল ক্রিকেটারদের অনুপস্থিতিকে অস্ট্রেলিয়ার ভরাডুবির কারণ মনে করেন না। তিনি এটিকে দেখছেন অস্ট্রেলীয় ক্রিকেট কাঠামোর ব্যর্থতা হিসেবে, ‘বাংলাদেশে হার প্রমাণ করে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে গভীরতা যতটা থাকা উচিত, তার ধারেকাছে নেই। কাজেই অনেক কাজ করতে হবে।’

আইপিএলে খেলবেন কামিন্সরা
ফাইল ছবি

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজই ছিল অস্ট্রেলিয়ার সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে অধিকাংশ অস্ট্রেলীয় ক্রিকেটার খেলবেন আইপিএলে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ প্রস্তুতি কতটা আদর্শ হলো, এ নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে সেটা আইপিএল দিয়ে পুষিয়ে দেওয়ার পক্ষে পন্টিং, ‘যারা তিন-চার মাস ধরে খেলছে না, তাদের ছন্দে ফিরতে হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে উঁচু মানের ক্রিকেট খেলে। বিশ্বকাপের একদম একই কন্ডিশনে তারা খেলবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। কোনো সন্দেহ নেই, এটিই হবে তাদের সেরা প্রস্তুতি।’