বাংলাদেশের কাছে হেরে শেষকৃত্য, এবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করল শ্রীলঙ্কা। ছবি: এএফপি
আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করল শ্রীলঙ্কা। ছবি: এএফপি
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে যৌথ সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবার টুর্নামেন্টে টিকে থাকল মাত্র তিন দিন। বাংলাদেশের পর এবার আফগানিস্তানের কাছেও হারল যাচ্ছেতাইভাবে। ৯১ রানের বড় ব্যবধানে হেরে নিতে হলো বিদায়।

শেষকৃত্য হয়ে গেলে আর কীই-বা বাকি থাকে? মৃত্যুবার্ষিকী পালন? গত বছর মার্চে বাংলাদেশের কাছে নিজ দেশে টেস্ট হারার পর শ্রীলঙ্কার ক্রিকেটের মৃত্যুঘোষণা করেছিল দেশটির জনপ্রিয় পত্রিকা দ্য আইল্যান্ড। শ্রীলঙ্কার ক্রিকেটে যে এর চেয়েও খারাপ দিন আসবে, তখন হয়তো ভাবতেই পারেনি তারা। কাল যে আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকেই বিদায় নিল টুর্নামেন্টটির ৫ বারের চ্যাম্পিয়নরা! এবার কী বলছে লঙ্কান মিডিয়া? কী বলছেন দেশটির সাবেক ক্রিকেট তারকারা?

লঙ্কান মিডিয়া যেন শোকে পাথর হয়ে গেছে। বাংলাদেশ তার শততম টেস্টে পি সারা ওভালে নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায়। সেই টেস্টের পরদিন শ্রীলঙ্কান ক্রিকেটের এলিজি লেখে দ্য আইল্যান্ড: শ্রীলঙ্কান ক্রিকেট, ২০১৭ সালের ১৯ মার্চ ওভালে মারা গেছে, তার প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা। গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ‘ওভালে ২০১৭ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কার ক্রিকেটের মৃত্যু হয়েছে। বন্ধু ও সুহৃদেরা এই মৃত্যুতে গভীর শোকাহত। রেস্ট ইন পিস। বিশেষ দ্রষ্টব্য: শেষকৃত্য সম্পন্ন করে ছাই বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।’

ঠিকই ধরেছেন, ১৮৮২ সালে এমনই শোকগাথা ছাপা হয়েছিল ব্রিটিশ পত্রিকা স্পোর্টিং টাইমসে। ইংল্যান্ডের ক্রিকেটের মৃত্যুঘোষণা করা সেই এলিজি থেকেই পরে ‘অ্যাশেজ’ নামের শতবর্ষী লড়াইয়ের জন্ম। মৃত্যু ঘোষণার পরও ইংল্যান্ডের ক্রিকেট আবারও সগর্বে ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটেও সুদিন ফিরবে নিশ্চয়ই। কিন্তু হঠাৎ কী এমন হলো যে লঙ্কান ক্রিকেট এতটা বেপথু? সাঙ্গা-জয়াবর্ধনে, ভাস-মুরালিদের বিদায় এতটা শূন্যতা তৈরি করেছে, যা এখনো পূরণ করতে পারছে না শ্রীলঙ্কা?

কাল আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানে অলআউট হয়ে ৯১ রানে ম্যাচ হারার পর লঙ্কান মিডিয়া বাকরুদ্ধ। দ্য আইল্যান্ড যেমন ভাষা খুঁজে পাচ্ছে না শোক প্রকাশের। পত্রিকাটি শিরোনাম করেছে: ‘শ্রীলঙ্কান ক্রিকেটের আরও অধঃপতন: আফগানদের কাছে হেরে সাবেক চ্যাম্পিয়নদের এশিয়া কাপ থেকে বিদায়’। সেই খবরের শুরুতেই তারা লিখেছে: মঙ্গলবার আবুধাবির রাতটা ছিল শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বেদনার রাত। এক গর্বিত ক্রিকেট জাতি কীভাবে নিচু সারির দল আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল! পরপর দুই ম্যাচে ভয়াবহ পারফরম্যান্সের পর টানা পরাজয় হজম করা কঠিনই।’

বিস্ময়ের ব্যাপার হলো, কলম্বো টাইমস এ নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। পত্রিকাটির ছাপা সংস্করণ কেবল রবিবারে প্রকাশিত হয়। কিন্তু তাদের প্রতিদিনের অনলাইন সংস্করণেও এ নিয়ে কোনো খবর নেই।

দ্য পেপারে শিরোনাম করেছে: আফগানরা গড়ল ইতিহাস আর লঙ্কানরা বাড়ি ফিরল তিন দিনে। আর লঙ্কান ট্যাবলয়েড মিরর তাদের ম্যাচ রিপোর্টের ভাঁজে ভাঁজে এই তথ্যগুলো জুড়ে দিয়ে নিজেদের বিস্ময় প্রকাশ করেছে। কী করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল, যে আফগানদের কাছে আগে কখনো হারেনি শ্রীলঙ্কা।

পত্রিকাটির মন্তব্য, ‘দ্রুত ঘনিয়ে আসছে বিশ্বকাপের আসর, সামনে কঠিন কিছু ম্যাচও আছে। শ্রীলঙ্কাকে এখন আত্মানুসন্ধান করে ঘুরে দাঁড়াতে হবে, যদি ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের হাস্যাস্পদ করে তুলতে না চায়। নাকি এরই মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে।’