বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া সাত ম্যাচ

এ পর্যন্ত বহু স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। তবে কিছু কিছু জয় বাংলাদেশ ক্রিকেটের বাঁক হিসেবে কাজ করেছে। একেকটি ম্যাচ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছে এক ধাপ। নতুন প্রজন্মের ভেতর স্বপ্নের বীজ বুনে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়া সাতটি ম্যাচের কথাই বলব এ রচনায় ।
বলে নিই, প্রথম দিকে বাংলাদেশে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেত না। উদাহরণ হিসেবে আমার ক্যারিয়ারের কথাই বলি। ১৯৮৮ থেকে ১৯৯৮—১০ বছরের ক্যারিয়ারে মাত্র ১৯টি ওয়ানডে খেলেছি। আমাদের সময়ে বছরে খেলতে পারতাম একটি কি দুটি ওয়ানডে। এ কারণে আমার দৃষ্টিতে সেই সেরা সাতটি ম্যাচের বেশির ভাগই টেস্ট স্ট্যাটাস-পরবর্তী যুগের। তবে অতীতকেও ভুলে গেলে তো চলবে না!
এক. আইসিসি ট্রফিতে হল্যান্ডকে হারানো
টেস্ট স্ট্যাটাস-পূর্ববর্তী সময়ের ম্যাচের কথা বলছে চট করে মাথায় আসে ১৯৯৭ আইসিসি ট্রফিতে বাংলাদেশ-হল্যান্ডের সেই ম্যাচটা। হল্যান্ড প্রথমে ব্যাট করে ১৭১ রানে অলআউট হলো। তবে হল্যান্ডের ইনিংসের পরই শুরু হলো বৃষ্টি। ৩৩ ওভারে আমাদের লক্ষ্য দাঁড়াল ১৪১ রান।
১৫ রানে হারিয়ে বসলাম ৪ উইকেট, ৮৬ রানে পড়ল ৬ উইকেট। এর পরও আমরা ম্যাচটা ৩ উইকেটে জিতলাম আকরাম খানের অপরাজিত ৬৮ রানের দারুণ এক ইনিংসের কল্যাণে। ওই ম্যাচটা জিতে আমরা চলে গেলাম পরের ধাপে। ওই জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল অনেকখানি। যার প্রভাব পড়েছিল পরের ম্যাচগুলোতেও। এরপর তো আইসিসি ট্রফিই জিতে গেলাম। তৈরি হলো বাংলাদেশের ক্রিকেটের নতুন ইতিহাস। আর খুলে গেল বিশ্বকাপে যাওয়ার দরজাটাও।
দুই. প্রথম ওয়ানডে জয়
এ ম্যাচটা কিছুতেই ভোলার নয়। বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়, রেকর্ড বইয়ে আমাদের উজ্জ্বল এক অধ্যায়। ১৯৯৮ সালের মে মাসে ভারতে গেলাম ত্রিদেশীয় সিরিজ খেলতে। ১৭ মে হায়দরাবাদে অনুষ্ঠিত সে ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৬ করল কেনিয়া।
আমার সঙ্গে সেদিন ওপেন করতে নামল মোহাম্মদ রফিক। দারুণ একটা শুরু এনে দিলাম দুজনে। উদ্বোধনী জুটিতেই ১৩৭ রান। ৪৭ রানের মাথায় আমি ফিরলাম রান আউটে কাটা পড়ে। তবে দারুণ এক ইনিংস এল রফিকের ব্যাট থেকে। ৮৭ বলে ৭৭ রান করা রফিকই মূল নায়ক সে ম্যাচের। বল হাতেও সে নিয়েছিল ৩ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা রফিক।

ওই জয়টা আমাদের আরেক ধাপ এগিয়ে দিল। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের চেনানো শুরু করলাম। এর আগে আমরা এশিয়া কাপ খেলেছিলাম বটে। তবে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিতে পেরেছিলাম ওই ম্যাচেই।
তিন. নর্দাম্পটনে পাকিস্তানকে হারানো
এত বার বলা হয়েছে, এ ম্যাচের কথা নতুন করে কী বলব! ১৯৯৯ বিশ্বকাপ, আমাদের প্রথম বিশ্বকাপ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করল ২২৩ রান। জবাবে পাকিস্তান গুটিয়ে গেল ১৬১ রান। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ হারিয়ে দিল তারকা সমৃদ্ধ পাকিস্তানকে। আলোড়ন সৃষ্টি হলো ক্রিকেট বিশ্বে। বাংলাদেশ ক্রিকেটে দেখা মিলল নতুন আলোক রেখার। ওই জয়টা আমাদের নিয়ে গেল স্ট্যাটাস পর্বে।
চার. কার্ডিফে অস্ট্রেলিয়া-বধ
টেস্ট স্ট্যাটাস-পরবর্তী যুগের কথা বললে যে ম্যাচটা চোখে ভাসে, কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো। তারায় ভরা অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিল। বিশ্ব ক্রিকেটে সেটা বড় ঝাঁকুনিই ছিল! আমার সৌভাগ্য, ধারাভাষ্যকার হিসেবে সেদিন মাঠে উপস্থিত ছিলাম। অস্ট্রেলিয়ার দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুল খেলেছিল অসাধারণ এক ইনিংস। আশরাফুলের সেঞ্চুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সেদিন দারুণ দলীয় প্রচেষ্টায় জিতেছিল বাংলাদেশ। রিকি পন্টিংয়ের দলের বিপক্ষে এত রান তাড়া করবে বাংলাদেশ, সেটা ছিল প্রায় অকল্পনীয়। সেদিন ক্রিকেটবিশ্ব বার্তা পেল, বাংলাদেশ আসছে! এরপর আমরা বড় বড় দলের বিপক্ষে বেশ কয়েকটা জয়ে প্রমাণ করতে থাকলাম, হুট করে সেদিন জিতিনি আমরা। এটা আমাদের উন্নতির এই বার্তা।
পাঁচ. বিশ্বকাপে ভারতকে হারানো
২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতকে হারানোর সেই সুখস্মৃতি আজও দোলা দেয় মনে। যদিও এ ম্যাচটাও বহুল আলোচিত। ওই পরাজয়ে ভারত বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ে। টেন্ডুলকার-সৌরভদের মতো তারকা সমৃদ্ধ ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে অনায়াসে পেরিয়ে গিয়েছিল আমাদের তরুণ দলটা। ক্রিকেটবিশ্বের মানচিত্রে অন্যভাবে জায়গা করে নিল বাংলাদেশ। পরে ওই টুর্নামেন্টে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিল বাংলাদেশ। সেটাও অনেক বড় অর্জন। তবে ভারতের বিপক্ষে জয়টা কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়।

ছয়. বাংলাওয়াশ! বাংলাওয়াশ!
ম্যাচ নয়, বলতে হবে পুরো সিরিজটার কথাই। ২০১০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডকে আমরা ধবলধোলাই করলাম। ওই সিরিজেই ‘বাংলাওয়াশ’ শব্দটা প্রথম উচ্চারণ করেছিলাম। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। ওই বাংলাওয়াশ ছিল আমাদের ক্রিকেটের অনেক বড় অর্জন। অপেক্ষাকৃত শক্তিশালী দলকে ধবলধোলাই করার ধারণা সেবারই প্রথম পেল বাংলাদেশ। এখন যে বদলে যাওয়া বাংলাদেশকে দেখছি, সেটির সূত্রপাত কিন্তু ওখান থেকেই।
সাত. স্বপ্নের মতো এক বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে বাংলাদেশ এমন দুর্দান্ত খেলবে, কে ভেবেছিল! তবে পুরো বিশ্বকাপে বাংলাদেশের সেরা ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডকে হারিয়ে সেদিন বাংলাদেশ গড়ল আরেক ইতিহাস। প্রথমবারের মতো নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনাল। গোট জাতি নেচে উঠল আনন্দে। মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরে ম্যাচটা ঘুরিয়ে দিল রুবেল হোসেন। দুটো দারুণ স্পেল শেষ করে দিল ইংলিশদের স্বপ্ন। বিশেষ করে ডেথ ওভারে রুবেলের দারুণ পারফরম্যান্স, এক কথায় অসাধারণ! বাংলাদেশ ক্রিকেটবিশ্বকে বার্তা দিল, আমাদের হালকাভাবে নিও না! সে আত্মবিশ্বাসের প্রভাব দেখা গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। এত দীর্ঘ সময় ধরে দারুণ পারফরম্যান্স আগেও কখনো দেখা যায়নি। এ সময়ে অনেক নতুন নতুন পারফর্মার পেয়েছে দল। তরুণ প্রতিভাবানেরা নিজেদের প্রমাণ করেছে, সুযোগ পেলে তারাও জ্বলে উঠতে পারে, দলে অবদান রাখতে পারে।
এই সাতটির বাইরেও ২০০৪ সালে ভারতকে হারানোটাও ছিল গুরুত্বপূর্ণ। এ ছাড়া রাখতে হবে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাও। তার আগে ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতেই ওয়ানডেতে আমরা ইংলিশদের হারিয়েছিলাম। এ ছাড়া ২০১২ এশিয়া কাপে ভারতকে হারানোর কথাও বলতে হবে। এ ছাড়া রাখতে হবে ২০১৩ সালে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশও। তবে আমার মতে ওই সাতটি ম্যাচ, বা ওই সাতটি অধ্যায় বাংলাদেশের ক্রিকেটকে বদলে দিয়ে নিয়ে গেছে আরেক উচ্চতায়।
আগামীকাল পড়ুন আতহার আলী খানের কলাম: বাংলাদেশকে বদলে দেওয়া সেই সব ইনিংস।
আপনার চোখে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া ম্যাচগুলোর কথা নিচের মন্তব্যে জানান।