স্কটল্যান্ড মানেই সুখস্মৃতি
বাংলাদেশের ক্রিকেটে স্কটল্যান্ড এক সুখস্মৃতির নাম।
যে সুখস্মৃতির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকাপ।
বিশ্বকাপে লাল-সবুজের পতপত ওড়া নিশ্চিত হয়েছিল এই স্কটল্যান্ডকে হারিয়েই। ১৯৯৪ আইসিসি ট্রফিতে স্বপ্নভঙ্গের পর ১৯৯৭ সালে মালয়েশিয়ায় পরের আসরে বাংলাদেশের স্বপ্ন পূরণ। যেটির দিকে পেছন ফিরে তাকালে ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা জেতার সেই ম্যাচটাই মনে পড়ে সবার আগে। তবে তাতে হেরে গেলেও এমন কোনো সর্বনাশ হয়ে যেত না। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ পেয়ে গিয়েছিল বিশ্বকাপের টিকিট। ফাইনালে জয় শুধু সেই আনন্দকে পূর্ণতা দিয়েছিল।
ক্রিকেট সাফল্যে রাস্তায় মিছিল বেরিয়ে পড়াটা বাংলাদেশে এখন প্রথাই হয়ে গেছে। এটির শুরুও স্কটল্যান্ডের বিপক্ষে ওই জয় দিয়েই।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সুখস্মৃতির সঙ্গেও জড়িয়ে স্কটল্যান্ডের নাম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এই স্কটল্যান্ডের বিপক্ষেই। পরে নর্দাম্পটনে পাকিস্তানকে হারানোয় সেই জয়ের মহিমা একটু ম্লান হয়ে যায়। তবে ‘প্রথম’-এর একটা আলাদা তাৎপর্য তো থাকেই। যেটি কোনো দিনই হারানোর নয়।
স্কটল্যান্ডের ক্রিকেটেও বাংলাদেশ এক সুখস্মৃতির নাম।
ওয়ানডেতে টেস্ট খেলুড়ে কোনো দেশকে হারানো হয়নি এখনো। আন্তর্জাতিক ম্যাচে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে স্কটল্যান্ডের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই। ২০১২ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে বাংলাদেশের ইউরোপ সফরের ‘কলঙ্ক’ হয়ে আছে যে ম্যাচ। হল্যান্ডের হেগে টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের কাছে ৩৪ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। মাত্র ৫৮ বলে ১০০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন রিচি বেরিংটন।
এই বিশ্বকাপেও আছেন ওই ওপেনার। বিশ্বকাপে আবার বাংলাদেশকে সামনে পেয়ে তাঁর সেই স্মৃতি রোমন্থন করাটাই স্বাভাবিক। স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেনও বাংলাদেশের বিপক্ষে তাঁদের সুখস্মৃতি আছে বলে মনে করিয়ে দিলেন। টি-টোয়েন্টি আর ৫০ ওভারের ক্রিকেট যে আলাদা, সেটিও অবশ্য যোগ করলেন সঙ্গে।
স্কটল্যান্ড থেকে বিশ্বকাপ কাভার করতে এসেছেন মাত্র দুজন সাংবাদিক। তাঁরাই উৎসাহভরে বলছিলেন, ফিকশ্চার চূড়ান্ত হওয়ার দিন থেকেই বিশ্বকাপে প্রথম জয়ের জন্য আফগানিস্তান ম্যাচটিকে টার্গেট করেছিল স্কটল্যান্ড। আর টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে জিততে জিততেও হেরে গেছে স্কটল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে তাই এই বিশ্বকাপ থেকে কোনো কিছু পাওয়ার সর্বশেষ সুযোগ হিসেবেই দেখছে স্কটিশরা।
বাংলাদেশে ক্রিকেট যেমন এক উন্মাদনার নাম, জনপ্রিয়তার বিচারে সেটি স্কটল্যান্ডের তিন-চার নম্বরেও আসে না। জনমানসে ক্রিকেটের জোরালো কোনো আবেদনই নেই। এই বিশ্বকাপে ভালো কিছু করলে সেটি ক্রিকেটের মরা গাঙে হয়তো একটু ঢেউ তুলবে। বিশ্বকাপে আসার আগেই অধিনায়ক প্রেস্টন মমসেন নিজেদের ওপর বাড়তি দায়িত্বের কথাটা বলে এসেছেন দেশে, ‘এখন স্কটল্যান্ডে ৬০ হাজার ক্রিকেটার আছে। আমরা বিশ্বকাপে যাচ্ছি সংখ্যাটা আরও ৬০ হাজার বাড়াতে।’
বাংলাদেশের ক্রিকেটাররা এ দিক থেকে নিজেদের ভাগ্যবান ভাবতে পারেন। স্কটিশদের মতো নিজেদের দেশে খেলাটির প্রসারের দায়িত্ব নিতে হচ্ছে না তাঁদের। কাল দুপুরে স্যাক্সটন ওভালের প্রেসবক্সে বাংলাদেশের বিপক্ষে জয় স্কটল্যান্ডের ক্রিকেটের জন্য কী সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে, স্কটিশ সাংবাদিক সবিস্তারে তা ব্যাখ্যা করছিলেন। সেই জয়ের জন্য চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না স্কটল্যান্ড দল। বাংলাদেশের খেলোয়াড়দের শক্তি-দুর্বলতার জায়গাগুলো আরও ভালো করে বুঝতে শেন জার্গেনসনকে ভেড়ানো হয়েছে দলের সঙ্গে। যেটিকে মমসেন বলছেন, ‘ক্লেভার মুভ’। সাকিব আল হাসান অবশ্য বছর খানেক আগেও বাংলাদেশ দলের কোচ থাকা জার্গেনসনের স্কটল্যান্ড শিবিরে যোগ দেওয়াটাকে কোনো পাত্তাই দিচ্ছেন না। বরং ব্যঙ্গের সুরে বলছেন, ‘এখন এত খেলা হয় যে বিশ্ব ক্রিকেটে সবাই সবার সম্পর্কে জানে। আর প্ল্যান করেই যদি সব করা যেত, তাহলে তো মাঠে খেলারই দরকার পড়ত না।’
স্কটল্যান্ড দল সম্পর্কে বাংলাদেশ খুব ভালো জানে না বলে এটিকে তাঁর দলের সুবিধার দিক হিসেবে দেখাতে চেয়েছেন স্কটিশ অধিনায়ক। এখানেও সাকিবের চিন্তা খুব পরিষ্কার, ‘ওরা কী করবে, এটা নিয়ে না ভেবে আমরা কী করব এটাই ভাবা উচিত। আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারলে আমরাই জিতব।’
এই ম্যাচের আগে সাকিব একটা ‘দুঃসংবাদ’ পেয়েছেন। ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। র্যাঙ্কিং নিয়ে খুব একটা ভাবেন-টাবেন না বলে দাবি করেন, তবে নিজের গর্বের এই জায়গাটা হারিয়ে ফেলার একটা দুঃখবোধ নিশ্চয়ই ছুঁয়ে যায়। অবশ্য গোলমেলে এই র্যাঙ্কিং সাকিবকে এর আগেও এই অভিজ্ঞতা উপহার দিয়েছে। হারানো সিংহাসন ফিরে পেতে একটু স্বরূপে জ্বলে উঠলেই হবে, সেটি তাঁর ভালোই জানা।
সাকিবের জন্য নতুন অভিজ্ঞতা বলতে নেলসন। সন্ধ্যা নামতেই সুনসান হয়ে পড়া ছোট্ট এই শহরে আসার পর থেকে বিশ্বকাপে আছেন বলেই মনে হচ্ছে না তাঁর। ক্যানবেরা-ব্রিসবেন-মেলবোর্নে প্রবাসী বাংলাদেশিদের ভিড় দেখে আসার পর এখানে এসে তেমন কারও দেখা না পাওয়াটাও তাঁকে একটু আশ্চর্যই করেছে।
আগামীকাল স্যাক্সটন ওভালের গ্যালারি এই বিশ্বকাপে নতুন এক অভিজ্ঞতাই উপহার দেবে বাংলাদেশকে।
মুখোমুখি বাংলাদেশ–স্কটল্যান্ড
ম্যাচ বাংলাদেশ স্কটল্যান্ড
মোট ৩ ৩ ০
বিশ্বকাপে ১ ১ ০
৪৪
ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দিয়েছে স্কটল্যান্ড, ১৯৯৯ বিশ্বকাপে।
৩
মাশরাফি, সাকিব ও মুশফিক—বাংলাদেশের বিশ্বকাপ দলের তিনজনই খেলেছেন স্কটল্যান্ডের বিপক্ষে
১
স্কটল্যান্ড বিশ্বকাপ দলের মাজিদ হকই শুধু এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বাংলাদেশ-স্কটল্যান্ডের তিনটি ওয়ানডেতেই ছিলেন গ্যাভিন হ্যামিল্টন