বাংলাদেশের ক্রিকেটের আরেকটি সোনালি অর্জন!

তুমুল বৃষ্টিতেও উৎসাহ এতটুকু কমেনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ঠাসা হাজার হাজার দর্শকের। লাল-সবুজ রঙে মুখ রাঙিয়ে, বাঘের গর্জন তুলে বৃষ্টিতে কাকভেজা হয়েও অধীর অপেক্ষায় থেকেছে বাংলাদেশের জয় দেখবে বলে। স্টেডিয়ামের সীমানা ছাড়িয়ে সে প্রতীক্ষা সংক্রমিত হয়েছে গোটা দেশেই। বৃষ্টি খানিকটা রসিকতা করলেও সে অপেক্ষার অবসান হয়েছে। নয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
জিতলে সিরিজ জয়, হারলে সিরিজ হার—এমন সমীকরণ থাকা ৯টি ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটিতে। কিন্তু সময়টা যে বাংলাদেশের। এসব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেই সিরিজ পকেটে পুরে নিল মাশরাফি বিন মুর্তজার দল।
দুদিন আগেও এ জয়কে যারা ‘উচ্চাশা’ বলেছিলেন, তারা এখন বলতেই পারেন, জয়টা বাংলাদেশের পাওনাই ছিল! পরাজয়ের ব্যবধান নয় উইকেটে বলে নয়, তামিম-সৌম্যরা প্রোটিয়া বোলারদের দোর্দণ্ড প্রতাপে শাসন করেছেন বলে নয়; গত একটি বছর যে দল ঘরের মাঠে সিরিজ হারে না, যে দল পাকিস্তান-ভারতকে অনায়াসে হারিয়ে দিতে পারে, তাদের জন্য এ জয় প্রাপ্যই।
দলটার নাম যতই দক্ষিণ আফ্রিকা হোক, যতই এ দলে হাশিম আমলা, ‘কিলার’ মিলার, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসি, মরনে মরকেলের মতো তারকারা থাকুন না কেন; নামগুলো যে কিছুই নয়, প্রমাণ করেছে দুরন্ত বাংলাদেশ। মাশরাফিরা বুঝিয়েছেন, প্রতিপক্ষ যতই মহা পেশাদার-মহাশক্তিশালী হোক না কেন; উত্তুঙ্গ আত্মবিশ্বাসী এ বাংলাদেশের কাছে কিছুই এখন অনতিক্রম্য নয়। মাশরাফিরা প্রমাণ করেছেন, ২২ গজের লড়াইয়ে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোনার আখরে লিখতে পারে ইতিহাস। যে ইতিহাস বহু কাল পরেও আপ্লুত করবে বাংলাদেশকে আর বুকটা ধক করে উঠবে প্রতিপক্ষের!
ভারত-পাকিস্তানের মতো ক্রিকেট শক্তির বিপক্ষে টানা দুটি সিরিজ জয়ে শ্রদ্ধার সঙ্গেই বাংলাদেশকে দেখছে দক্ষিণ আফ্রিকা, এ কথা সিরিজের শুরু থেকেই প্রোটিয়া খেলোয়াড়েরা বলে আসছেন। তবুও তা নিয়ে প্রশ্ন ছিল। বিশেষ করে দুটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে জেতার পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের শরীরি ভাষাই বলছিল, ‘আমাদের হারানো এত্ত সোজা’!
অবশ্য তাদের এমন ভাবনাও অমূলক নয়। যে দলটি ৭২টি দ্বিপক্ষীয় সিরিজের ৪৯টিই জিতেছে, হেরেছে মাত্র ১৮টি। তা-ই নয়, গত দশটি সিরিজের মধ্যে প্রোটিয়ারা জিতেছে আটটিতেই। ২০১৩-এর ডিসেম্বর থেকে ২০১৪-এর অক্টোবর—এ সময়ে জিতেছে টানা পাঁচটি সিরিজ। ক্রিকেট বিশ্বের সেরা দুটি দলের নাম বললে অবধারিতভাবে রাখতে হবে দক্ষিণ আফ্রিকার নাম। সেই দলটিকেই বিক্রমের সঙ্গে হারিয়ে উৎসবের আগেই উৎসবের উপলক্ষ এনে দিল লাল-সবুজের দল।
স্মরণীয় অনেক সিরিজ জয়ই আছে বাংলাদেশের। তবে নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার মতো মহাশক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে এ সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সোনালি অর্জন!